ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হবেন কি না দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
‘কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব’ - ইরানের প্রেসিডেন্ট
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, তিনি সরকারের প্রতিটি অংশকে "ইরানের জন্য কাজ করার" নির্দেশ দিয়েছেন।
"সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুরপ্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার,” বলেন তিনি।
"ঈশ্বরের কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব," পেজেশকিয়ান বলেন।
ইসরায়েলে উল্লেখযাগ্য ক্ষতি করেছে ইরান, হুগো বুশেগা, মধ্যপ্রাচ্য সংবাদদাতা, জেরুজালেম
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সোরোকা মেডিকেল সেন্টার থেকে ধোঁয়া উড়ছে
কয়েক দিন ধরে ইরানের হামলার প্রভাব খুব সীমিত ছিল, কিন্তু এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি স্থানে আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যাও কমে গিয়েছে, যা থেকে ধারণা করা যায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি মাথায় রেখে ইসরায়েল সরকার যুদ্ধের কারণে দেয়া কিছু বিধিনিষেধও শিথিল করেছে।
তবে বৃহস্পতিবার সকালের হামলা প্রমাণ করেছে যে ইরানের এখনো ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানোর ক্ষমতা আছে।
ইরানের টার্গেটের মধ্যে পড়েছে দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার, তেল আভিভের কাছের হোলোন শহর, আর রামাতগন শহর।
ইরান বলেছে, বিরশেবায় তাদের আসল লক্ষ্য ছিল হাসপাতালের পাশে থাকা সামরিক স্থাপনা। তবে ইসরায়েলের উপ–পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল অভিযোগ করেছেন, ইরান ইচ্ছে করে সোরোকা হাসপাতালকে টার্গেট করেছে।
অন্য যেসব শহরে ক্ষেপণাস্ত্র পড়েছে, সেখানে কী টার্গেট ছিল তা পরিষ্কার নয়।
প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর, সরকারি ভবন এমনকি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালিয়ে আসছে।
ইরান বলছে, এসব কিছু তাদের বিরুদ্ধে আগ্রাসন, সুতরাং তারা আত্মরক্ষার অধিকার রাখে।
ইরান ইসরায়েল সংঘাত দিয়ে খণ্ড খণ্ড খবর
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ১,৬০০-এর বেশি এবং ইসরায়েল থেকে আরও কয়েকশো চীনা নাগরিককে সরিয়ে নিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তারা বেইজিং, ইরান, ইসরায়েল ও ওমানসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন এবং যতো দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধের ময়দানে নামে, তাহলে ইরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এর জবাব দিতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, সেক্ষেত্রে ইরানি সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীরা সব ধরনের বিকল্প বিবেচনায় নেবেন।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে তেহরানের বাঘেরশাহের রিফাইনারি ও কাহরিজাক প্রতিরক্ষা ঘাঁটির কাছে কয়েকটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করা হয়েছে।
আইআরজিসি’র স্থলবাহিনীর নতুন কমান্ডার নিযুক্ত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আইআরজিসি’র প্রধানের প্রস্তাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।
তিনি মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হলেন, যিনি ইসরায়েলি আক্রমণে নিহত হোসেইন সালামির স্থলাভিষিক্ত হয়েছিলেন।
ইসরায়েলি হামলার প্রথম দিনেই আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর, কয়েক ঘণ্টার মধ্যেই স্থলবাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুরকে আইআরজিসির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে পাকপুরের স্থলে আইআরজিসি স্থলবাহিনীর নতুন কমান্ডার নিযুক্ত করতে এক সপ্তাহ সময় লেগে যায়।
হোলোন, তেল আভিভ ও রামাতগনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোলোন শহরে তিনজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
রামাতগন এলাকায় প্রায় ২০ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে।
তেল আভিভও হামলার শিকার হয়েছে।
ইসরায়েলের সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, আজ ইরানি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি ছিল “ইরানি সশস্ত্র বাহিনীর ১৪তম শক্তিশালী সমন্বিত হামলা”, যা তারা বিভিন্ন কৌশলগত স্থাপনার ওপর চালিয়েছে। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ইসরায়েলে অন্তত ৬৫ জন আহত: জরুরি সেবা সংস্থা
ছবির উৎস, Reuters
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এমডিএ জানিয়েছে যে, সাম্প্রতিক ইরানি হামলার পর মোট ৬৫ জন আহত হয়েছেন।
তাদের চিকিৎসা চলছে।
এর মধ্যে রয়েছে ৮০-এর কোঠায় একজন পুরুষ এবং ৭০-এর কোঠায় দুই নারী রয়েছেন, যাদের অবস্থা "গুরুতর"।
৮০-এর কোঠায় দুই নারী, "মাঝারি" আঘাত পেয়েছেন এবং ৪২ জন সামান্য আঘাত পেয়েছেন।
বোমা হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ১৮ জন আহত হয়েছেন।
হাসপাতালে ধোঁয়া ও হতাহতের খবর
ছবির উৎস, Reuters
ইরানের হামলায় ইসরায়েলের সোরোকা হাসপাতাল থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গিয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানাচ্ছে, এখন পর্যন্ত ৬৫ জনের বেশি আহত হয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন।
ছবির উৎস, Reuters
ছবির উৎস, Reuters
সেনা ঘাঁটিকে লক্ষ্য করেই হামলা: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বিরশেভা শহরের সোরোকা হাসপাতালের পাশে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সংবাদ সংস্থা আইআরএনএ- এর মতে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি “কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তর (আইডিএফ-সিফোরআই)” এবং গাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত একটি সেনা গোয়েন্দা ক্যাম্পের উপর এই হামলা চালানো হয়েছে।
তারা আরো বলেন, “হাসপাতাল মূলত বিস্ফোরণের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় কোনো ক্ষতি হয়নি। আসল লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো, আর সেটাই সরাসরি ও নির্ভুলভাবে আঘাত করা হয়েছে।”
গাভ-ইয়াম নেগেভ টেকনোলজি পার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আইডিএফ-সিফোরআই ব্রাঞ্চ ক্যাম্পাসের পাশে অবস্থিত।
ইসরায়েলি গণমাধ্যম আগে জানিয়েছিল, এখানে আইডিএফ-এর একটি ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে।
ইরানের ‘নিষ্ক্রিয়’ আরাক পারমাণবিক চুল্লিতে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল
ছবির উৎস, Reuters
ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে।
তবে, তারা বলেছে, এই চুল্লিটি বর্তমানে "নিষ্ক্রিয়" অবস্থায় আছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের একটি পারমাণবিক চুল্লির কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে।
তবে চুল্লিটি সরাসরি আক্রান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনাটি এমন সময় ঘটলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এই চুল্লিটি এমনভাবে তৈরি যে এটি উচ্চক্ষমতাসম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।
তারা এক বিবৃতিতে জানায়, "এই হামলা প্লুটোনিয়াম উৎপাদনের জন্য নির্ধারিত অংশকে লক্ষ্য করে চালানো হয়েছে, যাতে চুল্লিটি পুনরায় চালু করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা না যায়।"
আইডিএফ আরও জানিয়েছে, তাদের সর্বশেষ হামলায় ৪০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ইরানের বহু সামরিক স্থাপনায় আঘাত হানে।
যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাঁচামাল প্রস্তুতের কারখানা, যন্ত্রাংশ তৈরির কেন্দ্র, এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র।
এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী- আইডিএফ আরাক ও খোন্দাব শহরের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছাড়ার সতর্কবার্তা দেয়।
এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে তারা নির্দিষ্ট একটি এলাকার লোকজনকে "যত দ্রুত সম্ভব সরে যেতে" বলে।
ইরানের ছাত্রদের পরিচালিত বার্তা সংস্থা আইএসএনএ জানায়, হামলার আগেই স্থাপনাটি খালি করে ফেলা হয় এবং বিকিরণের কোনো ঝুঁকি নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী আলাদা এক ঘোষণায় বলেছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি তাদের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো।
"এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়, এবং সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।," জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। এই সপ্তাহের শুরুতে, বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বিবিসিকে বলেছেন যে, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,"। ইসরায়েলের গত শুক্রবারের হামলার পর এ কথা জানান তিনি।
ইসরায়েল অভিযোগ করেছে, ইরান সম্প্রতি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে “অস্ত্র তৈরির পথে” নিয়ে যাচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদন বা পারমাণবিক বোমা দুটোর জন্যই ব্যবহৃত হতে পারে।
রবিবার, ইরান আবার জানিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য, এবং ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৩৫ জাতির বোর্ডকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।
আমরা তেহরানের কাছ থেকে 'পুরো মূল্য' আদায় করবো: নেতানিয়াহু
ছবির উৎস, Reuters
ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানের হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেছেন: "আজ সকালে, ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরশেবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
"আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব।" তিনি হুঁশিয়ারি করেন।
ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেশটির সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন।
শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি "কোনো সামরিক ঘাঁটি নয়", বরং "একটি হাসপাতাল" এবং এটিই ইসরায়েলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।
তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে হাসপাতালের ভেতরে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে।
হাসকেল বলেন, “বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত।”
এর আগে ১৭ই জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছিল।
ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের প্যারামেডিকরা কমপক্ষে ৩২ জনকে চিকিৎসা দিচ্ছেন, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে।
এমডিএ জানিয়েছে, প্রায় ৮০ বছর বয়সী একজন পুরুষ এবং প্রায় ৭০ বছর বয়সী একজন নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সেইসাথে আরো ৩০ জন হালকা আঘাত পেয়েছেন, বেশিরভাগই বিস্ফোরণ এবং গুলি থেকে আঘাত পেয়েছেন।
আরেকটি প্রতিবেদনে, এমডিএ প্যারামেডিক ইয়োসি শিলো বলেছেন যে তার দল একটি ভবনে 'ব্যাপক ধ্বংসযজ্ঞ' দেখেছেন।
তিনি আরো বলেন, প্রায় ৬০ বছর বয়সী একজন নারীকে 'গুরুতর আহত, তবে স্থিতিশীল অবস্থায়' হাসপাতালে নেয়া হয়েছে।
ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা, টম বেনেট, জেরুজালেম থেকে
ছবির উৎস, reuters
ছবির ক্যাপশান, ইসরায়েলের রামাত গানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থানে জরুরি কর্মীরা
ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে, তারা যেন ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যান। কারণ তারা সেখানে 'বিপজ্জনক পদার্থ' থাকার আশঙ্কা করছেন।
প্রায় এক ঘণ্টা আগে, সম্ভবত গত কয়েক দিনের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
যেখানে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
প্রায় এক ঘণ্টা আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় অবস্থিত সোরোকা হাসপাতাল ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ার বড় বড় কুণ্ডুলি, ভাঙা জানালা ও মানুষকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর দিয়ে ছুটতে।
এক মুখপাত্র বলেছেন হাসপাতালটি "ব্যাপক ক্ষতিগ্রস্ত" হয়েছে। এখন মানুষদের এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে কারণ "বিপজ্জনক পদার্থের লিক" হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে।
ইসরায়েলের অন্যান্য স্থানে কমপক্ষে তিনটি আঘাতের খবর পাওয়া গিয়েছে। তবে তা এখনও নিশ্চিত নয়।
বিবিসির সংবাদদাতা বলছেন যখন ক্ষেপণাস্ত্রগুলো এসে পড়ছিল তখন জেরুজালেম থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে তা অবশ্যই কয়েক দিনের মধ্যে সবচেয়ে জোরালো ছিলো।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানে ব্যাপক ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, বহুতল ভবনের পুরোটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের রামাত গান এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি প্রকাশ পেয়েছে।
শুধু সোরোকা হাসপাতাল নয়, ইসরায়েলের আরও অনেক জায়গায় হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এখানে তেল আভিভের রামাত গান এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ধারণ করা হয়েছে।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ইসরায়েলের রামাত গান এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি প্রকাশ পেয়েছে।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, এক বাসিন্দাকে বাইরে বের করে এনেছেন জরুরি কর্মীরা।
ইসরায়েল-ইরান যুদ্ধ ও খামেনির জটিল পরিস্থিতি
ইরানের অভ্যন্তরে সাম্প্রতিক ইসরায়েলি হামলা সাধারণ মানুষকে লেবাননের ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে চালানো ইসরায়েলি অভিযানের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
নতুন পরিস্থিতিতে একটি প্রশ্ন সামনে এসেছে, লেবাননের মতো কি এবার ইরানেও ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে টার্গেট করা হতে পারে?
এখনকার পরিস্থিতিতে ইরানের সরকারও মনে করে না যে, আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা ইসরায়েলের জন্য 'রেড লাইন' বা শেষ সীমা হবে।
অর্থাৎ, ইসরায়েল হয়তো এমন হামলা করলেও একে গুরুতর সীমা লঙ্ঘন বলে মনে করবে না।
যদিও খামেনির ওপর সরাসরি আক্রমণ না-ও হতে পারে, কিন্তু এমন আশঙ্কাই সরকারের বিভিন্ন স্তরে বিশাল অস্থিরতা, বিশৃঙ্খলা ও নেতৃত্ব সংকট তৈরি করতে পারে। পরিস্থিতি স্পষ্টভাবে জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে।
হেজবুল্লাহর আরেকজন কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচে আদরাই জানান, লেবাননের হেজবুল্লাহর আর্টিলারি বিভাগের কমান্ডার ইয়াসিন আবদেল মোনেম ইজ্জেদিনকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ইজ্জেদিন লেবাননে হেজবুল্লাহর আর্টিলারি বাহিনী পুনর্গঠনের চেষ্টা করছিলেন।
তবে এখনো লেবাননের হেজবুল্লাহ এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।
ইসরায়েল-ইরান সংঘাতের সপ্তম দিনে ইসরায়েলের বিরশেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া, বেইত আল-মাকদি (জেরুজালেম) ও তেল আভিভের কাছাকাছিও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েলের ওপর ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইরান আবারও নতুন করে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান ইসরায়েলের দিকে ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়ে, এসব ক্ষেপণাস্ত্র কয়েকটি বেসামরিক এলাকায় আছড়ে পড়েছে, যার মধ্যে দক্ষিণের বিরশেবায় সোরোকা হাসপাতালও রয়েছে।
বিয়ারশেভার সোরোকা মেডিক্যাল সেন্টারের এক মুখপাত্র বলেছেন, ইরানের হামলায় সোরোকা হাসপাতাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কিছু মানুষ আহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে চিকিৎসার জন্য আসতে মানা করেছে।
সেইসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার কারণে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠেছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তেল আভিভ ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।
টাইমস অব ইসরায়েল লিখেছে, এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জরুরি সেবা দলগুলো এখন ক্ষতিগ্রন্ত স্থানে ছুটে যাচ্ছে।
এদিকে ইসরায়েলও ইরানের সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা বুধবার তেহরানে ২০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ খোন্দাবের ভারী-পানি গবেষণা রিঅ্যাক্টরের কাছে একটি এলাকায় হামলা চালিয়েছে।
এর আগে খবর এসেছে, ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
অল্প সময় আগে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র জেরুজালেমের আকাশে পৌঁছেছে, আর এ কারণে শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করেছে।
ইসরায়েল বলেছে, তারা যতদিন প্রয়োজন, ততদিন তাদের অভিযান চালাতে থাকবে এবং লক্ষ্য পূরণ করবে।
প্রথম কয়েক দিনের তুলনায় ইরান এখন যে হারে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়ছে, তার সংখ্যা আগের তুলনায় অনেক কম বলে মনে হচ্ছে।
ইসরায়েলের দাবি, কারণ হলো তাদের সেনা ও বিমানবাহিনী ইরানের পশ্চিম সীমান্ত অঞ্চলের (ইলামের প্রদেশ, কুর্দিস্তান, পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান এবং কেরমানশাহ) সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে।
এই ক্ষেপণাস্ত্রগুলোর ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর দূরত্ব ইরানের কেন্দ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক কম। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে।
তবে ইরান বলছে, তাদের কাছে এমন অস্ত্র আছে, যা এখনও ব্যবহার করা হয়নি, এবং সেগুলো দিয়ে ইসরায়েলের ওপর বড় ধরণের হামলা চালানো হতে পারে।
ইরান বুধবার জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা আগের চেয়ে দ্রুত ইসরায়েলে পৌঁছায়। ইরান আরো বলেছে, বিশ্বের গুটি কয়েক উন্নত রাষ্ট্রের কাছেই এমন ক্ষেপণাস্ত্র আছে।
বুধবারও তেল আবিবে সাইরেন বেজেছিল, কিন্তু ইসরায়েল বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে ধ্বংস করতে পেরেছে।