আজ বৃহস্পতিবার যা যা হলো:
- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। মনোনয়ন পাওয়ার পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে।
- রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
- রাষ্ট্রবিরোধী ‘গোপন তৎপরতায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক লিপ্ত বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
- "শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না," বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
- "যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছে, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা,," তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
- ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামত না হওয়া পর্যন্ত আপাতত দিন গোনা ও লোডশেডিং ব্যবস্থাপনা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
- আসাম-অরুণাচল প্রদেশ সীমান্ত বিরোধ নিয়ে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে।
- সুভাষ চন্দ্র বসুকে 'দেশদ্রোহী' বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন যে বিজেপি সংসদ সদস্য, সেই নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে নগেন্দ্র রায় আবারও বলেছেন যে তিনি কোনো মিথ্যা বলেননি, কারও বদনাম করেননি।
- কলকাতার আরজি কর হাসপাতালে ২০২৪ সালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় আজ বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সাবেক একজন বিধায়ককে।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।


















