আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতি বাংলাদেশের, চট্টগ্রামের নিহত আইনজীবী 'প্রিয় দলীয় সহকর্মী' দাবী জামায়াতের আমীরের

চট্টগ্রামে চিন্ময়ের মুক্তির দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু। সংবিধানে উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতির বিধানসহ ৬২ জায়গায় সংশোধন চায় বিএনপি। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, কলকাতায় বিক্ষোভ। শাপলা চত্ত্বরের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের অভিযোগ।

সরাসরি কভারেজ

  1. রিমান্ড শেষে জ্যাকব ও কামরুলকে কারাগারে পাঠানোর আদেশ

    রিমান্ড শেষে ভোলা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

    আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেয়।

    গত পহেলা অক্টোবর মধ্যরাতে সাভার থানার একটি মামলায় গুলশান-১ থেকে আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করা হয়েছিলো। এবং, গত ১৮ই নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কামরুল ইসলামকে গ্রেফতার করেছিলো।

    তাদের বিরুদ্ধে নতুন কোনও মামলা হয়নি। পূর্বের মামলায়ই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

  2. ট্রেনের ধাক্কায় কুমিল্লায় পাঁচজন অটোরিকশা যাত্রী নিহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাঁচজন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

    বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিবিসি বাংলাকে বলেন, নিহতদের মাঝে দু’জন নারীও ছিলেন।

    আজ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুরে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ওই পাঁচজনের সবাই একটি অটোরিকশাতেই ছিলেন। এর বাইরে আরও দু'জন আহত হয়েছেন।