আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

আবারো সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও আফগানিস্তানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে দুই দেশের সীমান্ত এলাকায় এখনো উত্তেজনাকর পরিস্থিতির কথা জানা যাচ্ছে।

সরাসরি কভারেজ

  1. পাকিস্তানের নিশানায় তালেবানদের সরকারি স্থাপনা

    আফগানিস্তানে পাকিস্তানি হামলার একটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেছেন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক ও আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান।

    তিনি জানিয়েছেন, "সাম্প্রতিকতম হামলায় ,সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তুর’ বদলে আফগানিস্তানে তালেবানদের সরকারি স্থাপনাগুলোকে নিশানা করছে পাকিস্তান।"

    বিবিসির নিউজডে প্রোগ্রামে তিনি বলেছেন, “এটি এখন শাসকগোষ্ঠীকেই নিশানা করছে।” পাকিস্তানের দাবি, আফগান তালেবানরা তাদের উপর হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

    দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হলেও, তা স্থায়ী সমাধান দিতে পারেনি।

    এদিকে, তালেবানদের বক্তব্য ইঙ্গিত দেয় যে, তারা সীমান্তের অপর প্রান্তে পাকিস্তানকে নিশানা করে “নিরলস আক্রমণ” চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেছেন, এটি একটি “অনিশ্চিত পরিস্থিতি,” যা প্রকৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

  2. গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছে- এএফপি

    আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি প্রধান সীমান্ত ক্রসিংয়ে গুলি ও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে, এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    পাকিস্তানের তোরখাম শহর এবং আফগানিস্তানের নানগারহার প্রদেশ সংযোগকারী তোরখাম ক্রসিং দুই দেশের মধ্যে বাসিন্দাদের যাতায়াত এবং পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।

    গত অক্টোবরে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে স্থল সীমান্ত বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তোরখাম ক্রসিংসহ কয়েকটি এই তালিকায় নেই।

    পাকিস্তান থেকে দেশে ফেরার জন্য অনেক আফগান নাগরিক এই ক্রসিং ব্যবহার করেন। দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে তাদের অনেকেই ক্রমবর্ধমান চাপে রয়েছেন। জীবনযাত্রার অবনতির কথাও বলেছেন।

    একজন প্রাদেশিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ক্রসিংয়ের কাছে থাকা শিবিরে বৃহস্পতিবার রাতে চালানো হামলায় বেশ কয়েকজন শরণার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হন বলে জানা গেছে।

    পাকিস্তান থেকে আফগানে ফিরেছেন এমন এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, তিনি "রক্ত" দেখেছেন। আহত শিশু ও নারীদেরও দেখেছেন। অন্য এক ব্যক্তি জানিয়েছেন, তাড়াহুড়ো করে সবাই পালিয়েছেন।

  3. আফগানিস্তানের দামানে আঘাত করেছে পাকিস্তানি বিমান হামলা, মাহফুজ জুবাইদ বিবিসি নিউজ প্রোডিউসার

    আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় শুক্রবার ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর পাকিস্তানকে নিশানা করে পাল্টা হামলা চালায় আফগানিস্তানের তালেবান।

    বিবিসিকে তালেবানের মুখপাত্র জানিয়েছেন, কান্দাহার প্রদেশের দামান জেলায় একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তানি বিমান।

    তবে তিনি জানিয়েছেন এই ঘটনায় কেউ হতাহত হননি। দামান জেলায় তালেবান সীমান্তরক্ষীদের একটি ঘাঁটি রয়েছে।

    প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশেই একে অপরের উপর চালানো হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে সেগুলো বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

  4. পাকিস্তানের ৫০ জন সেনাকে হত্যার দাবি আফগান তালেবানের, ইয়ামা বারিজ,কাবুল থেকে আফগান সার্ভিস সংবাদদাতা

    আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

    তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কিছু পাকিস্তানি সৈন্যকে আটক করেছে।

    তিনি আরো দাবি করেন, এ হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

    তবে এই সংখ্যার বিষয়টি কেউ স্বাধীনভাবে নিশ্চিত করেনি।

    এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগান তালেবানের ২৭টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং তালেবান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

  5. এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    পাকিস্তানের বিমান বাহিনী ভোররাতে আফগানিস্তানের রাজধানীতে বোমা হামলা চালিয়েছে—এর আগে দুই দেশের দীর্ঘ পাহাড়ি সীমান্তজুড়ে কয়েক মাস ধরে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছিল।

    যা জানা দরকার তা হলো—

    • পাকিস্তানি বাহিনী কাবুলসহ কান্দাহার ও পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে। হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তার দেশের বাহিনী শত্রুদের “চূর্ণ” করার সক্ষমতা রাখে, অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবানের বিরুদ্ধে “সরাসরি যুদ্ধের” ঘোষণা দিয়েছেন।
    • “আমাদের ওপর হামলা হলে আমরা পাল্টা জবাব দেব, তবে এই মুহূর্তে আমরা সংঘর্ষ শুরু করব না,” বিবিসিকে বলেছেন তালেবানের এক সামরিক মুখপাত্র।
    • জাতিসংঘ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন, আর ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।
    • পাকিস্তানের মিত্র সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার পাকিস্তানি সমকক্ষের সঙ্গে বৈঠক করেছেন উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করতে।
    • এই বিমান হামলা দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলমান বৈরিতার পর ঘটেছে।
  6. পাকিস্তানের কিছু এলাকায় আফগান তালেবানের হামলা বন্ধ আছে

    আফগানিস্তানের কান্দাহার এবং হেলমান্দ প্রদেশ থেকে পাকিস্তানকে নিশানা করে চালানো তালেবানদের আক্রমণ বন্ধ হয়েছে। দক্ষিণ আফগানিস্তানের সূত্র বিবিসির পাশতো সার্ভিসকে এই তথ্য জানিয়েছে।

    শুক্রবার ভোররাতে পাকিস্তানি বিমান হামলার পর পাল্টা আক্রমণ চালানোর কথা আগেই জানিয়েছিলেন তালেবান সরকারের একজন মুখপাত্র।

    আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন কাবুল, কান্দাহার এবং অন্যান্য প্রদেশে হামলার পর, কান্দাহার এবং হেলমান্দের কাছে পাকিস্তানি সেনাবাহিনীকে নিশানা করে পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

    দুই দেশই একে উপরের উপর চালানো হামলায় হতাহতের বিষয়ে দাবি করলেও সে নিয়ে সঠিক তথ্য এখনো জানা যায়নি।

  7. আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা সৌদি আরবের

    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার আবহে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।

    দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন বলে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে।

    সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ‘অঞ্চলের পরিস্থিতি’ এবং ‘উত্তেজনা কমানোর উপায়’ নিয়ে আলোচনা করেছেন।

    সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করেছে।

    ইসহাক দার বর্তমানে একটি সরকারি সফরে সৌদি আরবেই রয়েছেন।

  8. 'ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে, তারপরই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি'- কাবুলের বাসিন্দার অভিজ্ঞতা, মাহফুজ জুবাইদে, নিউজ প্রডিউসার

    কাবুলের ৬ নম্বর জেলার দাশতি বারচি এলাকার একজন বাসিন্দা—যা গত রাতের পাকিস্তানি বিমান হামলার লক্ষ্যবস্তু এলাকাগুলোর কাছেই অবস্থিত—আমাকে বলেছেন, হামলার সময় একটি বিস্ফোরণে তার বাড়ি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।

    তিনি বলেন, “শুরুতে আমরা ভেবেছিলাম এটা ভূমিকম্প, কারণ কয়েক দিন আগে কাবুলে ভূমিকম্প হয়েছিল। তারপরই আমরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি”।

    নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানানো ওই বাসিন্দা বলেন, দাশতি বারচির মানুষ বিস্ফোরণের পরপরই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং পুরো রাত জেগে থাকে।

    “এরপর আর কেউ ঘুমায়নি। সবাই ভয় পাচ্ছিল”।

    তিনি আরও জানান, বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পর কাবুলের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

    “যখন আমরা মাথার ওপর জেট উড়তে দেখলাম, বুঝতে পারলাম এগুলো পাকিস্তানের সামরিক বিমান”।

    তিনি বলেন, হামলার লক্ষ্যবস্তুহয়েছে যে এলাকা সেটি তার বাড়ি থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে।

    “আমার স্ত্রী এবং বাবা-মা খুব ভয় পেয়েছিল। আমরা সবাই পুরো রাত জেগে ছিলাম”।

  9. কাবুলের পরিবেশ আপাতত শান্ত, জানাচ্ছেন বাসিন্দারা, হাফিজুল্লাহ, বিবিসি আফগান সার্ভিস

    আমি কাবুলের বেশ কয়েকজন বাসিন্দা এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি কান্দাহার ও নানগারহার প্রদেশের প্রদেশের মানুষের সঙ্গেও কথা বলেছি।

    তারা আমাকে জানিয়েছেন যে, পরিস্থিতি আপাতত শান্ত বলে মনে হচ্ছে, যদিও সীমান্তের দু’দিকেই উচ্চ সতর্কতা জারি রয়েছে।

    এক তালেবান সামরিক মুখপাত্র আমাকে বলেছিলেন, “যদি আমাদের উপর হামলা চালানো হয়, আমরা জবাব দেব। কিন্তু আপাতত আমরা সংঘর্ষ শুরু করব না”।

    কাবুলে এখন সকাল। রাজধানীর বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধ বিমানের শব্দ তারা শুনতে পাচ্ছেন না।

    কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এই মুহূর্তে কিছুটা হলেও শান্তির পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন কাবুলের বাসিন্দারা।

  10. আফগান শরণার্থী শিবিরে রকেট হামলায় আহত নয়জন

    আফগানিস্তানের নানগারহার প্রদেশের উমারি শরণার্থী শিবিরে পাকিস্তানি হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ওই শিবিরে পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীরা বাস করেন।

    নানগারহারের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আমিনুল্লাহ শরীফ জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন নারী ও দু'জন পুরুষ রয়েছেন। তাদের প্রত্যেকেই পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থী।

    আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

    গত রাতে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনা পোস্টে পাল্টা হামলা চালায় তালেবান বাহিনী। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। কাবুলসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

    দুই পক্ষই হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে এই বিষয়ে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

  11. পাকিস্তানের সঙ্গে আফগান তালেবানের প্রচলিত যুদ্ধের সম্ভাবনা কম

    আফগানিস্তানের তালেবানের পক্ষে পাকিস্তানের সঙ্গে প্রচলিত যুদ্ধ করার সম্ভাবনা কম বলে বিবিসি উর্দুকে বলছেন বেশ কিছু বিশ্লেষক।

    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সক্ষমতার বড় ধরনের পার্থক্য রয়েছে।

    পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়মিত বিশ্বের সামরিক শক্তির শীর্ষ ১৫ দেশের মধ্যে স্থান পেয়ে থাকে।

    অন্যদিকে আফগান তালেবানের একই ধরনের সামরিক সক্ষমতার ঘাটতি রয়েছে এবং তারা নিজেরাই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।

    তালেবান বাহিনীর হাতে থাকা অস্ত্র মূলত তিনটি উৎস থেকে এসেছে- সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, দেশ ছেড়ে যাওয়া বিদেশি বাহিনীর রেখে যাওয়া সামরিক সরঞ্জাম এবং কালোবাজারসহ বিভিন্ন উৎস থেকে নতুন করে সংগ্রহ করা অস্ত্র।

    বিশেষজ্ঞরা বলেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিওতে দেখা যায়, তালেবান বাহিনী বেশির ভাগ ক্ষেত্রেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হালকা অস্ত্র ব্যবহার করেছে।

    তবে বিশ্লেষকদের মতে, তালেবানদের গেরিলা যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

    একজন আফগান নিরাপত্তা বিশ্লেষক বিবিসি উর্দুকে বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানদের অনেক সংঘর্ষেই অতর্কিত হামলা ও সড়কপথে বোমা পেতে রাখার মতো গেরিলা কৌশল ব্যবহার করা হয়।

  12. মধ্যস্থতার প্রস্তাব দিল ইরানের

    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 'সংলাপ সহজতর' করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান।

    সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা জানিয়েছেন।

    পাকিস্তান এবং আফগানিস্তানকে “ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর” আহ্বান জানিয়েছেন তিনি।

    এর আগেও দুই দেশের মধ্যে যখন সীমান্ত সংক্রান্ত উত্তেজনা বাড়ছিল, সেই সময়েও একই প্রস্তাব দিয়েছিল ইরান।

  13. ‘ভয়াবহ পরিস্থিতি’- বলছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দূত

    আফগানিস্তানে শান্তি পুনঃস্থাপন নিয়ে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কূটনীতিক জালমে খলিলজাদ বলেছেন, “এটি একটি ভয়াবহ পরিস্থিতি, যা অবশ্যই বন্ধ করতে হবে”।

    তিনি অবশ্য এটি বলেছিলেন পাকিস্তান অভিযান চালানোর আগে তালেবানদের ‘প্রতিশোধমূলক’ হামলার ঘোষণার প্রতিক্রিয়ায়। যদিও পরে এক্স- এ (সাবেক টুইটার) দেওয়া পোস্ট তুলে নেয় তালেবান।

    জালমে খলিলজাদ সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, “নিরীহ আফগান ও পাকিস্তানিরা আহত বা নিহত হচ্ছে”।

    “এর চেয়ে ভালো বিকল্প হলো দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক চুক্তি, যাতে কেউই তাদের ভূখণ্ডকে অন্যের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না”।

    তিনি বলেন, এ ধরনের চুক্তির বাস্তবায়ন তুরস্কের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত।

    গত বছর খলিলজাদ তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে দেশটি সফর করেছিলেন।

  14. আফগানিস্তান ও পাকিস্তানকে আইন মেনে চলা ও সংলাপের আহ্বান জাতিসংঘের

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন।

    গুতেরেস দুই দেশকে আন্তর্জাতিক আইন—বিশেষত আন্তর্জাতিক মানবাধিকার আইন—কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

    এদিকে সীমান্ত সংঘর্ষ ও প্রাণঘাতী বিমান হামলার প্রেক্ষাপটে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন টুর্ক।

  15. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত নিয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    • আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। আফগানিস্তানও এই তথ্য নিশ্চিত করেছে।
    • তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, “যে কোনো আগ্রাসী অভিপ্রায় নস্যাৎ করার পূর্ণ সক্ষমতা” রয়েছে তাদের; অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবানের বিরুদ্ধে “সরাসরি যুদ্ধের” ঘোষণা দিয়েছেন।
    • আফগান তালেবানের এক মুখপাত্র এক্সে পোস্ট করে বলেছেন, তারা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নতুন করে হামলার মাধ্যমে জবাব দিয়েছেন—যদিও পোস্টটি পরবর্তীতে মুছে ফেলা হয়েছে।
    • “আমাদের ওপর হামলা হলে আমরা পাল্টা জবাব দেব, তবে এই মুহূর্তে আমরা সংঘর্ষ শুরু করব না,” বিবিসিকে বলেছেন তালেবানের এক সামরিক মুখপাত্র।
    • এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান জানায়, আফগান তালেবানের একটি অভিযানের পর তাদের দুই সৈন্য নিহত হয়েছে।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে