ইরানের সঙ্গে আলোচনা ভালো চলছে দাবি ট্রাম্পের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানীতে ভিড়ে দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে বাংলাদেশের ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে (নিকার)। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
    • বুধবার বাংলাদেশের আগামী তিন মাসের একটি আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জানিয়েছে, এবছর পরবর্তী তিন মাসে বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিক থাকবে বৃষ্টিপাতের পরিমাণ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে এবং কাতারের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকগুলোও সফল হয়েছে।
    • ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে, একটি সামগ্রিক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে বেইজিং।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮শে ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
    • বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
    • নদীয়ায় মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য।

    বিবিসি বাংলা'র লাইভ পাতার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান চীনের

    একটি ভবনে ইরানের পতাকা উড়ছে

    ছবির উৎস, Reuters

    ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে, একটি সামগ্রিক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে বেইজিং।

    এএফপির তথ্য অনুযায়ী, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিকুন তাদের দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা উচিত—এটাই চীনের ধারাবাহিক অবস্থান।

    তিনি বলেন, “আমরা আশা করি, যুক্তরাষ্ট্র ও ইরান এর আগে যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে তা বাস্তবায়ন করবে এবং যত দ্রুত সম্ভব একটি সামগ্রিক রাজনৈতিক সমাধানে পৌঁছাতে আলোচনা এগিয়ে নেবে।”

    চীন বারবার জোর দিয়ে বলেছে যে, ইরান ইস্যুর সমাধানে সংলাপ ও কূটনীতিই একমাত্র বাস্তবসম্মত পথ। এছাড়া আলোচনা প্রক্রিয়া অব্যাহত রেখে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

  3. আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ

    আয়াতুল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ আলী খামেনি

    ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

    বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর সাক্ষরিত একটি বার্তা প্রকাশ করা হয়।

    এতে বলা হয়েছে, ‘আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী, পরিকল্পনাকারী ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে”।

    গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই খামেনি নিহত হন।

    ওই হামলায় ইরানের আরও কয়েকজন কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।

    আগামী চৌঠা জুলাই থেকে আটই জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    এছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

  4. ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে- জানালেন ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে এবং কাতারের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকগুলোও সফল হয়েছে।

    তিনি বলেন, “ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণও খুব ভালোভাবে এগোচ্ছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে”।

    নর্থ ডাকোটার উদ্দেশে রওনা হওয়ার আগে বুধবার সাংবাদিকদের এই কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

    "আমরা তাদের ওপর খুব চাপ দিয়েছিলাম, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কও রয়েছে,” বলেন তিনি।

    কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলে একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

  5. মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ তৃণমূল এমপির

    ফেসবুক লাইভে মহুয়া মৈত্র

    ছবির উৎস, Mahua Moitra/Facebook

    ছবির ক্যাপশান, ফেসবুক লাইভে এসে অভিযোগ জানান মহুয়া মৈত্র

    নদীয়ায় দলীয় বৈঠক করতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। যে ভবনে বৈঠক চলছিল, তার নিচে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়, জানলার দিকে তাক করে ডিম ছোঁড়া হয়। তাকে উদ্দেশ করে ছোঁড়া ডিম গায়ে এসেও লাগে।

    ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, ভবনের নিচে জড়ো হওয়া ব্যক্তিরা বিজেপিকর্মী। তারা ওই ভবন ঘেরাও করে রেখেছেন, বাইরে বেরোতে দিচ্ছেন না বলেও জানান মিজ. মৈত্র।

    কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে উপস্থিত হলেও তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন মহুয়া মৈত্র।

    পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, “দেখুন, সরকার বদল হওয়ার পর আইন-শৃঙ্খলা শিকেয় উঠেছে। পুলিশ-প্রশাসন নির্বিকার। আমাকে হামলা করার ছক করেছে বিজেপি। এরা কেউ সাধারণ মানুষ নয়, এরা বিজেপির লোক।”

    সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ্য করে বিক্ষোভ জানানোর সময় ডিম ছোঁড়ার একাধিক ঘটনা ঘটেছে। অভিষেক ব্যানার্জী থেকে শুরু করে কুণাল ঘোষ - একাধিক নেতা এর শিকার হয়েছেন।

    এ ধরনের ঘটনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার তার শুনানির সময়ে আদালতের পক্ষ থেকে রাজনীতিবিদদের দিকে ডিম ছোঁড়ার ঘটনা “সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে” বলে মন্তব্য করা হয়েছে।

    এরকম কার্যকলাপ বন্ধে গ্রেফতারের বদলে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেছে আদালত। সম্প্রতি এমন কতগুলো ঘটনা ঘটেছে, সে সম্পর্কে পরবর্তী শুনানির সময়ে পুলিশকে জানাতেও বলা হয়েছে। তারই মাঝে বুধবার মহুয়া মৈত্রের সঙ্গে এই ঘটনা ঘটলো।

  6. মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

    মেক্সিকো সিটির একটি রাস্তায় মানুষের ভিড়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের পর শহরটির রাস্তায় ১০ লাখেরও বেশি মানুষ নেমে আসে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে

    বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

    মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী। অন্য দুজন হলেন ৪৮ বছর বয়সী একজন নারী এবং ৪৪ বছর বয়সী একজন পুরুষ।

    ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হলে এই ঘটনাটি ঘটে।

    সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসে। তাদের বেশিরভাগই শহরের কেন্দ্রস্থলের অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হয়েছিল।

    মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, জরুরি সেবাকর্মীরা সড়কের আশপাশের তিনটি পৃথক স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসরা তাদের মৃত ঘোষণা করেন।

    চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তিনজনই শ্বাসরোধে মারা গেছেন। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।

    মেক্সিকো সিটিতে দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলগুলোর একটি।

  7. শুভেন্দু অধিকারীকে আম উপহার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার দেওয়া আমের বাক্স

    ছবির উৎস, Bangladesh High Commission

    ছবির ক্যাপশান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার দেওয়া আমের বাক্স

    বাংলাদেশের আম্রপালি আম উপহার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

    কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে এই আম পাঠানো হয়েছে।

    একইসঙ্গে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত আয়েশা আক্তার।

    প্রসঙ্গত, সম্প্রতি কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলাদেশের সংসদেও এনসিপি নেতা নাহিদ ইসলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘লাগামহীন’ মন্তব্য করার অভিযোগ করেছিলেন।

    অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে 'পুশ ইন' চেষ্টা বিভিন্ন সময়ে বানচালের তথ্য জানাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

  8. বাড়তে পারে তাপমাত্রা, তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

    স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আগামী তিনমাসে বাড়তে পারে তাপমাত্রা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আগামী তিনমাসে বাড়তে পারে তাপমাত্রা

    আধুনিক প্রযুক্তি, আবহাওয়া বিন্যাস ও বায়ু মণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র ও জলবায়ু মডেল অনুসরণ করে আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    এতে বলা হয়েছে আগামী তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    এর মধ্যে জুলাই মাসে সারাদেশের অন্যান্য বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ে চট্টগ্রাম বিভাগে ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজশাহী বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জুলাইয়ে রাজশাহীতে ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।

    তবে, পরবর্তী তিন মাসে তাপমাত্রা বৃদ্ধিরও ইঙ্গিত দেওয়া হয়েছে পূর্বাভাসে। এতে বলা হয়, এই তিন মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

    এই সময়ে বিছিন্নভাবে দেশে তিন থেকে পাঁচটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

  9. আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় তেহরানে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা

    কয়েকটি ভবনের পেছনে দূরে পাহাড়, ওপরে আকাশে একটি বিমান উড়ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর শুক্রবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮শে ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।

    এই সংস্থার প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, মেহরাবাদ বিমানবন্দর শুক্রবার সকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

    এই নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে না এবং ওই দিন ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

    তিনি আরও বলেন, আগামী সোমবার জানাজার কারণে তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ফ্লাইটশূন্য থাকবে।

    মি. শিরুডি বলেন, সোমবার তেহরানের দুটি প্রধান বিমানবন্দর থেকেই ‘কোনো ফ্লাইট’ পরিচালিত হবে না।

    ৪ থেকে ৮ই জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে আলী খামেনেই-এর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও আনুষ্ঠানিকতা হবে।

  10. ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দোহায় পরোক্ষ কারিগরি আলোচনা ‘চলছে’

    যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

    ছবির উৎস, Getty Images

    কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

    সূত্রটি জানায়, বুধবারের কারিগরি বৈঠকের জন্য পরিবেশ তৈরি করতে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গতকাল কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তবে তারা নিজেরা এই আলোচনায় উপস্থিত নেই।

  11. বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার-এর বৈঠক

    ছবির উৎস, PMO

    বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।

    এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

    মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার- এর ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

    নিকার প্রস্তাব অনুযায়ী তিনটি নতুন উপজেলা হচ্ছে- চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।

    চট্টগ্রামের হাটহাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

    এর ফলে বাংলাদেশে উপজেলার সংখ্যা হবে ৪৯৮ এবং থানার সংখ্যা হবে ৬৪০টি।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।
    • ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট এবং নতুন বা ট্রান্সফার হওয়া কর্মী- এই দুই ধরনের কর্মী এই সুযোগটি নিতে পারবেন।
    • যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। ছয়-তিন ভোটে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বিচারপতিরা।
    • যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা।
    • জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সেটি পাস হয়।
    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে আদালতের নির্দেশনা থাকলেও দেশের অনেক গণমাধ্যম এটি মানছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি কারখানায় মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।
    • ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে