আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বাংলাদেশে শপিংমল ও দোকানপাট রাত ৮টায় বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এদিকে, দিল্লির যন্তর মন্তরে আবার আন্দোলনের ‘হুঁশিয়ারি’ দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

প্রতিবেদন করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বাংলাদেশে শপিংমল ও দোকানপাট রাত ৮টায় বন্ধের নির্দেশ

    বাংলাদেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। চলমান বিদ্যুৎ সংকট পরিস্থিতির মধ্যেই সরকারের দিক থেকে আজ এ নির্দেশনা এলো।

    বিদ্যুৎ বিভাগ একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

    আজ বুধবার রাতে বিদ্যুৎ বিভাগ সারাদেশে জেলা প্রশাসনকে এ নির্দেশনা জানিয়েছে।

    এর আগে গত ১১ই জুন জারি করা নির্দেশনা অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।

    আজকের নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যেই শেষ করতে হবে।

    তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

    এখন সরকারের নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করা, আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে হবে।

  2. ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারীকে উদ্ধার

    কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের একটি ভবন ধসে পড়ার প্রায় ৩৬ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ বছর বয়সী একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    প্রায় ১০ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানোর পর ড্যানিয়েলা লার্গোকে পেরেইরা শহরের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়।

    এর আগে দমকলকর্মীরা চারটি কংক্রিটের স্ল্যাবের নিচে চাপা পড়ে থাকা লার্গোর কাছে পৌঁছাতে সক্ষম হন। তারা স্ল্যাবগুলোর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ খুঁড়ে তার কাছে পৌঁছান।

    সরকারি হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে অন্তত ১৮৮ জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

    কলম্বিয়ার কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরায় ৭৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

    লার্গোর মা বার্তা সংস্থা এএফপি- কে জানান, স্থানীয় এক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য তার মেয়ের চিৎকার শুনতে পান।

    জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি ছোট ক্যামেরার সাহায্যে লার্গোর অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। তবে তাকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে, কারণ চারটি ভারী কংক্রিটের স্ল্যাব তার কাছে যাওয়ার পথ আটকে রেখেছিল।

    স্থানীয় দমকলকর্মীদের সঙ্গে রাজধানী বোগোতা থেকে আসা কর্মী এবং জাতীয় পুলিশ বাহিনীর দুর্যোগ মোকাবিলা দল মিলে লার্গোর কাছে পৌঁছানোর জন্য দুটি সুড়ঙ্গ খুঁড়তে বাধ্য হয়।

    উপরের দিক থেকে খোঁড়া একটি সুড়ঙ্গের মাধ্যমে তারা লার্গোকে অক্সিজেন সরবরাহ করেন। তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় নিচের দিক থেকে খোঁড়া দ্বিতীয় সুড়ঙ্গটির মাধ্যমে।

    কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লার্গোর উদ্ধারের ঘটনা নিয়ে বলেন, এটি "এমন একটি খবর, যা আমাদের আশায় ভরিয়ে দেয়"।

  3. বিয়ে করেছেন রোনালদো-জর্জিনা

    ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘদিনের সঙ্গী, মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন।

    পর্তুগিজ এই স্ট্রাইকার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দুটি হাত দেখা যায়। ধারণা করা হচ্ছে, একটি তার এবং অপরটি তার স্ত্রীর। উভয়ের হাতেই বিয়ের আংটি রয়েছে।

    পর্তুগিজ গণমাধ্যম এ ঘটনাকে বছরের সেরা বিয়ে হিসেবে উল্লেখ করে বলেছে, ১১ই আগস্ট লিসবনের কাছে উপকূলীয় শহর কাসকাইসে এই দম্পতি বিয়ে করেন। তাদের পাঁচ সন্তানও অনুষ্ঠানে উপস্থিত ছিল বলে জানানো হয়েছে।

    ইনস্টাগ্রামে পোস্টটি প্রকাশের ৩০ মিনিটের মধ্যেই তাতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

    মাদ্রিদের একটি গুচি দোকানে কাজ করার সময় জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় হয়। সে সময় তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। সেই পরিচয়ের পর গত ১০ বছর ধরে তারা একসঙ্গে আছেন। রোনালদোর মোট পাঁচ সন্তানের মধ্যে দুজন জর্জিনার সাথে।

    গত বছরের ১১ই অগাস্ট তারা বাগদানের ঘোষণা দেন। সে সময় জর্জিনা রদ্রিগেজ একটি বড় হীরার আংটির ছবি পোস্ট করে তার মাতৃভাষা স্প্যানিশে লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেও।”

  4. ক্যাস্পিয়ান সাগরে বিদেশি শক্তির উপস্থিতি নিয়ে সতর্ক করলো ইরান

    ইরান বলেছে, ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তার বিষয়টি ‘প্রতিযোগিতা বা এই অঞ্চলের বাইরের শক্তিগুলোর’ উপস্থিতির ক্ষেত্র হয়ে ওঠা উচিত নয়।

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, “উপকূলবর্তী দেশগুলো সক্ষম এবং তাদের নিজেদেরই ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারা উচিত”।

    আন্তর্জাতিক ক্যাস্পিয়ান সাগর দিবস উপলক্ষে এবং সাগরটিতে সাম্প্রতিক উত্তেজনার পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

    গারিবাবাদি বলেন, ৪০ দিনের যুদ্ধ ‘ক্যাস্পিয়ান সাগরের ভূ-রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বকে আগের যেকোনো সময়ের চেয়ে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে’।

    সম্প্রতি ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে সামরিক হামলা চালায় ইউক্রেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর বলেন, জাহাজটিতে সামরিক সরঞ্জাম ছিল, যা ইরান ও রাশিয়ার মধ্যে বিনিময় করা হচ্ছিল। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে।

    এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তার ইউক্রেনীয় প্রতিপক্ষ আন্দ্রি সিবিহা তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি জাহাজটিকে লক্ষ্যবস্তু করা ‘অনিচ্ছাকৃত’ ছিল।

    সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়, সেই যুদ্ধের সময় ক্যাস্পিয়ান সাগরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও দুই দেশ হামলা চালায়।

  5. মুম্বাইয়ে টানা বৃষ্টিতে ভূমিধস, সাত জনের মৃত্যু

    মুম্বাইয়ে ভূমিধসের কারণে একটি ভবন ধসে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের ঘাটকোপারের চেরাগনগরে অবস্থিত এক আবাসিক ভবনে ঘটনাটি ঘটে।

    দমকল বিভাগ, পুলিশ, ওয়ার্ডের কর্মী, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। বিধ্বস্ত ওই ভবনের নিচে অনেকে আটকে পড়েছিলেন, তাদের মধ্যে কয়েকজন আবাসিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

    আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল।

    পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্ডে বলেছেন যে, একটানা বৃষ্টির কারণে ভূমিধসটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার কথা ভেবে তাদের অন্যত্র সরানোর কথা ভাবা হচ্ছে বলেও বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

  6. যন্তর মন্তর 'সিজন-টু' শুরুর হুঁশিয়ারি দিলেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে

    দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফার আন্দোলনের ‘হুঁশিয়ারি’ দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

    তার অভিযোগ, বুধবার সভার জন্য একটি হল খুঁজছিলেন তারা, কিন্তু পাননি। তার অভিযোগ, ‘ওপর থেকে চাপ’ দেওয়ার কারণেই কেউ হল ভাড়া দিতে সম্মত হননি। সেই প্রসঙ্গেই যন্তর মন্তরে আবার আন্দোলনের কথা বলেন তিনি।

    সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মি দীপকে বলেন, "ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই খুব শিগগিরই যন্তর মন্তর সিজন টু আসছে।"

    বুধবার সভা আয়োজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আজ দিল্লিতে আমাদের স্বেচ্ছাসেবকদের একটি সভা করার পরিকল্পনা ছিল। আমরা একটি হল খুঁজছিলাম, কিন্তু কেউই আমাদের ভাড়া দিতে রাজি হচ্ছিল না। সবাই বলছিল ওপর থেকে চাপ আসছে।"

    "আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। আমাদের কাছে এর রসিদও আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে, যদি তারা এখানে সিজেপি-র সভা হতে দেন, তাহলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।"

    “এই সবকিছু বিজেপির সাজানো নাটক। তাদের কার্যকলাপ ও কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দেশের যুবসমাজকে ভয় পায়। যদি তারা মনে করে যে এই ধরনের তুচ্ছ কর্মকাণ্ডে আমরা ভয় পেয়ে যাব, তবে তারা মারাত্মক ভুল করছে।”

  7. 'নুডলসের মতো আইন তৈরি হচ্ছে'- ১৭ দিনে ১০টি বিল পাস নিয়ে কটাক্ষ ভারতীয় এমপির

    তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ওব্রায়েন অভিযোগ তুলেছেন যে ভারতের কেন্দ্রীয় সরকার আলোচনার জন্য পর্যাপ্ত সময় না দিয়েই বিল পাশ করছে। বিষয়টিকে ইন্সট্যান্ট নুডলস তৈরির জন্য সময়ের সঙ্গে তুলনা করেছেন।

    তিনি লিখেছেন, "নুডলসের মতো আইন তৈরি হচ্ছে। বিজেপি ১৭ দিনে ১০টি বিল পাস করেছে, অর্থাৎ প্রতিটি বিলের জন্য গড়ে মাত্র ৪ মিনিট সময় দেওয়া হয়েছে। সংসদকে একটি গভীর, অন্ধকার ঘরে পরিণত করা হচ্ছে।"

    ডেরেক ওব্রায়েন অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা সংক্রান্ত বিলটি চার মিনিটে পাশ হয়েছে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিলটি দুই মিনিটে পাশ হয়েছিল।

    অন্যদিকে, ব্যাংকারদের খাতা সংক্রান্ত সাক্ষ্যপ্রমাণের জন্য আইন প্রণয়ন এবং সমসাময়িক ডিজিটাল ব্যাংকিং পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য যে বিল- ‘ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স বিল’ তিন মিনিটে পাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    অন্যান্য বিলের উল্লেখ করে তিনি হিসাব দিয়েছেন যে কোনো বিল তিন মিনিটে, আবার কোনো বিল দুই বা চার মিনিটের মধ্যে পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার।

  8. বিপ্লব কুমারসহ ছয়জন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

    ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় জন পুলিশ কর্মকর্তাকে 'অসদাচরণ ও পলায়নের' মতো অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সরকার।

    আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জরি করা হয়েছে।

    প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় প্রক্রিয়া শেষে ছয় কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বরখাস্ত হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার সবাই বিভিন্ন সময়ে সাময়িক বরখাস্ত ছিলেন। তাদের মধ্যে বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্তের পর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

    সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    এই গুরুদণ্ড আরোপের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হলে, পিএসসিও বরখাস্তের সিদ্ধান্তে একমত পোষণ করে বলে এতে জানানো হয়।

  9. পাঁচ বছরে ২৪ লাখ আফগান মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত: ইউনেস্কো

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) বলেছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আনুমানিক ২৪ লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষায় অংশ নিতে পারেনি।

    এ সপ্তাহে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পঞ্চম বার্ষিকী পালন করছে। এ সময় মানবাধিকার পর্যবেক্ষকদের উদ্বেগ বাড়তে থাকলেও কিছু দেশ তালেবান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক বাড়িয়েছে।

    ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়ে ও নারীদের আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। সংস্থাটি বলেছে, এই পরিস্থিতি “আফগানিস্তানকে কয়েক দশক ধরে সম্ভাবনা হারানোর, আরও দারিদ্র্যের মুখোমুখি হওয়ার এবং অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে ফেলছে”।

    সংস্থাটির হিসাব অনুযায়ী, নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার ওপর নিষেধাজ্ঞার কারণে ২০৬৬ সালের মধ্যে ছয় লাখ আফগান নারী শ্রমশক্তি থেকে বেরিয়ে যেতে পারেন। এর ফলে মোট ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার আয়ের ক্ষতি হতে পারে এবং বাল্যবিবাহের ঝুঁকি বাড়তে পারে।

    তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।

    যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় এলে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার আশ্বস্ত করেছিল যে নারীরা অবাধে স্কুলে যেতে এবং শিক্ষা গ্রহণ করতে পারবেন।

    ‘ইসলামি আইন’ এবং ‘আফগান সংস্কৃতি’র ব্যাখ্যা অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান করে বলেও জানায় তারা।

    কিন্তু এসব প্রতিশ্রুতি সত্ত্বেও ২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এবং পরে ২০২২ সালের ডিসেম্বরে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও নিষিদ্ধ করা হয়। তালেবান উভয় নিষেধাজ্ঞাকেই সাময়িক বলে বর্ণনা করেছিল, কিন্তু সেগুলো এখনো বহাল রয়েছে।

    তালেবানের বিধিনিষেধ নারীদের কাজ এবং চলাচলের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে।

  10. ইরানের কেশম দ্বীপের বনে ছড়াচ্ছে তেল, দূষণের উৎস অজানা

    ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে তেল ছড়িয়ে পড়ছে। কেশমের ম্যানগ্রোভ বনাঞ্চলকে গুরুত্বপূর্ণ উপকূলীয় বাস্তুতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়।

    এসব বন জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলের স্থিতিশীলতা এবং বিভিন্ন জলজ প্রাণী ও পাখির আবাসস্থল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণ ও পরিষ্কার করার পাশাপাশি এটি যাতে আরও ছড়িয়ে না পড়ে সে জন্য কার্যক্রম চলছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তেলদূষণের একটি অংশ কেশমের ম্যানগ্রোভ বনাঞ্চলে পৌঁছেছে।

    কেশম দ্বীপের প্রাকৃতিক সম্পদ ও জলাধার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইউসেফ ওপরা এলাকাটি পরিদর্শনের পর জানান, তেল ছড়িয়ে পড়ার পরিমাণ এবং দূষিত এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দূষণ নিয়ন্ত্রণ ও পরিষ্কারের কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি বনাঞ্চলে যাতে আরও তেল প্রবেশ করতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    স্থানীয় কর্তৃপক্ষ এখনো দূষণের সঠিক কারণ ও উৎস জানায়নি। তারা জানিয়েছে, বিশেষজ্ঞদের তদন্তের ফলাফল পরে প্রকাশ করা হবে।

    প্রসঙ্গত, সম্প্রতি ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

  11. হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু বাংলাদেশে

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চার শিশু এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৭৮৬ জনের মৃত্যু এবং নিশ্চিত হমে আরো ৯৯ জনের মৃত্যুর তথ্য দিলো সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ।

    এ বিষয়ক নিয়মিত বুলেটিনে আজ জানানো হয়েছে যে, চলতি বছরের মার্চে প্রাদুর্ভাবের পর গত চার মাসে হামে ও হাম সন্দেহে আক্রান্ত শিশুর সংখ্যা ইতোমধ্যেই এক লাখ অতিক্রম করেছে।

    প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও আাগেই সতর্ক করে বলেছে, টিকাদানের হার কমে যাওয়ায় বিশ্বের কিছু অঞ্চলে আবার হাম রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে।

    চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট এর তথ্য অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম প্রাদুর্ভাব দেখা গেছে ২০২৪ এবং ২০২৫ সালে।

    আবার, এপ্রিলের শেষ দিকে একটি প্রতিবেদনে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিল ডব্লিউএইচও।

    তাতে হামের চলমান পরিস্থিতিকে জাতীয়ভাবে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' বলেও মূল্যায়ন করেছিল সংস্থাটি।

  12. ‘ইরানের পারমাণবিক বোমা তৈরি এখনো বহু দূর’- মোসাদের সাবেক প্রধানের মন্তব্য

    ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইরানের ভূগর্ভস্থ ফোরদো পারমাণবিক স্থাপনার ওপর ব্যাপক ও গভীর নজরদারি চালিয়েছিল।

    ইয়োসি কোহেন মঙ্গলবার এক বৈঠকে ইরানের ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও কথা বলেছেন।

    তার মতে, ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা এত বেশি হলেও এর অর্থ এই নয় যে ইরান শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে, “৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো একটি বোমা তৈরির থেকে অনেক দূরে”।

    গত বছর যুক্তরাষ্ট্র উন্নত বোমারু বিমান এবং বাংকার-বাস্টার (ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী) বোমা ব্যবহার করে ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

    প্রসঙ্গত, ফোরদো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। এই স্থাপনাটি তেহরান থেকে প্রায় ১৬০ কিমি দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত।

    এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে, যা ২০০৯ সালে বিশ্বের নজরে আসে।

  13. পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে স্পেন ও পর্তুগাল থেকে, ড্যারেন বেট, বিবিসির আবহাওয়া উপস্থাপক

    পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথ আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেন ও পর্তুগালের একটি ছোট অংশের ওপর দিয়ে অতিক্রম করবে।

    আইসল্যান্ডে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি, তবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কিছু সময়ের জন্য মেঘ সরে যাওয়ার সর্বোত্তম সুযোগ থাকতে পারে।

    স্পেন ও পর্তুগালের পরিস্থিতি অবশ্য একেবারেই ভিন্ন। সেখানে আকাশে খুব কম বা একেবারেই মেঘ থাকবে না এবং সূর্যগ্রহণ দেখার পরিবেশ চমৎকার হওয়ার কথা।

    তাই আদর্শভাবে এমন একটি স্থান বেছে নেওয়ার কথা বলা হয়েছে যেখান থেকে পশ্চিম দিগন্ত পরিষ্কার ও বাধাহীনভাবে দেখা যায়। উঁচু কোনো স্থান এবং গাছপালা ও ভবন থেকে দূরে থাকা স্থান এ ক্ষেত্রে সবচেয়ে উপযোগী হবে।

  14. সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতির আশা করছেন তারা।

    আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গ্যাস যদি পর্যাপ্ত সরবরাহ না হয় তাহলে বিদ্যুতের সংকট হয়। তারপরও আমরা একটি কৌশল নিয়েছি। আশা করছি আজ সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে”।

    এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে এক কার্গো এলএনজি পাওয়ার আশা করছেন তারা।

    “এটা একটি প্রক্রিয়ার ব্যাপার। সেটা নিয়ে কাজ করছি। আমাদের হাতে যত বিকল্প আছে সব নিয়েই কাজ করছি। আমরা সবার সাথে কথা বলেছি,” বলেছেন তিনি।

    সরকার জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির ওপর কারও হাত নেই- মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “সামিট টার্মিনালে এলএনজি ডিসচার্জ করা যাচ্ছে না। এক্সিলারেট টার্মিনাল থেকে এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো যায় না”।

    তার দাবি, বিগত সরকারগুলো কোনো মধ্য ও দীর্ঘমেয়াদী সমাধান খোঁজেনি বলেই হঠাৎ করেই সংকট সামনে এসেছে।

    প্রসঙ্গত, এলএনজি সরবরাহ কমে যাওয়া গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে সংকট চলছে দেশে। ফলে সারাদেশে লোডশেডিং অনেক বেড়ে গেছে।

  15. বরিশালের আদালত চত্বরে বিস্ফোরণ

    বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশালের আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেছেন যে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আদালত চত্বরে ককটেলজাতীয় একটি বস্তু রেখে যায়, যা পরে বিস্ফোরিত হয়।

    “আমাদের সিআইডির এক্সপার্ট টিম তারা আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। পটকার আওয়াজ যেমন হয় তেমন শব্দ শোনা গেছে। আমরা সব বিষয় যাচাই বাছাই করে দেখছি,” সাংবাদিকদের বলেছেন তিনি।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আদালত চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করেন।

    পুলিশের দাবি, আদালতের প্রধান প্রবেশপথের বা পাশে একটি ব্যাগ পড়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগের ভেতরে থাকা বস্তুটি বিস্ফোরিত হয়।

    তবে কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  16. 'সমকামিতার' অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর সিট বাতিল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে 'সমকামিতার' অভিযোগ ওঠার পর তাদের আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তারা ওই দুই শিক্ষার্থীর সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেওয়া যায় সেটি এখন পর্যালোচনা করছে বলেও জানা গেছে। যদিও বিশ্ববিদ্যালয় বিধিমালায় এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই বলে কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে আরও দুটি হলে দুজন অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।

    এর মধ্যে একটি হলে একজন শিক্ষার্থী সমকামিতার জন্য বহিরাগত এনেছেন- এমন অভিযোগ ওঠে।

    আর অন্য ঘটনায় হল ছাত্র সংসদের একজন নেতা ও একজন শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ওঠেছিল। পরে হল প্রশাসন হল সংসদের নেতার সিট সাময়িক বাতিল করেছিল। যদিও তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।

  17. লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় তিনজন পাকিস্তানির মৃত্যু

    পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    বুধবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে ইসহাক দার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিন পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন।”

    শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “সামরিক কাজে ব্যবহৃত নয় এমন একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।”

    তিনি বলেন, “এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নৌ চলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।”

    ইসহাক দার জানান, ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান।

    তিনি বলেন, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখব।”

    গতকাল ইয়েমেনের কোস্ট গার্ড কর্মকর্তারা নিশ্চিত করেন যে বাব আল-মান্দেবের কাছে একটি মালবাহী জাহাজে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে।

    কোস্ট গার্ডের দাবি, ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা এ হামলা চালিয়েছে।

    সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে লোহিত সাগর উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের একাধিক প্রাণঘাতী হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত ইয়েমেন সরকারের অধীন কোস্ট গার্ড জানায়, নিহতদের মধ্যে মালবাহী জাহাজটির চারজন নাবিক ছিলেন।

    প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনার জন্য পাঠানো দলের দুই সদস্যও নিহত হয়েছেন।

  18. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে, অর্থাৎ ২০শে অগাস্ট বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই বৈঠক হবে।
    • নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০শে অগাস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় ভোট গ্রহণ সমাপ্তির পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে।
    • আগামী ২৭শে অগাস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৭শে আগস্ট বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
    • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়- সবাই ‘বাংলাদেশি’, এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই"।
    • ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালির কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএফপি ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশমুখে জাহাজটিতে ইরান-সমর্থিত হুথিরা হামলা চালায়।
    • বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল আবার চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে- এমন আশঙ্কা জোরালো হয়েছে।
    • সিরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে উৎখাত হওয়ার পর আসাদ তার পরিবারসহ দামেস্ক থেকে মস্কো পালিয়ে যান।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে তা হবে একটি “ভয়াবহ ভুল”। ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের এই সমর্থন এলো এমন সময়ে, যখন উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি উন্মুক্ত চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ তোলে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। “র-প্রধান চীন থেকে এসেছেন। এটা এক ধরনের সফর। তিনি এখানে তার কাউন্টারপার্টের সাথে বৈঠক করবেন।
    • ইউক্রেন ও রাশিয়া রাতভর একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে