আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির উদ্বেগ প্রকাশ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচকে ঘিরে চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে। দেশের অনেক জেলায় আইনজীবীদের কর্মবিরতি পালন। সার্বক্ষণিক সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়:

সরাসরি কভারেজ

  1. সাবেক এমপি সোলায়মান সেলিম ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে

    গত পহেলা সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমকে চার দিনের ও খাদ্যমন্ত্রী অ্যাডোভোকেট কামরুল ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    আজ বুধবার তাদেরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত থেকে এই আদেশ দেওয়া হয়।

    ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সোলায়মান সেলিমকে গত ১৪ই নভেম্বর গভীর রাতে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    গত ১৮ই নভেম্বর খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি।

  2. চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত

    চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়।

    এতে ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

    জানাজার আগে উপস্থিত আইনজীবী নেতারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

    জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ বলেছেন, “আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

    মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়।

    সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

  3. সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিন দিনের রিমান্ডে

    আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় নতুন করে তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে।

    এর আগেও তিনি একাধিক মামলায় একাধিকবার রিমান্ডে ছিলেন।

    গত ১৪ই অগাস্ট নৌপথে পালানোর চেষ্টা করলে ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছিলেন।

    নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছিলো পুলিশ।

  4. চট্টগ্রামে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭ জন

    চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ঘিরে চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

    আটকের বিষয়টি আজ বুধবার সকালে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার রইছ উদ্দিন।

    তিনি জানান, গতকাল রাতভর চট্টগ্রামের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে তাদেরকে আটক করা হয়েছে।

    “তারা এখন কোতোয়ালী থানা হাজতে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরকে গ্রেফতার দেখানো হবে,” বলেন তিনি।

    গতকালের ওই সংঘর্ষে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

    রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার ঢাকা থেকে গ্রেফতারের পর চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুরে মহানগর আদালতে তার জামিনের শুনানির সময় নির্ধারিত ছিল। তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।

    সার্বক্ষণিক সব খবর তাৎক্ষণিকভাবে আপডেট পেতে লাইভ পাতায় যুক্ত থাকুন। এছাড়া আরও খবর রয়েছে বিবিসি বাংলার মূলপাতায়: