যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে বলছেন ট্রাম্প, ‘শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণ’ চায় ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ "শিগগিরই" শেষ হবে এবং ইরানে "আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই"। এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তারা “কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা” ভাবছে।

সরাসরি কভারেজ

  1. জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

    আনিস আলমগীর

    ছবির উৎস, Anis Alamgir/FB

    ছবির ক্যাপশান, আনিস আলমগীর

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

    আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

    এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দু'টি মামলায় জামিন পেলেন।

    সে ক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।

    আনিস আলমগীরের গ্রেফতার নিয়ে জানতে পড়ুন...

  2. দেনা ফ্রিগেটে নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

    শ্রীলঙ্কার গালে অঞ্চলের কারাপিতিয়া হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ডুবে যাওয়া জাহাজ দেনা থেকে বেঁচে ফেরা এক নৌ সদস্য।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত চৌঠা মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের জাহাজ দেনা ডুবে যাওয়ার পর এক আহত নৌ সদস্যকে চিকিৎসার জন্য দেশটির গালে অঞ্চলের কারাপিতিয়া হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় জাহাজ থেকে ৩২ জন গুরুতর আহত নৌসদস্যকে উদ্ধার করেছিল শ্রীলঙ্কা।

    শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত।

    গত চৌঠা মার্চ সকালে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেট ডুবে যায়।

    শ্রীলঙ্কা তখন জাহাজটির ৩২ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়।

    ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট গতকাল জানিয়েছে, দেনা জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো শীঘ্রই ইরানে ফেরত পাঠানো হবে।

    প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার ডুবুরিরা চেষ্টা করেও জাহাজের বাকি ২০ নাবিকের কোনো হদিস পায়নি।

    ইরানের সেনাবাহিনী তাদেরকে “অমর” বলে উল্লেখ করেছে।

    ইরানে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারিতে দিনা ফ্রিগেট ভারতে আয়োজিত আন্তর্জাতিক মহড়া 'গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬'-এ অংশ নিয়েছিল।

    ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, “আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক।”

    তিনি আরও লিখেছেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজগুলোতে কোনো গোলাবারুদ রাখা যেত না, ফলে জাহাজটি ছিল প্রতিরক্ষাহীন।

    এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান।

    মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশ করা ভিডিওর স্ক্রিনশটে দেখা যায়, ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে একটি মার্কিন সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবিয়ে দিচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশ করা ভিডিওর স্ক্রিনশটে দেখা যায়, ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে একটি মার্কিন সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবিয়ে দিচ্ছে।
  3. প্রতিবেশী দেশগুলোতে নতুন করে হামলা চালাচ্ছে ইরান

    জেরুজালেম থেকে দেখা গেল ইরানের ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Reuters

    ইরান বলছে, তারা তাদের সামরিক অভিযানের ৩৫তম ধাপ শুরু করেছে। এদিকে, কাতারে কয়েক ঘণ্টা আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা বারবারা প্লেট উশার।

    সৌদি আরব জানিয়েছে, তাদের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেইসাথে, তাদের একটি বড় তেলক্ষেত্রের দিকে আসা ড্রোন ভূপাতিত করা হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতও আজ সকালে জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে।

    বাহরাইন তার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার সতর্কবার্তা দিয়েছে।

    ইরান বলেছে, তারা এসব দেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কুয়েতে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে এসব দাবি সংশ্লিষ্ট দেশগুলো নিশ্চিত করেনি।

    এর আগে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে একটি অজ্ঞাত প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র) আঘাত করলে তাতে আগুন লাগে এবং নাবিকদের জাহাজ ছেড়ে যেতে হয়।

    যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় এলাকায় চলাচল করা জাহাজগুলোতে সন্দেহভাজন ১০টি ইরানি হামলা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করতে পারে। এর আগে এমন ঘটনা ঘটেছিল।

    এদিকে, গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছে যুক্তরাষ্ট্র ১৬টি মাইন বসানোর নৌযানে হামলা চালিয়েছে আজ।

  4. হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    ছবির উৎস, US Central Command

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা সেই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

    সোমবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’-র তিনটি প্রধান লক্ষ্যগুলোর একটি হলো ইরানের নৌবাহিনী ধ্বংস করা ।

    এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করলে যেকোনো ইরানি জাহাজ ধ্বংস করা হবে।

    হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যেখানে সম্প্রতি কনটেইনার জাহাজেও হামলার ঘটনা ঘটেছে।

    প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন আকারের জাহাজ প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরিত হচ্ছে।

    মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    ছবির উৎস, US Central Command

    মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    ছবির উৎস, US Central Command

  5. মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

    রামাল্লাহ'র আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Issam Rimawi/Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, রামাল্লাহ'র আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র

    মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক্সে এক বিবৃতিতে বলেছে, কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং ইরাকের হারিরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ এই বিবৃতি শেয়ার করে জানায়, "বড় পরিসরের এই হামলায়" মধ্যপ্রাচ্যের এই অঞ্চলজুড়ে থাকা মার্কিন পঞ্চম নৌবহরও লক্ষ্যবস্তু ছিল এবং এতে "মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো ধ্বংস হয়েছে।"

    আরেকটি পোস্টে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এটা "সবচেয়ে ভয়াবহ ও বিশাল অভিযান।"

    এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা।

  6. কাতারে নিরাপত্তা সতর্কতা, সকলকে বাসায় থাকার আহ্বান সরকারের

    কাতারের পতাকা

    ছবির উৎস, Jakub Porzycki/NurPhoto via Getty Images)

    বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, আজ বুধবার কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা দ্বাদশ দিনে গড়িয়েছে।

    কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, দেশটিতে "নিরাপত্তা ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে।"

    সেজন্য জননিরাপত্তার স্বার্থে "সবাইকে ঘরে থাকার, বাইরে না যাওয়ার এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকার" অনুরোধ জানিয়েছে কাতার সরকার।

  7. এশিয়ায় তেলের দাম স্থিতিশীল

    তেল

    ছবির উৎস, Getty Images

    ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে তেলের দামে তীব্র ওঠানামা হয়েছে। তবে আজ বুধবার সকালে এশিয়ায় তেলের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৩৫ ডলার (৬২ দশমিক ছয় পাউন্ড)। আর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮৭ দশমিক ৮৮ ডলার।

    সোমবার তেলের দাম প্রায় ১২০ ডলারে উঠেছিলো। এখন তা কিছুটা কমেছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও তেলের দাম অনেক বেশি।

    দাম কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

  8. হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত কনটেইনার জাহাজ: যুক্তরাজ্য

    হরমুজ প্রণালীর কাছে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

    সংস্থাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৫ নটিক্যাল মাইল) দূরে জাহাজটি আঘাতের শিকার হয়।

    জাহাজটির মাস্টার জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ আছেন এবং তাদের সবার খোঁজ পাওয়া গেছে।

    ক্ষতির পরিমাণ কতটা, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার বিষয়ে তদন্ত করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

    সেইসাথে, ইউকেএমটিও ওই অঞ্চল দিয়ে চলাচল করা সব জাহাজকে সতর্ক থাকতে বলেছে।

  9. বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর বড় বিস্ফোরণ

    লেবাননের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ
    ছবির ক্যাপশান, লেবাননের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে ইসরায়েলি বিমান হামলা হয়েছে এবং হামলার পর পরই বৈরুতের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণের কিছু ছবি-ভিডিও প্রকাশ পেয়েছে।

    ইসরায়েল সাম্প্রতিক সময়ে লেবাননে হামলা জোরদার করেছে। বিশেষ করে দেশটির ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইরানের সমর্থনে সাম্প্রতিক সংঘাতে জড়ানোর পর থেকেই এটা বেড়েছে।

    এখন ইসরায়েল সেখানে প্রায় প্রতিদিন-ই বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে। ইসরায়েল বলছে, তারা শুধুমাত্র হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে হামলা করছে।

    অন্যদিকে ইরানে নতুন করে হামলার তথ্য জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

    ইরানি সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করার তথ্য জানিয়েছে আইডিএফ।

  10. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • অপরিশোধিত তেলের দাম মঙ্গলবার কিছুটা কমেছে। গতকাল ব্যারেল প্রতি প্রায় ৮৮ ডলারে লেনদেন হয়েছে, যা সোমবারের ১১৯ ডলারের স্তরের তুলনায় অনেকটা নিচে।
    • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে মঙ্গলবার হবে "সবচেয়ে তীব্রতম" দিন এবং এদিন সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান ও হামলা চালানো হবে।
    • তেল সরবরাহের পুরনো একটি চুক্তিতে পাইপলাইনের মাধ্যমে গতকাল মঙ্গলবার পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠিয়েছে ভারত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
    • গত ২৪শে ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দু'জন ব্যক্তি ও দু'জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশে তিন জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
    • সোমবার কলকাতায় এসে শাসক-বিরোধী-সহ সব পার্টির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনো রকম সহিংসতার প্রতি 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলবে কমিশন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ( এসআইআর) যাতে নির্ভুল হয় তার জন্য মঙ্গলবার ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহত মানুষের সংখ্যা এক হাজার ৩৩২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে।
    • দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে শুধুমাত্র ঢাকা মহনগরের রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ পাঁচ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, "আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।"
    • মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের অবস্থা অতিমাত্রায় সংকটজনক থেকে মৃদু পর্যন্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
    • ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।
  11. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে