আজ মঙ্গলবার যা যা হলো:
- ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
- কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মিছিলের পরে সন্ধ্যায় মিছিল করেছেন বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। হিন্দুত্ববাদীরা এক পর্যায়ে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেললেও বামপন্থিরা সেই চেষ্টা করেনি।
- বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের দফতরের নিরাপত্তা বাড়িয়েছে ত্রিপুরা সরকার। দিল্লি, কলকাতায় বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। তারপরেই ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
- দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশের হাইকমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ কয়েকটি হিন্দু সংগঠন বিক্ষোভ মিছিল করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।
- দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
- জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে মব হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং সরকারের উচিত দ্রুত এবং কার্যকরভাবে তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
- ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে খুনের শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সরকারের পক্ষ থেকে মি. আবরার ময়মনসিংহে গিয়ে দি. দাসের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম। মি. আলম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ওই চরের সক্রিয় থাকা বনদস্যুদের দুটি গোষ্ঠীর মধ্যে আজ সারাদিন ধরেই এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।






















