আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটি সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করছে। এদিকে, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব হামলার "ভয়াবহ" জবাব দেবে ইরান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার

    বাংলাদেশে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় করতে প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বার্তায় উল্লেখ করা হয়েছে যে, সরকারিভাবে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

    ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বিপিসি।

    এছাড়া বাকি জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলার প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন বলেও জানানো হয়েছে।

    এদিকে পৃথক এক বার্তায়, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

    আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

    এছাড়া, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে আন্তর্জাতিক বাজার থেকে সরকার প্রয়োজনীয় জ্বালানি তেল কিনছে বলেও জানানো হয়।

  2. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, "আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়। ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন।
    • ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি, বলছে গণমাধ্যমগুলো।
    • মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বলছে, শুক্রবার বিকেলে পুরো অঞ্চল জুড়েই ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চলেছে।
    • ইরানের বিরুদ্ধে শুক্রবার নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
    • জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় "যত দ্রুত সম্ভব" তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় ১১০ জন শিশুসহ ১৬৮ জন নিহত হয়।
    • ইরানে যুক্তরাষ্ট্র্রের হামলার শুরুর দিকে মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • ইরানে পারমাণবিক দুর্ঘটনা এড়াতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা - আইএএইএ।
    • ঝড়-বৃষ্টির মধ্যে গত রাতে তেহরান আর পার্শ্ববর্তী কারাজ শহরের ওপরে ব্যাপক হামলা চলেছে। স্থানীয় মানুষরা বলছেন, কোনটা যে বোমাবর্ষণ আর কোনটা ঝড়-বৃষ্টি, তার ফারাক বুঝতে পারেননি তারা।
    • বাংলাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগের কথা বলছে সরকার। যার মধ্যে রয়েছে তদারকি টিম গঠন ও অবৈধ মজুদারির তথ্য জানালে পুরস্কারের মতো কিছু সিদ্ধান্ত।
  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে