ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের, ইসরায়েল বলছে তেহরানে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে

ইরান তার আশপাশের যেসব দেশে হামলা চালিয়েছে সেগুলোর কাছে দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে”।

সরাসরি কভারেজ

  1. ইরানি রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ৬৫টি স্কুলের হামলার দাবি

    ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ বলেছেন, রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ৬৫টি স্কুল এবং ১৩টি কেন্দ্র এখন পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিবিসি নিউজ ফার্সির এক খবরে এই তথ্য জানানো হয়।

    তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ছয় হাজার ৬৬৮টি বেসামরিক ইউনিটকেও এসব হামলায় টার্গেট করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচ হাজার ৫৩৫টি আবাসিক ইউনিট এবং ১০ হাজার ৪১টি বাণিজ্যিক ইউনিট।

    মি. কোলিভান্দ আরও বলেন, এসব হামলায় বেশ কিছু উদ্ধারযানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

  2. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালুর ঘোষণা

    যুদ্ধ পরিস্থিতির কারণে কদিন ধরেই বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়েছে আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুদ্ধ পরিস্থিতির কারণে কদিন ধরেই বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে

    "আংশিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে," বলে জানিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

    জানানো হয়েছে, দেশটির আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

    তবে, বিমানের ফ্লাইট নিশ্চিত হলেই কেবল যাত্রীদের বিমানবন্দরে আসার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

    কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, “বিমান সংস্থা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে নিশ্চিত করে যে আপনার ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হচ্ছে না, তাহলেই কেবল বিমানবন্দরে আসুন।”

  3. বৈরুতে ইসরায়েলি হামলায় ধ্বংসের চিত্র

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর থেকে আসা কিছু ছবি পাওয়া গেছে যেগুলোতে ইসরায়েলি হামলায় ক্ষতির চিত্র ধরা পড়েছে।

    গতকাল এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েলি বিমানবাহিনী দাহিয়েহ জেলায় “সন্ত্রাসী লক্ষ্যবস্তু”তে হামলা চালিয়েছে, যার মধ্যে হেজবুল্লাহ এবং আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড কোরের কমান্ড সেন্টারও রয়েছে।

    ইসরায়েল সরে যাওয়ার সতর্কতা জারির পর হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে।

    “অবশ্যই সবাই ভীত, কিন্তু আমাদের সবসময়ই আশা ধরে রাখতে হবে,” গতকাল বৈরুতের এক অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে বিবিসিকে বলেন একজন নারী।

    বৈরুতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন

    ছবির উৎস, Reuters

    বৈরুতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন

    ছবির উৎস, Reuters

    বৈরুতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন

    ছবির উৎস, Reuters

  4. তেহরান ও ইসফাহানে আবারও ইসরায়েলের হামলা

    তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে

    ইরানের রাজধানী তেহরান এবং ইসফাহানে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে আবারও ‘বিস্তৃত’ হামলার খবর জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

    ইরানের উপর হামলা সম্পর্কে নিজেদের ইংরেজি টেলিগ্রাম চ্যানেলে নতুন করে চালানো এই হামলার বার্তা দিয়েছে বাহিনীটি।

  5. প্রতিবেশীরা 'হামলা না করলে' আক্রমণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান, আরমান শরীফি, বিবিসি মনিটরিং

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, IRNA

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    প্রতিবেশী দেশগুলো থেকে 'প্রথমে হামলা না হলে' ইরানও তাদের ওপর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে, যেখানে এই বক্তব্য দিয়েছেন তিনি।

    মি. পেজেশকিয়ান বলেছেন, "যে প্রতিবেশী দেশগুলো আক্রমণের শিকার হয়েছে তাদের কাছে দুঃখপ্রকাশ করা প্রয়োজন বলে আমি মনে করি"।

    ‘শান্তি প্রতিষ্ঠার’ জন্য আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই"।

    "এখন থেকে, প্রথমে হামলা না করা পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ না করার” নির্দেশনা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে বলেও জানান মি. পেজেকশিয়ান।

    ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করা "সম্মান ও স্বাধীনতার পথ নয়" উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, "ইরানে আক্রমণ করার জন্য যারা এই মুহূর্তটিকে কাজে লাগাতে চাইছেন তাদের সাম্রাজ্যবাদের পুতুল হওয়া উচিত হবে না"।

  6. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • “শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে "একটি অসাধারণ ভুল" বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই যুদ্ধ অব্যাহত থাকায় "ক্রমবর্ধমান ঝুঁকি" দেখছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস।
    • ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।
    • লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে”, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র, বলেছেন তিনি।
    • ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হেজবুল্লাহর সাথে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে।
    • ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত শহরগুলো ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে হেজবুল্লাহ।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে