বুধবার সারাদিন যা যা হলো
- সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জুলাই সনদের কাগুজে মূল্য নয়, এর বাস্তবায়নের নিশ্চয়তা এবং সাংবিধানিক স্বীকৃতি পেলেই জুলাই সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
- সরকারের নিরপেক্ষতা নিয়ে 'নিশ্চিত থাকতে' বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
- গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।
- বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে নিজেদের মতো ভাগ-বাটোয়ারা শুরু করছে। আর উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর এক বারে ভরি প্রতি প্রায় সাড়ে আট হাজার টাকা কমলো স্বর্ণের দাম।
- দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নভেম্বরে শুধু দিনে ভ্রমণ করা যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। আর ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।
- আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরেও আসে তবুও বর্তমান সাংবিধানিক বাস্তবতায় আসন্ন নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়, বুধবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষে এই কথা বলেছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
- সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।
- অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
- নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন। “উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে সাংঘাতিক পেরেশানিতে পড়বেন,” বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
- ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
- বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।














