পুলিশের কর্মবিরতি প্রত্যাহার, দফতর পেলেন আরও দুই উপদেষ্টা, দুর্নীতির মামলায় খালাস ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিহত করাসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। দুই উপদেষ্টার শপথ গ্রহণের পর দপ্তর বণ্টন হয়েছে। সোমবার থেকে সীমিত আকারে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছে পুলিশ। শ্রম আইনের মামলার পর দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সার সংক্ষেপ

  • কর্মবিরতি প্রত্যাহার করেছেন পুলিশ সদস্যরা
  • অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নিয়েছেন
  • সোমবার থেকে সীমিত আকারে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম
  • বৃহস্পতিবার থেকে আন্তঃনগর রেল চলাচল শুরু, মেট্রোরেল চলবে শনিবার থেকে
  • শ্রম আইনের মামলার পর দুর্নীতি মামলা থেকে খালাস ড. মুহাম্মদ ইউনূস
  • সিকিউরিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

সরাসরি কভারেজ

  1. পদত্যাগ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করছেন।

    এই ধারাবাহিকতায় রোববার পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

    রোববার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

    রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক মঈন বলেছেন, “আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে এই পত্রের মাধ্যমে অদ্য অপরাহ্ণে পদত্যাগ করিতে আপনার নিকট পদত্যাগপত্র পেশ করিলাম।”

    তিনি লিখেছেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এই কামনা করছি।"

    এর আগে রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেন।

    শনিবার পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

    গত বুধবার পদত্যাগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র উপাচার্য।

  2. অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভিকারুননিসা শিক্ষার্থীদের বিক্ষোভ

    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন।

    রোববার সকাল ১০টার দিকে বেইলি রোড শাখায় প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

    বিক্ষোভকারীদের অভিযোগ, যেসব শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে এমন হুমকি দিয়েছিলেন অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

    এজন্য তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেন‌ শিক্ষার্থীরা।

    একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানম, মূল শাখার সহকারী প্রধান শিক্ষক তানজিনা ইমামসহ গভর্নিং বডিরও পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

    পরে অধ্যক্ষ কেকা রায় চৌধুরী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

    শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান যে, অধ্যক্ষ দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনটিই সত্য নয়। এ সংক্রান্ত কোন প্রমাণ নেই। প্রমাণ থাকলে তিনি সরে দাঁড়াবেন।

    একই দাবিতে গত বৃহস্পতিবারও স্কুলটির শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছিল। ‌

    এ বিষয়ে জানতে অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ

    ছবির উৎস, Riaz Roy

    ছবির ক্যাপশান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ
  3. বঙ্গভবনে প্রধান বিচারপতি এবং দুই উপদেষ্টার শপথ

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নিয়েছেন।

    রোববার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

    প্রথমে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করানো হয়। পরে দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় শপথ নেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির মুখে শনিবার দুপুরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

    এরপর শনিবার রাতেই প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

    এর আগে বৃহস্পতিবার নতুন অন্তর্বতী সরকারের ১৪ জন উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

    এখন শপথ নেয়া বাকি রয়েছেন বীর প্রতীক ফারুক-ই-আজম। যুক্তরাষ্ট্র থেকে আজ রোববার রাতে তার দেশে পৌঁছনোর কথা রয়েছে।

    দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ
    ছবির ক্যাপশান, দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ
  4. পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ক্ষমতাসীনরা পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

    রোববার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে আসার পর এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

    তিনি বলেন, “পুলিশের হাতে মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু মডেলের অস্ত্র দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বার্ডারস (সীমান্তে), নট ইন ইন্টারনাল ইউজ (অভ্যন্তরিণ কাজে ব্যবহারের জন্য নয়)"।

    "পুলিশকে এই অস্ত্র দেয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে, এই কারণে দিয়েছে।।”

    তিনি কঠোর ভাষায় জানান, পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। এখন থেকে পুলিশ কমিশনের অধীনে পুলিশ চলবে। আপনারা পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, তারা যা করার করবে। এই পুলিশ জনগণের পুলিশ"।

    তবে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন,"আজকে অবস্থা দেখেন প্রতিদিন ডাকাতি হচ্ছে, কারণ পুলিশ নাই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে"

    এক্ষেত্রে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের ধরেন। আমি চেষ্টা করবো হুকুমদাতা যারা আছেন শাস্তি দিতে।"

    সেইসাথে রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, “একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায়না। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি (ব্যক্তিগত সম্পদ) না, ফ্যামিলি প্রপার্টি (পারিবারিক সম্পদ) না। রাজনীতিকে নষ্ট করা হয়েছে। মানুষ মারার পরেও ক্ষমতায় থাকতে চায়।”।

    বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।
    ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন
  5. পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

    রোববার ১১ই অগাস্ট তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠান।

    শিক্ষা সচিবকে উদ্দেশ করে লেখা চিঠিতে অধ্যাপক শহীদুল্লাহ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।

    তিনি সর্বশেষ মেয়াদে ২০২৩ সালের ২৮শে মে থেকে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

    পদত্যাগ করে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, গত বছরের অগাস্ট মাস থেকে তিনি শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

    "অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি," তিনি ওই চিঠিতে লিখেছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।

    পদত্যাগপত্র

    ছবির উৎস, UGC

  6. ইসলামী ব্যাংকে গোলাগুলি, তিন কর্মকর্তা গুলিবিদ্ধ

    ঢাকার দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার হামলা ও গোলাগুলির খবর পাওয়া গেছে।

    ব্যাংকটির কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, 'বহিরাগত'দের হামলায় ব্যাংকটির তিনজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে মোট পাঁচজন আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন।

    ব্যাংকটির প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, "অনিয়ম করে ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে রোববার সকালে বিক্ষোভ শুরু করলে এস আলম গ্রুপের কিছু কর্মকর্তাসহ একটি গ্রুপ অস্ত্র নিয়ে ব্যাংকটিতে প্রবেশের চেষ্টা করেন।"

    এসময় তাদের প্রবেশে বাধা দিলে তারা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করেন। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে এক পর্যায়ে তারা পালিয়ে যায়।

    গুলিতে এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ডসহ তিনজন গুলিবিদ্ধ হন। আহত হন আরো দুইজন।

    এর আগে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গত মঙ্গলবার থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা দেখা দেয়।

    বলা হচ্ছে, ব্যাংকটিকে আবারও জামায়াতে ইসলামী নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছে।

    বিষয়টি নিয়ে মতিঝিল থানায় যোগাযোগ করা হলে সেখানকার ডিউটি অফিসার জানিয়েছেন, তারা এখনো বিষয়টি সম্পর্কে জানেন না।

    ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভ
  7. ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই: আসিফ মাহমুদ

    রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ও সংস্কারের দাবিতে যে অভ্যুত্থান ঘটিয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করবো”।

    সকালে নিজ কার্যালয়ে দায়িত্ব নেয়ার পর তিনি এ কথা বলেন।

    আজই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা, এবং সকালে উপদেষ্টার নিজ নিজ মন্ত্রণালয় গেলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা।

    এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, “ঠিক যতদিন দরকার আমরা ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করতে। আমাদের যারা আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে তাদের কারোই ক্ষমতা ধরে রাখার অভিলাষ নেই।”

    এর আগে সকালে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন সরকারের ডাক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

    তিনি এসময় সাংবাদিকদের জানান, “বিগত সময়ে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    শারমিন মুরশিদকে বরণ করে নেন কর্মকর্তা-কর্মচারীরা
    ছবির ক্যাপশান, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ রোববার সচিবালয়ে গেলে তাকে বরণ করে নেন কর্মকর্তা-কর্মচারীরা