মঙ্গলবার যা যা হলো:
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ক্ষেত্রে বিভেদ বা মতভিন্নতা নেই দলগুলো সরকারকে জানিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
- ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। মঙ্গলবার দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
- টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ৮ রানে সফররত পাকিস্তানকে হারিয়েছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন বাংলাদেশের জাকের আলী।
- বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সামাজিক মাধ্যমের গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন। দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার বিষয় নিয়ে লুকানোর বা গোপন করার কিছুই নেই।
- রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নয় ঘণ্টা আটকে থাকার পরে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশি প্রহরায় অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে এসেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় সারাদিনই আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় বের হয়ে আসেন তারা।
- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।
- সচিবালয় এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে। বুধবার সকালে নতুন খবর নিয়ে আবারও পাতাটি চালু করা হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।