হুমকি বন্ধ হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে: আইআরজিসি
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এদিকে, চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
সরাসরি কভারেজ
যুদ্ধ শুরুর পর থেকে ২৬টি জাহাজে হামলা – ইউকেএমটিও
ছবির উৎস, Royal Thai Navy
ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টার সময় ১১ই মার্চ হামলার শিকার হয় থাই পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মেইউরি নারি
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস)।
তারা বলছে, ২৮শে ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির “ভেতরে ও আশপাশে” মোট ৪৬টি ঘটনার খবর পেয়েছে তারা।
এর মধ্যে ২৬টি ছিল হামলা, ১৮টি ছিল “সন্দেহজনক তৎপরতা” সংক্রান্ত প্রতিবেদন এবং এর পাশাপাশি দুটি ছিনতাইয়ের ঘটনাও রিপোর্ট করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি
ছবির উৎস, Anadolu via Getty Images
ছবির ক্যাপশান, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।
বেইজিংয়ে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন।
ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,
ওয়াং ই’র সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব”।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আরাঘচিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে চীন “গভীরভাবে উদ্বিগ্ন” এবং এই পরিস্থিতিতে একটি “সামগ্রিক যুদ্ধবিরতি” অনিবার্য।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।
এপি’র তথ্য অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, “আমরা বিশ্বাস করি একটি সমগ্র যুদ্ধবিরতি জরুরি। আবার বৈরিতার সূত্রপাত গ্রহণযোগ্য নয় এবং সংলাপ ও আলোচনার প্রতি অঙ্গীকার বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ”।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা
ইরানি বন্দর অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত ৫১টি জাহাজের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশের আট বিভাগে আগামী পাঁচদিন দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
যুক্তরাষ্ট্র “যুদ্ধ চাইছে না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তবে ইরানকে “একটি আন্তর্জাতিক নৌপথে নিরীহ কোনো দেশ ও তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না”।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে ‘নারাজ’ মমতা ব্যানার্জী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে ‘ইস্তফা’ দেবেন না তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন যে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা “এগিয়ে যাচ্ছে”।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।