আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন, রোববার শুনানি

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ আবেদনের শুনানি হবে বলে দিন ঠিক করেছে আদালত। এদিকে, কলকাতা শহরের ব্যস্ত বড়বাজার এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ আবেদনের শুনানি হবে বলে দিন ঠিক করেছে আদালত।
    • গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বেশ কিছু বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
    • যুক্তরাষ্ট্রের 'প্রতিশোধমূলক শুল্ক' নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে প্রয়োজনে আরও সময় চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
    • কাশ্মীরে হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে, এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
    • ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আট জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
    • সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ''২২৬টি মামলা রয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি" এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার শুনানি শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
    • পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত।
    • প্রায় আড়াই দশক আগে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ঘোষণা হবে আগামী আটই মে।
    • কলকাতা শহরের ব্যস্ত বড়বাজার এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই হোটেলটিতে আগুন লাগে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবারের লাইভ পেইজ দেখতে ক্লিক করুন এখানে

  2. পাকিস্তান উত্তেজনা বাড়াবে না, তবে ভারত কোনো পদক্ষেপ নিলে তার জবাব দেবে: ইসাক দার

    পাকিস্তানে উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন, “উত্তেজনা বাড়াতে পাকিস্তান কোনো পদক্ষেপ নেবে না। কিন্তু আমরা এটা পরিষ্কার করতে চাই যে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে কঠোর জবাব দেয়া হবে।”

    বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মি. দার। এ সংবাদ সম্মেলনে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ পরিচালক আহমেদ শরীফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানও উপস্থিত ছিলেন।

    মি. দার বলেন, “পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং পহেলগাম হামলায় মানুষের নিহত হওয়ার ঘটনায় দুঃখিত।”

    “আমরা আগেও বলেছি এবং আবারও বলছি যে পহেলগাম ঘটনার সাথে পাকিস্তানের কোনো সংযোগ নেই এবং পাকিস্তান এ ঘটনার নিন্দা করে। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছি,” বলেন মি. দার।

    উপপ্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের আমাদের বলা উচিত কেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরের সময়ই এ ধরনের ঘটনা ঘটে। ভারত তাৎক্ষণিকভাবে পহেলগাম ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে।”

    পহেলগাম ঘটনার পর ভারত "দায়িত্বজ্ঞানহীন" এবং "আক্রমণাত্মক" মনোভাব নিয়েছে বলে অভিযোগ করেন মি.দার।

    তিনি বলেন, "ভারতের উচিত অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।"

    “ভারত ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ করছে এবং পাকিস্তান বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখছে। পাকিস্তানের সেনাবাহিনী সতর্ক আছে এবং ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে কঠোর জবাব দেয়া হবে,” বলেন মি. দার।

    ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না এবং পানি বন্ধ করার যে কোনো পদক্ষেপ যুদ্ধের শামিল হবে বলে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ স্পষ্ট বার্তা দিয়েছে।

    পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, “আমরা নিজেরাই সন্ত্রাসবাদ মোকাবিলা করছি, তাই আমাদের চেয়ে এই যন্ত্রণা ভালো আর কেউ বুঝতে পারবে না।”

    “পাকিস্তানে সংঘটিত সন্ত্রাসী ঘটনাগুলোর পরিকল্পনা ভারতে হয়েছিল এবং ভারত পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশে বেছে বেছে মানুষকে লক্ষ্যবস্তু করার সাথেও জড়িত। এখন বিশ্বের দেশগুলোর তাদের নাগরিকদের হত্যার জন্য ভারতকে জবাবদিহির আওতায় আনার সময় এসেছে,” বলেন ইসাক দার।

  3. বগুড়ায় সারজিসের সমাবেশে বৈষম্যবিরোধীদের দুই পক্ষে হাতাহাতি

    বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছিল।

    আজ বুধবার বিকালে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

    বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইহান ওলিউল্লাহ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি. ওলিউল্লাহ বলেন, "বিকেলে সমাবেশে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পক্ষ আরেক পক্ষের বিরোধিতা করে স্লোগান দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। পুলিশ আগে থেকেই সেখানে মোতায়েন করা ছিল। পুলিশের কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি।"

    তবে এ ঘটনায় তেমন কোনো হতাহতের সংখ্যা নেই জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে দুই-একজন গিয়েছে বলে শুনেছেন তিনি।

    স্থানীয় সাংবাদিকরা জানান, বিকেলে সারজিস আলম সমাবেশে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক পক্ষ তার বিরোধিতা করে স্লোগান দেয়া শুরু করে। পরে মি. আলমের অনুসারীরা তাদের প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।

  4. বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আদেশ

    বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

    ঢাকার একটি বিচারিক আদালত আজ বুধবার এ আদেশ দিয়েছে।

    তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করে দুদক। এসব অভিযোগের অনুসন্ধান করছে সংস্থাটি।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সাত সদস্যদের ৭০ ব্যাংক হিসাবে থাকা ১৯ কোটি ৮১ লাখ টাকা ও ১০ হাজার ৫৩৮ ডলার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

    এছাড়াও এক ৪৫৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যমানের ৭৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৩০২টি শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

  5. তিন সাংবাদিকের চাকরিচ্যুতি ও সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় উদ্বেগ আসকের

    বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, গণঅভ্যুত্থানের সময়ে হত্যার ঘটনার মামলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংস্থাটি বলেছে, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের মামলা কিংবা চাকরিচ্যুতির ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

    গতকাল বুধবার ঢাকায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশের কাছে দেওয়ার ঘটনাকে এ মানবাধিকার সংস্থাটি "বেআইনি মব কর্তৃক আক্রান্ত" ও "অত্যন্ত নিন্দনীয়" বলে উল্লেখ করেছে।

    "সম্প্রতি আমরা লক্ষ্য করেছি চলচ্চিত্র ও নাট্য অভিনয় শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানে বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এমনকি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতেও দেখা যায়নি। বরং বেআইনি ‘মব’ তৈরি করে নাগরিকের মর্যাদা হানি ও স্বাধীন চলাফেরায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে," জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

    "পরিস্থিতি উত্তরণে সরকারের পদক্ষেপ যথেষ্ট বলে দৃশ্যমান নয়" জানিয়ে সংস্থাটি বলছে, "এ ধরনের ঘটনা সুশাসন ও মানবাধিকারের পরিপন্থি।"

  6. সিকদার গ্রুপের ২০৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত

    বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার, তার স্ত্রী মনোয়ারা সিকদার, তাদের সন্তান, নাতি-নাতনি ও সিকদার গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ১৮৯টি দেশি ও ১৪টি বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

    আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত এ আদেশ দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    দেশি অ্যাকাউন্টগুলোর হিসাবে এক কোটি ১১ লাখ টাকার বেশি জমা রয়েছে।

    বিদেশি অ্যাকাউন্টগুলোর মধ্যে ১২টি ন্যাশনাল ব্যাংকে আর দু’টি কমার্শিয়াল ব্যাংক অব সিলনে। এসব হিসাবে ২৭ লাখ ১৮ হাজার ৯২৭ ডলার রয়েছে।

    দুদকের আবেদনে বলা হয়েছে, সিকদার গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

    সিকদার গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানসমূহ তাদের অবৈধ উপায়ে অর্জিত অস্থাবর সম্পদসমূহ অন্যত্র বিক্রয় বা বেহাত করার প্রচেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য মতে বর্তমানে সিকদার পরিবারের বেশিরভাগ সদস্য বিদেশে অবস্থান করছেন। বিদেশে থেকে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট অস্থাবর সম্পদসমূহ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। এজন্য এসব ব্যাংক হিসাব অবিলম্বে আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

    পরে আদালত আবেদন মঞ্জুর করে ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়।

  7. শেখ হাসিনার ছেলে, মেয়েসহ পরিবারের পাঁচ সদস্যের সম্পদ জব্দের আদেশ

    গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বেশ কিছু বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

    ঢাকার একটি বিচারিক আদালত দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।

    শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ ‍জয়, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে থাকা প্রায় ছয় কোটি টাকা মূল্যের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

    আবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিস্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির শঙ্কা রয়েছে।

    “অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পদ - সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য সম্পদ জব্দ করা প্রয়োজন,” বলে উল্লেখ করা হয়েছে আবেদনে।

    জব্দ হওয়া ছয় কোটি টাকার বেশি সম্পত্তি ঢাকা, খুলনা ও গোপালগঞ্জে রয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

  8. চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন, রোববার শুনানি

    রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ আবেদনের শুনানি হবে বলে দিন ঠিক করেছে আদালত।

    অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বিবিসি বাংলাকে বলেন, "রোববার শুনানি হবে। শুনানি আজকে হয় নাই, আদালত রোববার শুনবে এটা।"

    এর আগে দুপুরে মি. দাসকে জামিন দেয় হাইকোর্ট। মি. দাসের জামিন সংক্রান্ত এক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে এ রায় দেয়া হয়।

    জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন চেয়ে মি. দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত চৌঠা ফেব্রুয়ারি রুল দিয়েছিলো।

    আবেদনকারীকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।

    গত বছরের ২৬শে নভেম্বর মি. দাসকে গ্রেফতারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিন নিয়ে অস্থিরতা চলে।

    এ ঘটনায় ওইদিন চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

    মি. দাসের গ্রেফতার ও জামিন নামঞ্জুর নিয়ে প্রতিবাদও জানায় ভারত।

  9. আমরা ট্রাম্প সরকারের সাথে কথা বলবো, কিন্তু ওদের চটাবো না: অর্থ উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের 'প্রতিশোধমূলক শুল্ক' নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে প্রয়োজনে আরও সময় চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    আজ বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই এর যৌথভাবে আয়োজিত এনবিআরের ৪৫তম পরামর্শক কমিটির এক সভায় এ কথা বলেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নে অংশীজনদের মতামত নেয়ার উদ্দেশ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

    মি. আহমেদ বলেন, “আমরা ট্রাম্প সরকারের সাথে এনগেজ করবো, নেগোশিয়েট করবো কিন্তু ওদের চটাবো না। ওদের সাথে আমরা কথা বলবো। তিন মাস সময় দিয়েছে, দরকার হলে আরও বেশি আমরা সময় চাইবো। এনগেজমেন্ট ইজ দ্য বেস্ট হিল।”

    “ট্রাম্পের শুল্কনীতির কারণে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। ব্যবসায়ীদেরও প্রতিযোগী হতে হবে,” বলেন তিনি।

    যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর যে 'পাল্টা শুল্ক' আরোপ করেছিল, তা গত ৯ই এপ্রিল তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  10. ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- শেখ হাসিনার কণ্ঠের প্রমাণ পাওয়া গেছে, বলছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ''২২৬টি মামলা রয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি" এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার শুনানি শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 'বিচারকাজে হস্তক্ষেপ' ও 'হুমকি দেওয়ার' অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানান তিনি।

    চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলেন, ''অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, 'আমার বিরুদ্ধে ২২৬টি মামলা হয়েছে, তাই ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি'। তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে।''

    বিচারকাজে বাধা দেয়ার অভিযোগ কেন আনা হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

    আগামী ১৫ই মে'র মধ্যে জবাব দিতে হবে তাদের।

    এছাড়া জুলাই-অগাস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

    পাশাপাশি, আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

    এছাড়া স্বামীর অসুস্থতার কারণে জামিন চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন সাবেক মন্ত্রী দীপু মনি। শুনানি শেষে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে তাকে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  11. অভিনেতা সিদ্দিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    ঢাকার একটি বিচারিক আদালত পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশান থানার শাহজাদপুরের রিকশাচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে।

    রিকশাচালক মি. হাওলাদার গুলশান থানায় ১০৯ জনকে আসামি করে মামলা করেন।

    পুলিশের করা রিমান্ড আবেদনে বলা হয়েছে, জব্বরকে গুলি করে জখমের ঘটনায় মি. রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

    গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে মি. রহমানকে মারধর করে রমনা থানার পুলিশের কাছে দেওয়া হয়। পরে আজ সকালে তাকে বিচারিক আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

    এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনেতা মি. রহমানের শাহজাদপুরের বাসা ঘেরাওয়ের ঘটনা ঘটে।

    একাদশ সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন মি. রহমান।

    পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়া হয়নি।

  12. ব্রেকিং, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট

    রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। মি. দাসের জামিন সংক্রান্ত এক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে, রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয়া হয়েছে।

    জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন চেয়ে মি. দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত চৌঠা ফেব্রুয়ারি রুল দিয়েছিলো।

    আবেদনকারীকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।

    গত বছরের ২৬শে নভেম্বর মি. দাসকে গ্রেফতারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিন নিয়ে অস্থিরতা চলে।

    এ ঘটনায় ওইদিন চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

    মি. দাসের গ্রেফতার ও জামিন নামঞ্জুর নিয়ে প্রতিবাদও জানায় ভারত।

  13. ভারত-পাকিস্তান ‘যুদ্ধ হই হই অবস্থা’, প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

    কাশ্মীরে হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে, এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

    “এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত-পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব, যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী। আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নাই,” বলেন তিনি।

    তিনি নিজে 'যুদ্ধবিরোধী মানুষ' উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না।”

    যুদ্ধের প্রস্তুতিই অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়––এরকম ধারণার বিষয়ে ঘোরতর আপত্তির কথা জানান অধ্যাপক ইউনূস।

    তিনি বলেন, “কাজেই যুদ্ধপ্রস্তুতি সম্পর্কেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা, এটা অসম্ভব হয়ে পড়ে।”

    “কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধাআধি প্রস্তুতি নেয়ার কোনো জায়গা নাই। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে।”

  14. অন্ধ্র প্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে আট জন নিহত

    ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আট জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। আহত হয়েছেন আরও চারজন।

    বিশাখাপতনমের ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

    এদিন অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোররাত থেকে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়েই একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে।

    প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন রাত প্রায় আড়াইটা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে।

    রাজ্যের ধর্মস্থান বিষয়ক দফতরের প্রধান সচিব বিনয় চান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া উচিত নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।

    দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।

    এই দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী তেলেঙ্গানার রাজনৈতিক নেতানেত্রীরা।

  15. ২৪ থেকে ৩৬ ঘণ্টার মাঝে পাকিস্তানে অভিযান চালাতে পারে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

    পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত।

    এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দেওয়ার ঘোষণা দেন—যাতে তারা পহেলগাম হামলার প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি, লক্ষ্য ও সময় স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে।

    মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, “এই অঞ্চলের স্বঘোষিত বাদী, বিচারক ও শাস্তিদাতা হিসেবে ভারত যে ধরনের ভূমিকা রাখার প্রচেষ্টা চালাচ্ছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।”

    তিনি আরও জানান, পাকিস্তান নিজেই গত দুই দশক ধরে সন্ত্রাসবাদের শিকার এবং বিশ্বব্যাপী যেকোনও ধরনের সন্ত্রাসবাদকে তীব্রভাবে নিন্দা জানিয়ে আসছে।

    মি. তারার আরও বলেন, পহেলগাম হামলার পর পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছিলো। “কিন্তু দুঃখজনকভাবে ভারত সংঘাত ও অযৌক্তিকতার পথ বেছে নিয়েছে, এর পরিণতি গোটা অঞ্চলের জন্য তো বটেই, এমনকি সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।”

    তিনি সতর্ক করে বলেন, “পাকিস্তান অবধারিতভাবে ভারতের যেকোনও সামরিক আগ্রাসনের জবাব দেবে।"

    পাশাপাশি, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানান যেন তারা বোঝে যে এবার যদি ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধ বাঁধে, তাহলে এই যুদ্ধের ভয়াবহ পরিণতির সম্পূর্ণ দায়ভার ভারতের ওপরই বর্তাবে।

  16. রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় আটই মে

    প্রায় আড়াই দশক আগে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ঘোষণা হবে আগামী আটই মে।

    আসামিদের পক্ষের আইনজীবী শিশির মনির বিবিসি বাংলাকে এই খবরটি নিশ্চিত করেছেন।

    আজ বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

    ২০০১ সালের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ওই বোমা হামলায় দশ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়।

    ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালে যখন বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে, সেদিনই হত্যার অভিযোগে এবং বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা করেছিল পুলিশ।

    এ নিয়ে আরও জানতে:

  17. কলকাতায় হোটেলে আগুনে ১৪ জনের মৃত্যু

    কলকাতা শহরের ব্যস্ত বড়বাজার এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই হোটেলটিতে আগুন লাগে।

    কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন যে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির ওই হোটেলটিতে মঙ্গলবার রাত সওয়া আটটার দিকে আগুন লাগে।

    হোটেলের বিভিন্ন ঘর থেকে অন্তত পাঁচজন সহ অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার পরে আবাসিকদের অনেকে প্রাণ বাঁচাতে ছাদে চলে গিয়েছিলেন, সেখান থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

    আগুন লাগার সময়ে হোটেলটির ৪২টি ঘরে ৮৮ জন আবাসিক ছিলেন বলে জানা গেছে।

    নিহতদের মধ্যে এমন একজন আছেন যিনি প্রাণ বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দুটি শিশু ও একজন নারীও আছেন মৃতদের মধ্যে।

    প্রায় আট ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

    পুলিশ কমিশনার জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ভবনটিকে এখন ঠান্ডা করার কাজ চলছে। একই সঙ্গে এখনও কেউ আটকিয়ে আছেন কী না, তা খুঁজে দেখছে দমকল বাহিনী।

    প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে যে, আগুন লাগার পরেই আবাসিকদের অনেকে জানলার কার্নিশে নেমে পড়েছিলেন। দমকলের তরফে মাইকিং করে তাদের ঝাঁপ দিতে নিষেধ করা হচ্ছিল।

    আবার যারা ছাদে উঠে গিয়েছিলেন, তারা সেখান থেকেই টর্চ জ্বালিয়ে উদ্ধার করার জন্য সঙ্কেত দিচ্ছিলেন।

    কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে