শনিবার সারাদিন যা যা হলো
- যুক্তরাষ্ট্র তিন দিনে ইরানের "নৌবাহিনীর ৪২টি জাহাজ" ধ্বংস করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি।
- ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তর্গত কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েল।
- “আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!” নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- প্রতিবেশী দেশগুলো থেকে 'প্রথমে হামলা না হলে' ইরানও তাদের ওপর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তার এই বক্তব্যের পরও সংযুক্ত আরব আমিরাত ও কাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার তথ্য জানিয়েছে।
- একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ৩০ কোটি ডলারের একটি রাডার ব্যবস্থা ইরান ধ্বংস করেছে।
- ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ বলেছেন, রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ৬৫টি স্কুল এবং ১৩টি কেন্দ্র এখন পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
- হরমুজ প্রণালীতে একটি ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজের ছবি প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। এর আগে এক বিবৃতিতে হামলার খবরটি নিশ্চিত করছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
- যুক্তরাজ্যের দুটি বিমানবাহী রণতরীর মধ্যে একটি, এইচএমএস প্রিন্স অফ ওয়েলসকে পোর্টসমাউথ থেকে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানতে পেরেছে বিবিসি।
- ইরাকের তেলক্ষেত্র থেকে নিজেদের কর্মীদেরকে সরিয়ে নিতে শুরু করেছে বিদেশি তেল কোম্পানিগুলো। সংবাদ সংস্থা রয়টার্সের সংগৃহীত ফুটেজে দেখা যাচ্ছে, কর্মীরা সাফওয়ান সীমান্ত পেরিয়ে কুয়েতে প্রবেশ করছেন।
- বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আগামী ৯ তারিখ আরো দুটি ভেসেল আসছে”।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।
















