আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, প্রত্যাশা পূরণের জন্য ধৈর্য ধরতে হবে: অধ্যাপক ইউনূস

সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত। আনসারে বড় রদবদল। দায়িত্ব গ্রহণের ১৭দিন পর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের ১১টি জেলা বন্যা কবলিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ লাখ পরিবার, মৃত্যু হয়েছে ১৮ জনের।

সার সংক্ষেপ

  • বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে মিছিল-মিটিং ও জমায়েত নিষিদ্ধ করে ডিএমপির গণবিজ্ঞপ্তি।
  • বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল করা হয়েছে।
  • সচিবালয়ের সামনে আনসার সদস্য এবং শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত।
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
  • পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
  • বাংলাদেশে বন্যায় পানিবন্দি ১১ জেলার প্রায় ১০ লাখ পরিবার।
  • বন্যায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

সরাসরি কভারেজ

  1. বন্যা পরিস্থিতি উন্নতির আভাস, নদী এখনও বিপদসীমার ওপরে

    বাংলাদেশের বন্য দুর্গত এলাকাগুলোয় পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারাদিনে দেশের উজানে এবং দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।

    শনিবার থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

    এজন্য নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে নেমে আসছে। বিশেষ করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানির স্তর ক্রমেই নেমে আসছে।

    সেইসাথে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদীর পানি নেমে আসায় ওইসব জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে।

    তবে কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, ফেনী, মুহুরী এই ছয়টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে কুমিল্লার নিকটবর্তী গোমতী নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

  2. বিএনপি আজ থেকে সমমনাদের সঙ্গে বৈঠক শুরু করবে

    সরকার পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে আবারও বৈঠক করতে যাচ্ছে বিএনপি।রোববার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

    রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে।

    এরপর সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বিএনপির প্রেস সচিব শায়রুল কবির খান।

    বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি।

    বর্তমান পরিস্থিতিতে কীভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায়, সে বিষয়ে বৈঠকে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হবে। সেইসাথে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অগ্রাধিকার পাবে।

    বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মী যারা এখনো কারাবন্দী রয়েছেন, তাদের মুক্ত করা ও মামলা সুরাহার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়।

  3. খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের গেইট

    রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেইটের সবকটি খুলে দেওয়া হয়েছে।

    রবিবার সকাল সাড়ে ৮টার দিকেএই গেইটগুলো খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

    এর ফলে কর্ণফুলী নদীতে পানি বাড়লেও কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

    বরংপানি না ছাড়লে বাঘাইছড়ি উপজেলা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যেতো বলে তারা জানান।

    আপাতত ১৬টি গেইট ইঞ্চি করে খুলে পানি ছাড়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হওয়ার কথা রয়েছে।

    তবে বৃষ্টিপাত, হ্রদের পানির প্রবাহ ও পানির স্তর বাড়তে থাকলে গেইট দিয়ে পানি বের করার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে।

    এর আগে শনিবার রাত ১০টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার কথা থাকলেও পানি তখনো বিপদসীমা স্পর্শ না করায় তা খোলা হয়নি।

    টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়।

  4. আইএমএফ-এর থেকে আরো তিন বিলিয়ন ডলার ঋণ চাইবে সরকার

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে আরো তিন বিলিয়ন ডলার পেতে সংস্থাটির সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    গত বছর এই সংস্থাটি থেকে চার দশমিক সাত বিলিয়ন অর্থাৎ ৪৭০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি পায় বাংলাদেশ। এর মধ্যে তিন কিস্তির টাকা পাওয়া গেছে।

    ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি মূল্যায়নে সেপ্টেম্বরে সংস্থার একটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা রয়েছে।

    বাংলাদেশ তখন আনুষ্ঠানিকভাবে বিদ্যমান ঋণের আওতায় অতিরিক্ত তিন বিলিয়ন ডলার ঋণ চাইবে

    বাংলাদেশ সাম্প্রতিক যে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে সেটি কাটিয়ে উঠতে এই ঋণের প্রয়োজন জানিয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেন, তারা অন্যান্য নানা উৎস থেকেও ঋণ চেয়েছেন।

    যেমন: বিশ্বব্যাংকের কাছে ১৫০ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে আরো ১০০ কোটি ডলার করে চাওয়া কথা জানান তিনি।

    সেইসাথে বকেয়া ঋণ মেটাতে স্থানীয় ব্যাংক থেকেও ডলার কেনা হচ্ছে বলে জানিয়েছেন মি. মনসুর।

    বাংলাদেশের রিজার্ভ আগে থেকেই যেখানে চাপে ছিল সেখানে সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার কারণে দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের চালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইতোমধ্যে তিন কিস্তিতে প্রায় দুই দশমিক ৩১ বিলিয়ন ডলার বা ২৩০ কোটি ৮২ লাখ ডলার ছাড় করেছে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত মোট সাতটি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার চুক্তি রয়েছে।

  5. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঢাকার শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

    দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া গত ২১শে অগাস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছিল।

  6. ৩৭ দিন পরে মেট্রোরেলের চলাচল শুরু

    প্রায় ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার মেট্রোরেলের নিয়মিত চলাচল শুরু হয়েছে।

    সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছেড়েছে আর মতিঝিল অংশ থেকে ছেড়েছে ৭টা ৩০ মিনিটে।

    তবে কাজীপাড়া ও মিরপুর -১০ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই দুটি স্টেশনে মেট্রোরেল থামছে না।

    গত ১৯ই জুলাই কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় সাপ্তাহিক ছুটির দিনেও কাজীপাড়া ও মিরপুরের স্টেশন দুটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। পরদিন শনিবার থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।

  7. বিবিসি বাংলার লাইভে স্বাগতম

    বন্যা পরিস্থিতিসহ দেশ-বিদেশের সব খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম। সার্বক্ষণিক সব খবর পেতে লাইভ পাতায় যুক্ত থাকুন।