আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

পিআর নিয়ে জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা- নাহিদ ইসলাম

এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের অংশ নেওয়া ছিল সংস্কারের মুখোশে একটি রাজনৈতিক নাশকতা এবং নিজেদের হীন স্বার্থ আদায়ে পিআর আন্দোলনকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অন্যদিকে টানা ২৭ ঘণ্টা চেষ্টার পরে বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভানো সম্ভব হয়েছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে:

    • পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
    • নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, “কোনও রাজনৈতিক দলের ব্যাপারে অন্য কোনও দলের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত”।
    • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়ানো হলেও তা প্রত্যাখ্যান করেছে শিক্ষকরা।
    • গাজার রাফা ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে।
    • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিতে সোমবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
    • ফ্রান্সের প্যারিসের বিখ্যাত ল্যুভ জাদুঘরে চুরির পর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি সংস্কৃতি মন্ত্রী।
    • ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ২৭ ঘণ্টা পর রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে পরিপূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
    • শাপলা প্রতীক নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা আবারো নির্বাচন কমিশনকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের সাথে সাক্ষাৎ করে আবারো তাদের দলীয় প্রতীক শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. অন্য কোনও দল নিয়ে বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত: নাহিদের বক্তব্য প্রসঙ্গে জামায়াত

    কোনও রাজনৈতিক দলের ব্যাপারে অন্য কোনও দলের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    রোববার জামায়াত ইসলামী নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের জবাবে এ কথা জানান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

    মি. আজাদ বিবিসি বাংলাকে বলেন, “যে কোনও দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল”।

    তিনি বলেন, “রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে। আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে। সেটাই প্রত্যাশা ছিল আমাদের”।

    এই জামায়াত নেতা মনে করেন, কোন দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে যে কোনও কিছুই বলতে পারে। সেটা যে কোনও দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান।

    এনসিপিকে প্রসঙ্গে মি. আজাদ বলেন, “যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে, যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার কথা বলে সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করা উচিত”।

    তিনি মনে করেন- এই ধরনের বক্তব্য ছিল পুরনো রাজনৈতিক ধারা। যে কারণে এনসিপিরও উচিত ছিল দায়িত্বশীলতা ও সৌজন্যতাবোধ বজায় রেখে মন্তব্য করা।

    বিকেলে এক ফেসবুক পোস্টে পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিকে জামায়াতে ইসলামীর সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করে ফেসবুক পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    সেখানে জামায়াতকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগও তুলেছিল মি. ইসলাম।

  3. গাজায় আবারো ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

    গাজার রাফা ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে।

    আইডিএফ জানিয়েছে, রাফায় তারা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করছিল, তখনই গুলি চালানো হয়েছে তাদের ওপর। যে কারণে তারা এটিকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হিসেবে দেখছেন এবং কঠোর প্রতিক্রিয়ার হুশিয়ারিও দিয়েছে।

    এর প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা হামলার বিষয়ে অবগত নয়। কেননা, তারা যুদ্ধবিরতি চুক্তি মানতে বদ্ধ পরিকর। বরং হামাস মনে করছে- ইসরায়েল নিজেই চুক্তি ভঙ্গ করে মিথ্যা অজুহাত তুলছে।

    এদিকে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত আটজন নিহত হয়েছে।

    আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গাজার আল-জাওয়াইদা শহরে বিমান হামলায় ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন।

    এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে গাজার ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

    অন্যদিকে, যুদ্ধবিরতির প্রথম ধাপে জীবিত সব ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছে। তবে মৃত জিম্মিদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ ফেরত দিয়েছে হামাস।

  4. পিআর ও গণভোটসহ বিভিন্ন দাবিতে জামায়াতসহ ইসলামি দলগুলোর নতুন কর্মসূচি

    জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

    রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদের স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।

    তিনি বলেন, আমাদের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, তবে এর আগে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আর গণভোট দিতে হবে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই সনদের আইনিভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করা হয়।

    কর্মসূচির মধ্যে রয়েছে- ২০শে অক্টোবর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২৫শে অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ২৭ অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

  5. প্যারিসের ল্যুভ জাদুঘরে চুরির পর বন্ধ ঘোষণা

    ফ্রান্সের প্যারিসের বিখ্যাত ল্যুভ জাদুঘরে চুরির পর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি সংস্কৃতি মন্ত্রী।

    ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

    রাচিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “রোববার সকালে জাদুঘর খোলার সময়ই ঘটনাটি ঘটে”।

    পোস্টে তিনি জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং পুলিশ সেখানে তদন্ত চালাচ্ছে।

    জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “অনিবার্য কারণবশত রোববার জাদুঘর বন্ধ থাকবে”। তবে এরচেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি জাদুঘর কর্তৃপক্ষ।

    ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ''জাদুঘর থেকে কিছু জুয়েলারি পণ্য চুরি হয়েছে। তিনজন মুখোশধারী ব্যক্তি একটি সংস্কার কাজ চলা ভবনে একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলঙ্কারসমূহ সংরক্ষিত রয়েছে”।

    মুখোশধারীদল জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। চুরির পরে একটি স্কুটারে পালিয়ে যায়।

    ল্যুভ জাদুঘর বিশ্বের অন্যতম জাদুঘর। এতে বিশ্বের বহু বিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত আছে।

    বিশ্বে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি ল্যুভ জাদুঘর।

  6. প্রায় ২৭ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরের আগুন নিভেছে

    ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ২৭ ঘণ্টা পর রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে পরিপূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    রোববার বিকেলে বিমানবন্দরের গেটে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

    ব্রিফিংয়ে মি. চৌধুরী জানান, শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।

    তিনি জানান, কার্গো ভিলেজের যেখান থেকে আগুনের ঘটনা ঘটেছে সেখানে যদি অগ্নি সতর্কতার (ফায়ার ডিটেকটেড সিস্টেম) থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। যে কারণে আগুন নেভাতেও বেশ বেগ পোহাতে হয়েছে।

    আগুনের সূত্রপাত কিভাবে কিংবা এটি এতটা ছড়ালো কিভাবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, “সূত্রপাত কিভাবে হয়েছে সেটা আমরা দেখছি। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। নির্বাপণের পরই সাধারণত প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়। তারপরই তদন্ত কমিটি হয়। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। যাচাই বাছাই ও তদন্ত করে বলতে পারবো আগুনের সূত্রপাত কোথা থেকে”।

    এর আগে দুপুরে বিমানবন্দর এলাকা পরিদর্শনে বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

    এসময় আগুনের পেছনে নাশকতার কোন ঘটনা জড়িত কি-না জানতে চাওয়া হয়েছিল উপদেষ্টা মি. উদ্দিনের কাছে। জবাবে তিনি বলেন, “বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব”।

  7. পিআর নিয়ে জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা- নাহিদ ইসলাম

    পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এই পোস্টে মি. ইসলাম বলেন, “জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা”।

    সেখানে তিনি বলেন, “সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্নখাতে প্রবাহিত করতেই”।

    এনসিপি প্রধান মি. ইসলাম পিআর পদ্ধতির প্রসঙ্গ তুলে এই পোস্টে বলেন, “সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষে পিআর ছিল মৌলিক সংস্কারের অন্যতম দাবি। সেই অবস্থান থেকে আমরা উচ্চকক্ষে পিআর দাবিতে একত্রে আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামোকে একটি বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম”।

    “কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই কর্মসূচিকে ছিনতাই করে শুধুমাত্র পিআর পদ্ধতির আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিজেদের হীন স্বার্থ আদায়ে পিআর আন্দোলনকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনও সংস্কার ছিল না; ছিল কেবল কৌশলগতভাবে প্রভাব বিস্তার করা”, যোগ করেন নাহিদ ইসলাম।

    এই পোস্টে তিনি আরো বলেন, “জামায়াতে ইসলামী কখনও সংস্কার আলোচনায় অংশ নেয়নি। না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনও কার্যকর প্রস্তাবও দেয়নি, কোন সাংবিধানিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেনি, কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনও প্রতিশ্রুতিও দেখায়নি”।

    নাহিদ ইসলাম লেখেন, “ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের অংশ নেওয়া ছিল সংস্কারের মুখোশে একটি রাজনৈতিক নাশকতা। আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যিই জেগে উঠেছে, এবং জনগণ আর কখনও ভুয়া সংস্কারবাদীদের দ্বারা প্রতারিত হবে না”।

    পোস্টের শেষে নাহিদ উল্লেখ করেন- তিনি মনে করেন সৃষ্টিকর্তা কিংবা এই দেশের সাধারণ মানুষ কখনোই অসৎ, সুযোগসন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া এরকম একটি শক্তিকে তাদের শাসন করার মতো সুযোগ দেবে না।

  8. পাঁচ শতাংশ বর্ধিত বাড়িভাড়া প্রত্যাখ্যান শিক্ষকদের, ভুখা মিছিলে পুলিশ-শিক্ষক মুখোমুখি

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার।

    তবে, সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রোববার বিকেলে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করে শিক্ষকরা।

    এসময় মিছিল নিয়ে শিক্ষকরা হাইকোর্ট মাজার এলাকায় আসলে সেখানে তাদের আটকে দেয় পুলিশ।

    রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় আগামী পহেলা নভেম্বর থেকে মূল বেতনের পাঁচ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। তবে সর্বনিম্ন বাড়িভাড়া ভাতা হবে দুই হাজার টাকা।

    এ আদেশে বলা হয়েছে, “বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগের শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। ভাতা প্রদানের ক্ষেত্রে কোনও বকেয়া থাকবে না এবং সকল আর্থিক বিধি-নিষেধ অবশ্যই পালন করতে হবে। এছাড়া, ভবিষ্যতে যদি ভাতা সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়ে, তবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে”।

    আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

    রোববার তিনি সাংবাদিকদের বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় অগ্রগতি হয়েছে। আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন, তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন”।

  9. নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই: হাসনাত আব্দুল্লাহ

    শাপলা প্রতীক নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা আবারো নির্বাচন কমিশনকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের সাথে সাক্ষাৎ করে আবারো তাদের দলীয় প্রতীক শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়।

    এই চিঠিতে কোন আইনি ভিত্তিতে শাপলাকে প্রতীক তালিকায় রাখা হয়নি, সেটিসহ চার দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠিও দেয় দলটি।

    পরে সাংবাদিকদের এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, “কেন আমাদের শাপলা দেওয়া হবে না, সেটি নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোন আইনগত ব্যাখ্যা ইসির পক্ষ দিতে পারেনি। শুধুমাত্র শাপলার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি। এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই শাপলাকে অবশ্যই আমরা অর্জন করবো”।

    মি. আবদুল্লাহ এসময় বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি, এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।

    এসময় এনসিপির আরেক নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, :এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাবো যদি এই বিষয়টি সুরাহা না করা হয়”।

    তবে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন তার আগের অবস্থানেই অনড় রয়েছে। রোববার সিলেটে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইন ও বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সে প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না”।

  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে