শনিবার সারাদিন যা যা ঘটলো
- ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন। এ নিয়ে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
- ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ।
- সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
- ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনার ইসরায়েল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না বলে দাবি করেছেন তিনি।
- তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা "এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা"। এদিকে ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে "সম্পূর্ণ বিপর্যয়ের" দিকে ঠেলে দিচ্ছে।
- ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
- গত ১৩ই জুন ইসরায়েলি হামলা শুরুর পর ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা। আর ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরুর পর সেখানে ২৫ জন নিহত এবং দুই হাজার ৫১৭ জন আহত হয়েছেন।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, "আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না।"
- ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার এ কথা জানিয়েছেন।
- ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ইরানের ওপর হামলার জন্য "বছরখানেক আগে থেকেই" প্রস্তুতি নিচ্ছিল।
- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।
- মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “আমরা জানি না কীভাবে তাদের (আমেরিকানদের) বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
ইরান-ইসরায়েল সংঘাতসহ বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রোববার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।