সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যমুনায় বিএনপি-জামায়াতসহ চার দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাইলস্টোন স্কুলের ঘটনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। মাইলস্টোন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে প্রায় সারাদিন অবরুদ্ধ থেকে সন্ধ্যায় পুলিশ পাহারায় বেরিয়ে এসেছেন সরকারের দুই উপদেষ্টা।

সরাসরি কভারেজ

  1. শিক্ষার্থীদের ছয় দাবিকেই যৌক্তিক মনে করে অন্তর্বর্তী সরকার, প্রেস উইংয়ের বিবৃতি

    ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, আজ মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।”

    জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

    জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।

    শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

  2. বার্ন ইনস্টিটিউটের মর্গের তালিকায় দুই শিক্ষকের নাম

    বার্ন ইনস্টিটিউট
    ছবির ক্যাপশান, জাতীয় বার্ন ইনস্টিটিউট

    ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তাদের মধ্যে স্কুলটির দুইজন শিক্ষকও রয়েছেন।

    ইনস্টিটিউটের মর্গের ডেথ রেজিস্ট্রার থেকে এ তথ্য জানা গেছে।

    যদিও, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান মঙ্গলবার সকালের ব্রিফিংয়ে মৃত ২৭ জনের মধ্যে একজন শিক্ষকের কথা বলেছিলেন।

    ডেথ রেজিস্ট্রারে নাম থাকা দুই শিক্ষক হলেন মাহেরীন চৌধুরী ও মাসুকা বেগম।

    এর মধ্যে মাহেরীন চৌধুরী সোমবার রাত ৮ টা ৫০ মিনিটে এবং মাসুকা বেগম রাত ১২ টা ২০ মিনিটে মারা গেছেন বলে উল্লেখ রয়েছে।

    মঙ্গলবার সকালে মাসুকার পরিবারের সদস্যরা তার লাশ বুঝে নেন।

    এসময় তার খালাতো ভাই খালেকুজ্জামান সবুজ বিবিসি বাংলাকে জানান, ৩৭ বছর বয়সী মাসুকা স্কুলটির ইংরেজি মাধ্যমের শিক্ষিকা ছিলেন।

  3. উত্তরায় মুখোমুখি পুলিশ ও শিক্ষার্থীরা, দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ দুই উপদেষ্টা-প্রেস সচিব

    মাইলস্টোন স্কুল ও কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, মাইলস্টোন স্কুল ও কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

    অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করেছে।

    আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই অবস্থায় আছেন।

    ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে জানিয়েছেন, বেলা বাড়ার সাথে রাজউক উত্তরা মডেল কলেজেসহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়।

    দুপুরের দিকে একবার আইন উপদেষ্টা বেরিয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তখন শিক্ষার্থীরা তার ওপর চড়াও হয়।

    পুলিশ তখন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে এবং বিক্ষোভে বাধা দেয়।

    ওই সময় মাইলস্টোন ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা পুলিশের দিকে বোতল ছুঁড়ে মেরেছে।

  4. কুর্মিটোলায় বিধ্বস্ত বিমানের পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড, জানাজা

    বিধ্বস্ত বিমানের ফ্লাইট লেফটেন্যান্টের তৌকিরের ফিউনারেল প্যারেড
    ছবির ক্যাপশান, বিধ্বস্ত বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, ওই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হচ্ছে।

    ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

    ফিউনারেল প্যারেড হলো সামরিক বা আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা।

    সাধারণত কোনো সামরিক কর্মকর্তার মৃত্যুর পর এটি অনুষ্ঠিত হয়।

    ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জানাজা
    ছবির ক্যাপশান, জানাজায় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবারের সদস্যরা
  5. যে ছয় দাবিতে বিক্ষোভ করছে মাইলস্টোনের শিক্ষার্থীরা

    মাইলস্টনের শিক্ষার্থীদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

    ছয় দফা দাবিতে আজ মঙ্গলবার সকালে থেকে বিক্ষোভে নেমেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

    সেগুলো হলো—

    • নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ
    • আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ
    • শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া
    • নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া
    • বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা
    • বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা
  6. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

    তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

    এদিকে, এই ঘটনায় আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

  7. প্রশিক্ষণ কীভাবে কোথায় করতে হবে, তা নতুন করে দেখা দরকার: নৌ উপদেষ্টা

    নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
    ছবির ক্যাপশান, নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বার্ন ইউনিট পরিদর্শনে যান

    উত্তরার মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রশিক্ষণের স্থান ও ধরন নতুন করে বিবেচনা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

    মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

    মি. হোসেন বলেন, "ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, এ ধরনের ট্রেনিং কীভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।"

    "ঢাকা শহর তো ঘনবসতিপূর্ণ, যেকোনো কিছুতে অ্যাফেক্টেড হয়ে যায়," যোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

    সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে জানিয়ে নৌ উপদেষ্টা আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

  8. আইন ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোনে অবরুদ্ধ, সাথে আছেন প্রেস সচিবও

    মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল
    ছবির ক্যাপশান, মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল

    আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

    ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান এ তথ্য জানিয়েছেন।

    মূলত, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে দুই উপদেষ্টা যান মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে। তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

    শিক্ষার্থীরা তখন তাদেরকে উদ্দেশ করে "ভুয়া ভুয়া" স্লোগান দিতে শুরু করে।

    পরিস্থিতির চাপে পরে শেষমেষ দুই উপদেষ্টা তখনই দ্রুত স্কুলে আশ্রয় নেন।

    উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ, তারা এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেইসাথে শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।

    উল্লেখ্য, দুই উপদেষ্টা যাওয়ার মিনিট পাঁচেক পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন প্রেস সচিবও।

    জানা গেছে, তারা এখন ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মাঝে তারা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সেজন্য ইতোমধ্যে মাইকও আনা হয়েছে।

  9. দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত।

    আজ সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ তাদের বিচারিক কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। খবর বাসসের।

    আজ হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরুর আগেও এক মিনিট নীরবতা পালন করা হয়।

    দেশের সব অধস্তন আদালতেও এ নির্দেশনা পাঠানো হয়েছে।

    আজ ২২শে জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে আরও বলা হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

  10. মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

    ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন আইন ও শিক্ষা উপদেষ্টা
    ছবির ক্যাপশান, ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন আইন ও শিক্ষা উপদেষ্টা

    আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার আজ মঙ্গলবার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন।

    পরিস্থিতির চাপে পরে তারা শেষমেষ দ্রুত স্কুলে আশ্রয় নিয়েছেন।

    ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, দুই উপদেষ্টা এখনো স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি।

    আজ সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে তারা দু'জন ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ করে "ভুয়া ভুয়া" স্লোগান দেয়, যা এখনো চলছে।

    উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের রাগের অন্যতম প্রধান কারণ, তারা এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন।

    সেইসাথে, শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।

    দুই উপদেষ্টার সামনে বিক্ষোভ করে মাইলস্টোনের শিক্ষার্থীরা
    ছবির ক্যাপশান, দুই উপদেষ্টার সামনে বিক্ষোভ করে মাইলস্টোনের শিক্ষার্থীরা
  11. দিয়াবাড়িতে মাইলস্টোনের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ

    উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

    আজ মঙ্গলবার তারা ছয় দফা দাবিতে ওখানে বিক্ষোভ করছে।

    "আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও" স্লোগানে মুখরিত এখন ওই এলাকায়।

    শিক্ষার্থীদের ভাষ্য, নিহতদের সংখ্যা একশো'র বেশি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। তাই অবিলম্বে ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে।

    নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ, বিমান বাহিনীর ক্ষমা চাওয়ার দাবি আছে তাদের ছয়টি দাবির মধ্যে।

  12. হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় "বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে" বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    তারাবলেছে, “আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।”

    বিবৃতিতে বলা হয়, “এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।“

    “আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি, এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে,” বলা হয় বিবৃতিতে।

    প্রেস উইং আরও জানায়, নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।

  13. নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন

    প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান
    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

    আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

    সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

    এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

    তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত ছয় জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। এছাড়া পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  14. হতাহতের সর্বশেষ যে সংখ্যা জানালো আইএসপিআর

    আহত ও নিখোঁজ শিশুদের স্বজনরা হাসপাতালে ভিড় করেছেন
    ছবির ক্যাপশান, আহত ও নিখোঁজ শিশুদের স্বজনরা বিভিন্ন হাসপাতালে ভিড় করেছেন

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    সোমবার দিনগত মধ্যরাতে তাদের বিবৃতিতে ২০ জন নিহত ও ১৭১ জন আহতের তথ্য জানানো হয়েছে।

    বিবৃতি অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছে আট জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে আহত ৭০ জন ও সেখানে নিহত দুই জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিন জন ও নিহত একজন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে আহত ১৭ জন ও নিহত ১২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত একজন ও নিহত দুই জন, লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় আহত ১১ জন ও নিহত দুই জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন ও নিহত একজন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন।

  15. আজ রাষ্ট্রীয় শোক পালিত হবে বাংলাদেশে

    রাষ্ট্রীয় শোক উপলক্ষে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা
    ছবির ক্যাপশান, রাষ্ট্রীয় শোক উপলক্ষে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা

    রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

    গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।

    বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে
    ছবির ক্যাপশান, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে
  16. বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যা যা জানা যাচ্ছে:

    • আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
    • ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিমানটির পাইলটও মারা গেছেন।
    • নিহতদের মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সরকার। শনাক্ত হলে মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
    • স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এখনো অনেকের খোঁজ পায়নি পরিবার। সন্তানের ছবি হাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা।
    • উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
    • যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিমান বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি "উচ্চ পর্যায়ের" তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
  17. আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

    আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধার উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

    তারা জানায়, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত থাকবে। আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে, গতকাল স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষে ২০ জন নিহতের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে