আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

জামায়াত ভোটের নামে 'জান্নাতের টিকিট বিক্রি করে' মানুষের সঙ্গে প্রতারণা করছে, অভিযোগ রিজভীর

মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে আগুনে ১৬ জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এদিকে গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:

    • ঢাকায় মিরপুরে গার্মেন্টসে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তাদের সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
    • গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।
    • বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান-প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
    • জামায়াতে ইসলামী ভোটের নামে "জান্নাতের টিকিট বিক্রি করে" মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সচিবালয় অভিমুখে শুরু করা পদযাত্রা শিক্ষাভবন মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। পরে তারা শাহবাগ মোড় ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
    • গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি এবং গাজা সিটির ৯২ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে ২৩৮ জন মারা প্রাণ হারাল।
    • নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। অন্যদিকে, এনসিপি বলছে, শাপলা প্রতীক না পেলে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে যাবে কি না সে বিষয়ে ভাববে দলটি।
    • বাংলাদেশে আগামীতে কারা সরকার গঠন করবে, সেটার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। বুধবার নতুন খবর নিয়ে ফের লাইভ পাতা শুরু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাবে সম্মতি দিয়েছে: মির্জা ফখরুল

    একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে এক দলীয় সভায় তিনি এ কথা বলেন।

    "সংস্কার কমিশনে আমরা বলেছি যে, একই দিনে নির্বাচন হবে, সেদিনেই আমরা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। অর্থাৎ যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, সে বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি," বলেন মি. আলমগীর।

    তিনি আরও বলেন, "আগামী শুক্রবার সংস্কার কমিশনের মাধ্যমে একটা সনদ প্রকাশিত হবে। সেই সনদে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি, সেগুলো নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে।"

    আসন্ন সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যত নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

    "এই সময়টাতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের ভুলের কারণে বা রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না," বলেন মি. আলমগীর।

  3. জামায়াত ভোটের নামে 'জান্নাতের টিকিট বিক্রি করে' মানুষের সঙ্গে প্রতারণা করছে, অভিযোগ রিজভীর

    জামায়াতে ইসলামী ভোটের নামে "জান্নাতের টিকিট বিক্রি করে" মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    "বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন, দাড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করলেন," অভিযোগ করেন মি. রিজভী।

    "এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে, অন্ধকার যুগে করেছে। জামায়াতে ইসলাম কী আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে?," প্রশ্ন রাখেন তিনি।

    জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল নভেম্বরে যে গণভোটের দাবি করছেন, সেটি তাদের ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ কি-না- এমন প্রশ্নও তুলেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

  4. মিরপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

    ঢাকায় মিরপুরে গার্মেন্টসে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তাদের সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

    গার্মেন্টসে পাশাপাশি একই এলাকার একটি কেমিকেল গোডাউনেও আগুন লেগেছে। সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

  5. ব্রেকিং, মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী

    গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।

    এএফপি জানিয়েছে যে, দেশটির সেনাবাহিনীর একজন 'কর্নেল' ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

    এ ঘটনার আগে, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা।

    মঙ্গলবার মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে।

    তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন মি. রাজোয়েলিনা।

    সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে।

    ফলে ভোটটি "অসাংবিধানিক" বলে দাবি করেন তিনি।

    এরপরেই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর জানা যায়।

  6. অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত আইনের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ: টিআইবি

    বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান-প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তির ক্ষেত্রে আইনের সমান-প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী বৈশ্বিক প্রতিষ্ঠানটি।

    "একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্য কী করে গ্রহণযোগ্য হতে পারে? মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারপ্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই," বিবৃতিতে বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

    তিনি আরও বলেন, "এভাবে কাউকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান বা মূল্যায়ন, ন্যায়বিচারের পরিপন্থী। অন্যান্য অভিযুক্তরা যদি যথানিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যাবস্থায় কারা হেফাজতে থাকতে পারে, তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাব-জেলের যৌক্তিকতা কী?"

    সরকারের এমন "বৈষম্যমূলক" সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করছে টিআইবি।

    "অভিযুক্ত অন্য সেনা কর্মকর্তাদের কেন সেনা হেফাজতে রাখার প্রয়োজন হলো- এর ব্যাখ্যা দেওয়া সেনা কর্তৃপক্ষ তথা সরকারের জন্য জরুরি। এ জাতীয় মর্জিমাফিক আচরণ ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করবে," বলেন ড. ইফতেখারুজ্জামান।

    উল্লেখ্য যে, গুম খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে সম্প্রতি সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

    এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর গত সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

  7. আগামীতে সরকার গঠনে নির্ণায়কের ভূমিকা পালন করবে এনসিপি: সারজিস আলম

    বাংলাদেশে আগামীতে কারা সরকার গঠন করবে, সেটার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    মঙ্গলবার নেত্রকোনায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    "আমরা মনে করছি, আগামীর বাংলাদেশে গণতন্ত্রের পথে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে। আগামীতে কারা সরকার গঠন করবে, সে ক্ষেত্রেও এনসিপি নির্ণায়কের ভূমিকায় থাকবে," বলেন মি. আলম।

    বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে তিনি বলেন, "আপনারা বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখেছেন, বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারেনি। আবার জামায়াতও দীর্ঘদিন রাজনীতি করেও বৃহৎ পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি।"

    "সেক্ষেত্রে এনসিপি বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা মনে করি, অন্য যেকোনো দলের চেয়ে এনসিপি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, গণঅভ্যুত্থানের সময় এনসিপি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল," বলেন সারজিস আলম।

  8. শিক্ষকদের সচিবালয়মুখী পদযাত্রা আটকে দিল পুলিশ

    বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সচিবালয় অভিমুখে শুরু করা পদযাত্রা শিক্ষাভবন মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ।

    এ অবস্থায় শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের পক্ষে সেখানেই নানান স্লোগান দিচ্ছেন তারা।

    এর আগে, দাবি মেনে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষক-কর্মচারীরা।

    কিন্তু ওই সময়ের মধ্যে সরকার দাবি মেনে না নেওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।

    পদযাত্রাটি দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবন মোড়ে যাওয়ার আগেই সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

    বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত রোববার রাজধানীতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

    এর প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

  9. ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। এর মধ্যে চারজনেরই মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

    এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে ২৩৮ জন মারা প্রাণ হারাল।

    এছাড়া গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

    এ নিয়ে গত ১০ মাসে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে।

  10. ইসি বলেছে শাপলা প্রতীক পাবে না এনসিপি, এই ইসির অধীনে নির্বাচনে অংশ নেবে কি না ভাবছে দলটি

    নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

    অন্যদিকে এনসিপি বলছে, শাপলা প্রতীক না পেলে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে যাবে কি না সে বিষয়ে ভাববে দলটি।

    মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে আখতার আহমেদ বলেন, “আমরা একটা চিঠি দিয়েছি উনাদেরকে (এনসিপি) যে, আগামী ১৯ শে তারিখের ভেতরে বিকল্প প্রতীক জানাবেন। যদি না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”

    তিনি জানান, "এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে।"

    এদিকে, প্রতীক বরাদ্দের বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, “ইসি কোনো ব্যাখা না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে। আমরা বার বার বলেছি জনগণের কাছে জবাবদিহিতা থাকা উচিত। বরং অদৃশ্য শক্তির সাথে যোগসাজশে এনসিপিকে প্রতীক থেকে বঞ্চিত করার পাঁয়তারা দেখিয়েছে ইসি।”

    "ইসির আচরণ পক্ষপাতিত্বমূলক। তাই এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে যাবে কি-না সেটা নিয়েও ভাববে এনসিপি," বলেন মি. আদিব।

  11. মিরপুরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

    মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে আগুনে নয় জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এসময় একজন আহত হয়েছেন। তবে কেমিকেল গুদামে এখনো উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি বলেও ফায়ার সার্ভিস জানিয়েছে।

    ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকেল ৪টা পর্যন্ত সেখানে ১২টি ইউনিট ছিল বলে জানানো হয়।

    ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্লনে মোহাম্মদ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক ব্রিফিং এ জানান, “কেমিকেল গোডাউনে এখনো কোনো উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সেখানে কী কী কেমিকেল রয়েছে তা এখনো নিশ্চিত নয়। আধুনিক টেকনোলোজি দিয়ে আগুন নিউট্রালাইজ করার চেষ্টা করবো।”

    সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

    এদিকে, রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বিবিসি বাংলাকে জানান, "কেমিকেল গোডাউনের ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না। তাই এখনো সেখানে হতাহতের বিষয়ে জানা যায়নি।”

  12. গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন

    গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি এবং গাজা সিটির ৯২ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

    গাজা পুনর্গঠনে কী কী দরকার তার চাহিদা মূল্যায়ন করছে সংস্থাটি।

    জেনেভায় ইউএনডিপির একজন মুখপাত্র গাজার ধ্বংসস্তূপকে 'বিধ্বংসী' হিসেবে বর্ণনা করেছেন।

    সংস্থাটি অনুমান করছে, সেখানে কমপক্ষে ৫৫ মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন।

    ইউএনডিপি বলেছে যে তারা কিছু অপসারণ শুরু করেছে, কিন্তু অবিস্ফোরিত বিস্ফোরক কাজকে ব্যাহত করছে।

    সেখানে নিয়মিতভাবে মৃতদেহ পাওয়া যাচ্ছে যেগুলো শনাক্ত ও সমাহিত করা প্রয়োজন বলেও জানিয়েছে তারা।

    জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংক পরিচালিত পুনর্গঠন ব্যয়ের একটি অনুমান অনুসারে, গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে কমপক্ষে ৭০ বিলিয়ন ডলার (৫২.৭ বিলিয়ন পাউন্ড) প্রয়োজন হবে।

  13. দাবি মানতে বিকেল চারটা পর্যন্ত সময় দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

    বাংলাদেশের রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

    দাবি না মানলে বিকেল চারটায় সচিবালয়ের দিকে লংমার্চ নিয়ে এগোবেন তারা।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর বিবিসি বাংলাকে জানান, “শিক্ষকদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো শহীদ মিনারে অবস্থান করছেন।”

    এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে আলোচনার জন্য নিয়ে যেতে কথা-বার্তা চালাচ্ছেন তিনি।

    আন্দোলনকারীরা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে সচিবালয় অভিমুখী এই লংমার্চ বিকেল চারটা পর্যন্ত পিছিয়েছেন।

    শিক্ষকরা যে তিন দফা দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো – মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে, শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

    উল্লেখ্য, এর আগে প্রথম দিন এমপিও শিক্ষকদের আন্দোলন কঠোরভাবে দমন করে পুলিশ। সেদিন তাদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে কয়েকজন আহতও হন।

  14. ‘কেউ ভাবেনি এটা সম্ভব'- গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প

    গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ কেউ ভাবেনি যে এটি সম্ভব।"

    ইসরায়েল ও মিশর সফরের পর যুক্তরাষ্ট্রে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

    গাজার যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরছে এটা বলা তড়িঘড়ি হয়ে যাবে কি না এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "অনেক মানুষ এক-রাষ্ট্রীয় সমাধান পছন্দ করে। কিছু মানুষ দুই-রাষ্ট্রীয় সমাধান পছন্দ করে। আমাদের দেখতে হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করিনি।"

    গতকাল মিশর ২০টি দেশের প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলনে গাজা সংক্রান্ত এক চুক্তিতে সই করেন ট্রাম্প।

    ওয়াশিংটন ডিসিতে পৌঁছে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গাজা উপত্যকায় পরবর্তী কী হবে তা নিয়ে আলোচনা করেছিলেন।

    তিনি প্রেসিডেন্ট না থাকলে শান্তি থাকবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, "আমি বলতে পারছি না কী ঘটবে। তবে যেই হোক না কেন, তার পক্ষে আমি লড়াই করব।"

    পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি লিখেছেন, "আজ ইসরায়েল ও মিশরে এত কিছু সম্পন্ন হয়েছে। অনেক কাজ, কিন্তু আমি অন্য কোনো উপায়ে এটি পেতে চাই না। এটি অন্য কোনো অভিজ্ঞতার মতো ছিল না!"

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে