রোববার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আগারগাঁওয়ের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় এই মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
- এদিন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এলডিপি নেতা অলি আহমদকে প্রার্থী করার কথা জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
- হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষ কোনো বক্তব্য দেয় নি। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দিনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ না পায়।
- বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
- বাংলাদেশের জনপ্রিয় চলচিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
- পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন, উত্তর ২৪ পরগনায় এক তৃণমূল কর্মী পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রোববার ব্যারাকপুরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, “হামাসকে সম্পূর্ণ ও সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে সরে যাবে না”।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।











