সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যমুনায় বিএনপি-জামায়াতসহ চার দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাইলস্টোন স্কুলের ঘটনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। মাইলস্টোন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে প্রায় সারাদিন অবরুদ্ধ থেকে সন্ধ্যায় পুলিশ পাহারায় বেরিয়ে এসেছেন সরকারের দুই উপদেষ্টা।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা হলো:

    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ক্ষেত্রে বিভেদ বা মতভিন্নতা নেই দলগুলো সরকারকে জানিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
    • ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। মঙ্গলবার দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
    • টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ৮ রানে সফররত পাকিস্তানকে হারিয়েছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন বাংলাদেশের জাকের আলী।
    • বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সামাজিক মাধ্যমের গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন। দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার বিষয় নিয়ে লুকানোর বা গোপন করার কিছুই নেই।
    • রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নয় ঘণ্টা আটকে থাকার পরে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশি প্রহরায় অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে এসেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় সারাদিনই আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় বের হয়ে আসেন তারা।
    • শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।
    • সচিবালয় এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে। বুধবার সকালে নতুন খবর নিয়ে আবারও পাতাটি চালু করা হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. প্রধান উপদেষ্টার সাথে দলগুলোর বৈঠকে আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যু

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনেকটা হঠাৎ করে মঙ্গলবার রাতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।

    মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু-কিশোরসহ বহু শিক্ষার্থী হতাহত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক হলো।

    বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন যে, বৈঠকে ওই চারটি রাজনৈতিক দল সরকারকে এই বার্তা দিয়েছে যে ‘ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কোনো হতাশা বা টেনশনে থাকার দরকার নেই’।

    “দলগুলো দুটি বিষয় বলেছে। একটি হলো আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যেন আরও শক্ত অবস্থান নেই। আরেকটা হলো দ্রুত নির্বাচন প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া,” বলছিলেন তিনি।

    আসিফ নজরুল বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনায় সব দলই বলেছে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নের তাদের মধ্যে কোনো বিভেদ বা মত ভিন্নতা নেই।

    বৈঠকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

    বৈঠকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ''দেশের সাম্প্রতিক ঘটনাবলির পেছনে ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার ও বিশৃঙ্খলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র জোরালো হয়েছে।''

    ''আমরা চারটা দলই বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি- আমরা বলেছি যে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।''

    বৈঠকে অংশ নেয়া জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, ফ্যাসিবাদ যেন আবার মাথাচাড়া না দিতে পারে সেজন্য সবাই এক থাকবে এবং দলগুলো পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে কর্মসূচি দিবে।

    “সরকারকে বলেছি তারা যেন কঠোর হয়, আরও সমন্বিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেজন্য এখন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর দেয়া দরকার। নির্বাচনের আগেই যেন স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকে সেজন্য দৃষ্টি আকর্ষণ করেছি,” বলেছেন তিনি।

    এর আগে রাত নয়টায় বৈঠক শুরুর কথা জানিয়েছিলো প্রেস উইং।

    বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

  3. ৮ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

    টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ৮ রানে সফররত পাকিস্তানকে হারিয়েছে।

    এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ।

    খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন বাংলাদেশের জাকের আলী।

    শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান।

    ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩৩ রান করতে সমর্থ হয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন জাকের আলী।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান এবং এক পর্যায়ে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় তারা।

    কিন্তু ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিলো পাকিস্তান।

    শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিলো ১৩ রান আর বাংলাদেশের প্রয়োজন ছিলো মাত্র ১টি উইকেট।

    মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারের দ্বিতীয় বলে দানিয়াল আউট হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

  4. পাইলট তৌকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজশাহীতে দাফন

    ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম এর ফিউনারেল প্যারেড

    ছবির উৎস, Bangladesh Air Force

    ছবির ক্যাপশান, ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম এর ফিউনারেল প্যারেড

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামকে ফিউনারেল প্যারেড শেষে রাজশাহী জেলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

    এর আগে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ও তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

  5. চার দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন বলে তার প্রেস উইং জানিয়েছে।

    রাত নয়টায় এ বৈঠক শুরু হয়েছে।

    বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত হয়েছেন।

  6. ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় বেরোলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নয় ঘণ্টা আটকে থাকার পরে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশি প্রহরায় অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে এসেছেন।

    শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় সারাদিনই আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় বের হয়ে আসেন তারা।

    আজ সকাল দশটার পরপর তারা সেখানে গিয়েছিলেন কিন্তু এরপর তার বেরিয়ে আসতে পারেন নি।

    বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে আবার বাধার মুখে পড়েন তারা। বিক্ষোভের মুখে তখন তারা আবার ফেরত যেতে বাধ্য হয়েছিলেন।

    পরে পুলিশের উপস্থিতি সেখানে বাড়ানো হয়।

    যদিও দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে জটিল আকার ধারণ করে।

    বেলা বাড়ার সাথে রাজউক উত্তরা মডেল কলেজেসহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়।

    শেষ পর্যন্ত সন্ধ্যার পর পুলিশি প্রহরায় বের হয়ে আসেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব।

  7. যুদ্ধবিমান বিধ্বস্ত–উদ্ধার তৎপরতায় অনভিপ্রেত ঘটনা নিয়ে আইএসপিআর

    আইএসপিআর জানিয়েছে, প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করেছে।

    “উদ্ধার কার্যক্রম চলাকালীন, বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে, একদল উৎসুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে,” আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়।

    “সেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকবৃন্দ বারবার অনুরোধ করলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে, প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পায়।”

    বিবৃতিতে আরও বলা হয়, সেনাসদস্যগণ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উল্লেখ্য যে, এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ১৪ জন সেনাসদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  8. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

    এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।

    এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

    বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

    পুলিশসহ যৌথবাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

  9. ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে।

    দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে।

    দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র এদিন বিবিসিকে জানান, “আমরা আশা করছি দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক – যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।”

    তিনি আরও বলেন, “পাঠানো হচ্ছে মেডিক্যাল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন।”

    জানা যাচ্ছে, গতকালের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টারপার্টকে ফোন করেন এবং যে কোনও দরকারে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত, সে কথাও তাকে জানিয়ে দেন।

    সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানিয়ে দেন, এই সংকটে ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত’।

    এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সারাক্ষণই যোগাযোগ থেকেছে।

    ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল, বেশির ভাগ ভিক্টিমেরই শরীর পুড়ে গেছে – তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধে হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্স-সহ দু’জন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়।

    এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার ও নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি আছে বলে দু’দেশের কূটনৈতিক সূত্রই বিবিসির কাছে নিশ্চিত করেছে।

    ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বিগত প্রায় এক বছর ধরে একটা ‘কূটনৈতিক শৈত্য’ দেখা গেলেও সংকটের মুহুর্তে দুই দেশ যে মানবিকতার পরিচয় দিয়ে কাছাকাছি আসতে পারলো, পর্যবেক্ষকরা সেটাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

    বিমান দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিমান দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
  10. গাজায় ৭২ ঘণ্টায় অপুষ্টিতে ২১ শিশুর মৃত্যু

    গাজার শিফা হাসপাতালের পরিচালক বিবিসিকে জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় সেখানে ক্ষুধা ও অপুষ্ঠিতে ২১টি শিশু মারা গেছে।

    ডঃ মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, গাজার নয় লাখ শিশু এখন ক্ষুধায় ভুগছে। এর মধ্যে অন্তত ৭০ হাজার অপুষ্টিতে আক্রান্ত।

    নীচে গাজার সবশেষ পরিস্থিতির কয়েকটি ছবি দেয়া হলো:

    খান ইউনিসে ধোঁয়া দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খান ইউনিসে ধোঁয়া দেখা যাচ্ছে
    খান ইউনিসে পানির জন্য মানুষের লাইন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খান ইউনিসে পানির জন্য মানুষের লাইন
    আল শাতি শরনার্থী শিবিরের দৃশ্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আল শাতি শরনার্থী শিবিরের দৃশ্য
    শরনার্থীদের তাঁবু

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শরনার্থীদের তাঁবু
  11. সচিবালয় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল

    সচিবালয় এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

    বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

    জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ী ভাংচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

    এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।

  12. দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই, বললেন বিমান বাহিনী প্রধান

    বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সামাজিক মাধ্যমের গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন।

    দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    “তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিলো। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো,” বলেছেন তিনি।

    মি. খাঁন দাবি করেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলো বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন।

    “দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দিবেন না,” বলছিলেন তিনি।

    বিমান বাহিনী প্রধান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে-সেটিই এখন মূলক লক্ষ্য।

    “ক্রাশ সাইটে (দুর্ঘটনাস্থলে) অশান্তি বিরাজ করছে এটা দু:খজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। দুর্ঘটনা দুর্ঘটনাই”।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না।

    “দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিবো। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি,” বলেছেন তিনি।

    তিনি বলেন “প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে কিন্তু এই বিমানগুলো পুরনো নয়”।

  13. শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

    শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।

    দুপুরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ দাবিতে বিক্ষোভ শুরু করে।

    পরে তারা প্রথমে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে এসে সচিবালয়ের সামনে অবস্থান নেয়।

    শিক্ষার্থীদের অবস্থানের কারণে সচিবালয়ের প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

    বেলা আড়াইর দিক থেকে শুরু হওয়া এ বিক্ষোভে শিক্ষার্থীরা প্রশাসন বিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছিলো।

    প্রসঙ্গত, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার পর আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে সরকাররে দিক থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

  14. সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নার্স ঢাকায় আসছেন

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানিয়েছে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নার্স ঢাকায় আসছেন।

    এক প্রেস ব্রিফিং এ তিনি জানিয়েছেন, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নিবে।

  15. মাইলস্টোন স্কুল এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ছে

    সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বেশ কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

    এই অবস্থায় সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে।

    পুলিশের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে
    ছবির ক্যাপশান, পুলিশের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে
    বেলা তিনটার সময় নেওয়া ছবি
    ছবির ক্যাপশান, বেলা তিনটার সময় নেওয়া ছবি
    সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন
    ছবির ক্যাপশান, সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন
  16. বিমান দুর্ঘটনায় নিহতদের কবর সংরক্ষণ হবে

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা।

    পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রেস উইং।

  17. বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস

    অর্থ সাহায্য চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্ট

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার দুপুর দুইটার কিছুক্ষণ পর ফেসবুকে পোস্টটি দেওয়া হয়।

    তাতে লেখা হয়, "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।"

    এরপর পোস্টে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলচলতি হিসাব নম্বর যুক্ত করা হয়।

    উল্লেখ্য, পোস্টটি দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর সেটিকে আর ওই পেজে খুঁজে পাওয়া যায়নি।

  18. মাইলস্টোনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন

    আজ দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।

    এ সময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত তিন জন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান।

    তিনি নিশ্চিত করেছেন, আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

    সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দু ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

    এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

  19. বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর

    আইএসপিআর-এর দেওয়া তথ্য

    ছবির উৎস, ISPR Bangladesh

    ছবির ক্যাপশান, আইএসপিআর-এর দেওয়া তথ্য

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন।

    আজ মঙ্গলবার দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

    আইএসপিআর-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

  20. ২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

    আগামী ২৪শে জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

    আজ মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

    ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান।

    এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।