সরকারের মধ্যে দলীয় লোকদের অপসারণ চেয়েছি, প্রধান উপদেষ্টা সাথে বৈঠকের পর বিএনপি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে সরকারের মধ্য থেকে দলীয় লোকদের অপসারণের দাবি করেছে বিএনপি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের ১০টি নয়, বরং টাগবোট কেনার একটি চুক্তি বাতিল হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করেছেন।
সরাসরি কভারেজ
মঙ্গলবার যা যা হলো:
আওয়ামী
লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে সম্প্রতি
সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, তা পুরোপুরি
ঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তবে ভারতীয় ঋণে টাগবোট
কেনার একটি চুক্তি বাতিল ও আরো কিছু পর্যালোচনায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রধান
উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে সরকারের মধ্য থেকে দলীয় লোকদের
অপসারণের দাবি করেছে বিএনপি। একই সাথে ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে অন্তর্বর্তী সরকারকে
এখন থেকেই কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়ার কথা বলেছে দলটি। দলের মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মি. ইউনূসের সাথে সাক্ষাত
করে এসব দাবি দাওয়া জানান।
ওদিকে
প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠকে বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনের
যাবতীয় রদবদল তার তত্ত্বাবধানে হবে এবং জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের
বাছাই করা হবে।
চলমান
রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে
প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। আজ প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের প্রস্তুতি
নিয়ে বিএনপি নেতাদের আলোচনার পর প্রেস উইং থেকে দেয়া বিজ্ঞপ্তিতে জামায়াতের সাথে বৈঠকের
কথা জানানো হলো।
স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয়
সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সরকার সাভার সিটি কর্পোরেশন গঠনের নীতিগত সিদ্ধান্ত
নিয়েছে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় এটি জানিয়েছেন।
বেসরকারি
শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ১৫ শতাংশ
বাড়ানোর ঘোষণা আসায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।
আর্থিক
দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে।
দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে জেলে
গেলেন।
সানায়ে তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যিনি দেশটিতে এই পদে আসা প্রথম নারী। ৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।নিম্নকক্ষে ২৩৭ ভোট এবং উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের আলোচনা কাল
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে
ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ
প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের আলোচনার পর প্রেস
উইং থেকে দেয়া বিজ্ঞপ্তিতে জামায়াতের সাথে
বৈঠকের কথা জানানো হলো।
ওদিকে
প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠকে বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল
তার তত্ত্বাবধানে হবে এবং জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করা
হবে।
“আমাদের
দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। এখানে যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে
সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ
ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব,” প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে
তার প্রেস উইং জানিয়েছে।
সাভার সিটি কর্পোরেশন হচ্ছে, জানালেন আসিফ মাহমুদ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সরকার সাভার সিটি কর্পোরেশন
গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
“সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে
‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে
সরকার,” উপদেষ্টার তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন।
ছবির উৎস, Asif Mahmud Shojib Bhuyain
ছবির ক্যাপশান, সাভার সিটি কর্পোরেশনের বিষয়ে উপদেষ্টার পোস্ট
জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক
দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী।
“তারা
যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে।
এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না,” নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন তিনি।
মি. পাটওয়ারী লিখেছেন, “প্রশাসনে ছদ্মবেশে
অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল
হবে না। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের
আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না।
"বাংলাদেশের
কওমী, সুন্নী, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত। এই মাটিকে
শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়,
সুরক্ষা। বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব"।
ডেঙ্গুতে মৃত্যু আড়াইশো ছাড়ালো
স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৩ জন, যাদের মধ্যে ১৩৫ জন পুরুষ ও ১১৮ জন নারী।
এছাড়া এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৬০৫ জন, যার মধ্যে ৩৭ হাজার ৮৭২ জন পুরুষ ও ২৩ হাজার ৭৩৩ জন নারী।
সরকারের মধ্যে দলীয় লোকদের অপসারণ চেয়েছি, প্রধান উপদেষ্টা সাথে বৈঠকের পর বিএনপি
ছবির উৎস, BNP
ছবির ক্যাপশান, বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে সরকারের মধ্য থেকে
দলীয় লোকদের অপসারণের দাবি করেছে বিএনপি।
একই সাথে ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে
অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়ার
কথা বলেছে দলটি।
“বিএনপির পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম আমাদের কতগুলো
রাজনৈতিক উদ্বেগ নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন
হবে তাকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য অন্তর্বর্তী সরকারকে এখন
থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে,” বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বলছিলেন
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“সরকারকে
সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এটি বলেছি। সরকারের মধ্যে দলীয় লোক থাকলে
তাকে অপসারণের দাবি জানিয়ে এসেছি,” বলেছেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “প্রথমেই দরকার হবে প্রশাসন যে নিরপেক্ষ- সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সচিবালয়ে এখনো যারা আছেন চিহ্নিত ফ্যাসিস্ট ,তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা
দিতে বলেছি”।
জেলা প্রশাসনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তারা
যেখানে মনে করছেন যে যারা পুরনো ‘ফ্যাসিস্ট সরকারের’ স্বার্থ পূরণ করছে তাদের অপসারণের দাবি জানিয়েছেন তারা।
“পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও নিরপেক্ষ অবস্থার কথা বলেছি। উচ্চ আদালতেও
এখনো যারা ফ্যাসিস্টদের দোসর আছে তাদের সরিয়ে নিরপেক্ষ বিচারক দেওয়ার কথা বলেছি,”
বলছিলেন মি. আলমগীর।
এর আগে মি. আলমগীরের নেতৃত্বে তার দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ
চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন।
ভারতের সাথে টাগবোট কেনার ১টি চুক্তি বাতিল হয়েছে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পাতায় রবিবার ভারতের সাথে ১০ চুক্তি বাতিলের খবর দিলেও আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের করা চুক্তিগুলোর মধ্যে ১টি মাত্র বাতিল হয়েছে, আর কিছু পর্যালোচনা বা পুনর্বিবেচনা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি, ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) যেটি আছে সেটি বাতিলের একটি প্রক্রিয়া চলছে।
“যেসব দেশ লাইন অব ক্রেডিট দেয় সেটি তাদের স্বার্থ দেখেই দেয়। ভারতের ক্ষেত্রে ক্রয় বিষয়ে যেসব শর্তাবলী সেগুলো অনেক সময় বাংলাদেশের জন্য বাস্তবসম্মত হয় না” বলছিলেন তিনি।
প্রসঙ্গত, দুই দেশের মধ্যে এলওসি হলো এ ধরনের ঋণ চুক্তি, যার আওতায় নির্দিষ্টে প্রকল্পে এক দেশ আরেক দেশকে ঋণ দিয়ে থাকে।
আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ১৯শে অক্টোবর তার ভেরিফায়েড ফেসবুক পাতায় শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে করা ১০টি চুক্তি বাতিলের দাবি করেছিলেন। তিনি তার ভাষায় বাতিল হওয়া চুক্তির একটি তালিকাও ওই পোস্টে দিয়েছিলেন।
কিন্তু আজ পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, টাগবোট কেনা নিয়ে একটি মাত্র চুক্তি বর্তমান সরকার বাতিল করেছে, কারণ ‘চুক্তিটি বাংলাদেশের জন্য লাভজনক নয়’।
আসিফ মাহমুদের পোস্টে দেয়া তালিকায় ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব ও পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বাতিলের কথা বলা হলেও পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আর্থিক সহযোগিতা প্রস্তাব নামে কোনও ধরনের প্রকল্পই ভারতের সাথে নেই এবং পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণের কোনও চুক্তিই হয়নি।
তিনি বলেন, ফেনী নদীর পানি নিয়ে কোনও চুক্তিই নয়, আছে একটি সমঝোতা স্মারক এবং সেটি বহাল আছে। কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প নামে কোনও প্রকল্প নেই।
“একটি সমঝোতা স্মারক আছে। ২০২২ সালের এ স্মারক স্থগিত হয়নি। সিলেট-শিলচর সংযোগ প্রকল্প নামে কোনও প্রকল্প নেই। মোংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন, সেটা বাতিল হয়নি,” বলেছেন মি. হোসেন।
তিনি বলেন, আদানি পাওয়ার চুক্তি পুনর্বিবেচনার জন্য আলোচনা হচ্ছে, আর গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনা হবে এবং এজন্য যোগাযোগ হচ্ছে। আগামী বছর এই চুক্তির মেয়াদ শেষ হবে।
“তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়া—দীর্ঘদিন দরে এটা নিয়ে কাজ করছি। খুব যে অগ্রগতি হচ্ছে তা না,'' তিনি বলেন।
ছবির উৎস, Asif Mahmud Facebook Page
ছবির ক্যাপশান, উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পাতায় বাতিল হওয়া প্রকল্পের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা আসায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের' আহ্বায়ক মো. মাইনউদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, ''আমাদের দাবি সরকার মেনে নেওয়ায় আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি''।
মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকালের দিকে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে এই বাড়িভাড়া বাড়ানো হবে।
এরপর বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কপি আন্দোলনকারীদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সি আর আববার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলতি বছরের পহেলা নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়িভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে ১২ই অক্টোবর থেকে টানা আন্দোলন করেছিলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। আন্দোলনের এক পর্যায়ে তাদের পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।
এরপরে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন করতে শুরু করেন।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি
আর্থিক দুর্নীতির
দায়ে কারাগারে পাঠানো হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে। দেশটির
ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে জেলে গেলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের সহযোগী নেতা ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে যাওয়ার পর থেকে কোনো ফরাসি প্রাক্তন নেতাকে কারাগারে যেতে হয়নি।
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
২০০৭ সাল
থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব
পালনকারী সারকোজি তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন।
তবে ৭০ বছর বয়সী সারকোজিকে এখন লা সান্তে কারাগারের আইসোলেশন শাখার প্রায় ৯ বর্গমিটার (৯৫ বর্গফুট) একটি কক্ষে থাকতে হবে।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি
সানায়ে তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যিনি দেশটিতে এই পদে আসা প্রথম নারী।
৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।নিম্নকক্ষে ২৩৭ ভোট এবং উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন তিনি।
তাকাইচি এমন এক চ্যালেঞ্জিং অর্থনৈতিক মুহূর্তেদায়িত্ব নিচ্ছেন যখন জাপান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং হতাশ জনসাধারণ নিয়ে ধুঁকছে।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির জন্যও এটি একটি অনিশ্চিত সময়। তার পূর্বসূরীদের মেয়াদ সংক্ষিপ্ত হওয়ার পর মাত্র পাঁচ বছরের মধ্যে তিনি চতুর্থ প্রধানমন্ত্রী।
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া এবার ১৫ শতাংশ করার ঘোষণা
ছবির উৎস, EPA/Shutterstock
ছবির ক্যাপশান, গত ১২ই অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে শিক্ষকরা ২০শতাংশ বাড়িভাড়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন।
অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) কার্যকর হবে এ বছরের পহেলা নভেম্বর থেকে। আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের পহেলা জুলাই থেকে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ই অক্টোবর থেকে লাগাতার আন্দোলন করছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা।
গত গত পাঁচই অক্টোবর সরকার তাদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দিলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে ১৯শে অক্টোবর সেটি পুনরায় বাড়িয়ে মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণ করা হয়।
এরপরও নিজেদের দাবিতে অনড় অবস্থানে দেখা যায়আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের।
তাদের আন্দোলনের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একাত্মতা প্রকাশ করেছেন।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।