আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, সোমবার বৈঠক প্রধানমন্ত্রীর সাথে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে রোববার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অন্যদিকে জামায়াত-এনসিপির ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপির সভাপতি অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলা লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

    হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার বিকেলে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে মি. বাবুনগরী তাঁকে স্বাগত জানান। পরে তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

    এই বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশে ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস, কুরআন-সুন্নাহ'র সঙ্গে সাংঘর্ষিক কোন আইন পাস না করা এবং শাপলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন ও চব্বিশের জুলাই-অগাস্টের হত্যাকাণ্ডের বিচারসহ বিএনপি সরকারের কাছে নয় দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

    পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমি একজন মুসলমান এবং এটা মুসলিম রাষ্ট্র। কাজেই ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড, কুরআন-সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ড অতীতেও আমাদের সরকারের আমলে হয় নাই, ইনশাল্লাহ সেটা আমার সরকারের আমলেও হবে না।"

    বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

  2. মমতা ব্যানার্জীর গাড়িতে কাদা নিক্ষেপ, প্রাণঘাতী হামলার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

    পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন, উত্তর ২৪ পরগনায় এক তৃণমূল কর্মী পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রবিবার ব্যারাকপুরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

    মমতা ব্যানার্জী বলেন, "পুলিশের সামনেই দুষ্কৃতিরা আমার গাড়িতে বড় বড় পাথর ছুড়েছে। গাড়ির ওপর হামলা এতটাই ভয়াবহ ছিল যে, কাঁচ খোলা থাকলে আমার মাথা ফেটে যেত।"

    ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন লোক একটি যানবাহনে আঘাত করছে, সেটিতে কাদা ছুড়ছে এবং পুলিশ তাদের থামানোর চেষ্টা করছে।

    ভিডিওটিতে দেখা যায়, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চালকের পাশের আসনে বসে আছেন।

    তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাগরিকা ঘোষ ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং জঙ্গলরাজ প্রতিষ্ঠিত হয়েছে।

    এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "কোনো সাবেক মুখ্যমন্ত্রীর দিকে কাদা বা চটি ছোঁড়াকে বিজেপি সমর্থন করে না। এতে কোনো বিজেপি কর্মী জড়িত ছিল না।"

    পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর, বেশ কয়েকজন তৃণমূল নেতা আক্রমণের শিকার হয়েছেন।

    তৃণমূল কংগ্রেস এসব হামলায় বিজেপি কর্মী ও নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলেছে। তবে বিজেপি এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে দাবি করেছে যে, এটি ছিল সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।

  3. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, সোমবার বৈঠক প্রধানমন্ত্রীর সাথে

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে রোববার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি ।

    তবে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের শুধু এতটুকুই জানিয়েছেন যে, আগামীকাল অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই দুই দেশের মধ্যে রোববারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

  4. গাজার জন্য ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

    তিনি স্পষ্টভাবে বলেছেন, “হামাসকে সম্পূর্ণ ও সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে সরে যাবে না”।

    তবে হামাস বলেছে, ইসরায়েল সব ধরনের আগ্রাসন বন্ধ করে গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করার শর্তেই তারা ভারী অস্ত্র হস্তান্তর করবে।

    রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েল ১৫ দফা প্রস্তাবনা প্রত্যাখ্যান করছে”।

    গত মাসে হামাস গাজা নিরস্ত্রীকরণ পরিকল্পনা গ্রহণের কথা জানানোর পর ট্রাম্প এটিকে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছিলেন।

    তবে নেতানিয়াহু বলেন, “গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। এটি কোনো কাল্পনিক নিরস্ত্রীকরণ হতে পারে না”।

    তিনি বলেন, কীভাবে সামনে এগোনো যায়, তা নিয়ে তিনি এখন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

    ইসরায়েলে নির্বাচন হওয়ার আর মাত্র কয়েক মাস বাকি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী কোনো ছাড় দিতে চাইবেন, এমন সম্ভাবনা কম।

  5. কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: তারেক রহমান

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ না পায়। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের মতো চলে যাবে, কিন্তু দিনশেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ।

    রোববার চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি সরকার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানিসহ সার্বিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করবে। বিরোধী দল বা অন্য কারও যদি কোনো পরিকল্পনা থাকে, তা জনগণের সামনে উপস্থাপন করুন”।

    “কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং জনগণের শান্তি নষ্ট করবেন না। দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশি সময় আগে; এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’, যোগ করেন তিনি।

    এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।

    বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

  6. জুলাই জাদুঘর থেকে ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

    জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শন করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক দাবি সেখানে থাকা মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন।

    রোববার জাদুঘর দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।

    জাদুঘরে থাকা ভাস্কর্য প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “ফ্যাসিবাদের সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি - সেটি হলো ভাস্কর্যবিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, রাষ্ট্রীয় স্থাপনায় মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী মানুষের ভাস্কর্য থাকতে পারে না। সে জায়গা থেকে শাপলা চত্বরের শহিদদের মুখাবয়ব বাদ দিয়ে তাদের স্মৃতি ও ঘটনাকে চিত্রিত করার পরামর্শ দিচ্ছি”।

    এই জাদুঘরে বিভিন্ন ঘটনা বাদ পড়েছে অভিযোগ করে তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলের বড় আন্দোলনগুলোর একটি ২০২১ সালের মোদীবিরোধী আন্দোলন। সেই আন্দোলনেরও উল্লেখযোগ্য কোনো স্মৃতি এখানে সংরক্ষিত হয়নি। অথচ সেই সময়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো আমাদের মাঝে জীবন্ত ইতিহাস হয়ে রয়েছেন”।

    এছাড়াও সীমান্তে ফেলানি হত্যার স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনের বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ রাখা, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের ঘোষণার পরের হত্যাকাণ্ড ও ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতি না রাখা নিয়ে ক্ষোভ জানান বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।

  7. সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

    বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।

    রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।

    সাবেক বিচারপতি মি. হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

    এর আগে পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গত ৩০শে মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এভাবে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে গত ১৩ই মে রিট করা হয় মি. হকের পক্ষ থেকে।

    গত বছরের ২৪শে জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

    এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় গত ২৮শে এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখে আপিল বিভাগ।

  8. গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দেশে আরও ছয়জনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    রোববার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৭৫ জনের মৃত্যু হয়েছে।

    এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৮। এই সময়ে ৯৩৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪২টি শিশু।

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ জন, ঢাকা বিভাগে ২ জন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।

  9. সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে অভিনেতা ডন আটক

    বাংলাদেশের জনপ্রিয় চলচিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

    তিনি জানান, ডন হক সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার জন্য রোববার বিমান বন্দরে আসে। সে সময় ইমিগ্রেশনে পার হতে যায় মি. হক। তার পাসপোর্টটি লক থাকার কারণে তাকে আটকে দেওয়া হয়।

    ওসি মি. তালুকদার জানান, তার বিরুদ্ধে রমনা থানায় মামলা থাকার কারণে তার পাসপোর্টের তথ্য আগে থেকেই ইমিগ্রেশন পুলিশের কাছে ছিল।

    বিমানবন্দর থেকে আটকের পর ডন হককে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

    ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে ঢাকায় তাঁর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার পরিবার এবং ভক্তদের অনেকেই দাবি করছিলেন যে তাকে হত্যা করা হয়েছে।

  10. রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

    বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।

    রোববার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

    এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    এছাড়া ১৩ই অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ই অগাস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইকরা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট।

    এদিকে, জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে রোববার প্রার্থী ঘোষণা করা হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে।

    রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই শেষে আগামী ১৮ই অগাস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

    পরবর্তীতে আগামাী ২০শে অগাস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

    নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে।

    এই ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

  11. রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে প্রার্থী ঘোষণা করল জামায়াত-এনসিপির জোট

    রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অলি আহমদকে প্রার্থী করার কথা জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    অলি আহমদ ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পাটি - এলডিপির চেয়ারম্যান।

    রোববার দুপুরে ঢাকায় ১১ দলীয় জোটের নেতারা রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের জন্য আনুষ্ঠানিক বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান জোটের আরেক শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

    তফসিল অনুযায়ী প্রার্থী মনোনয়ন দাখিল করতে হবে আগামী ১৩ই অগাস্টের মধ্যে, আর ভোটগ্রহণ হবে ২০ শে অগাস্ট।

    সাবেক সামরিক কর্মকর্তা অলি আহমদ একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৯১ সালের বিএনপি সরকারের সাবেক মন্ত্রী।

    দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর ২০০৬ সালে অলি আহমদ দল থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি নামে নতুন দল গঠন করেন।

    এদিকে, গত ২৪শে জুলাই নিজের মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিলো, রাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রার্থী দেবে না।

    সেসময় কারণ হিসেবে বলা হয়েছিলো প্রার্থী দেয়া হলেও জয়ী না হওয়ার সম্ভাবনার কথা। কারণ সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির। ফলে তাদের সমর্থনের বাইরে কার্যত: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই।

    আরো পড়তে পারেন:

  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে