কমবে বৃষ্টির পরিমাণ, সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরমের মাত্রা
গত কয়েকদিনের তুলনায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ কম থাকবে।
বুধবার দুপুর ১২টার দিকে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্ষাকাল যেহেতু, তাই বৃষ্টি কিছুটা থাকবে। কিন্তু আগামী ৩০-৩১শে অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে।
তিনি আরও বলেন যে এই সময়ের মাঝে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
লঘুচাপের কারণেই “গরমের মাত্রা একটু বেড়েছে এবং কয়েকদিনে আরও বাড়বে।”
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে, ৩৬ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরে, ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।