মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:
- ঢাকায় মিরপুরে গার্মেন্টসে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তাদের সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।
- বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান-প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
- জামায়াতে ইসলামী ভোটের নামে "জান্নাতের টিকিট বিক্রি করে" মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সচিবালয় অভিমুখে শুরু করা পদযাত্রা শিক্ষাভবন মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। পরে তারা শাহবাগ মোড় ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
- গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি এবং গাজা সিটির ৯২ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে ২৩৮ জন মারা প্রাণ হারাল।
- নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। অন্যদিকে, এনসিপি বলছে, শাপলা প্রতীক না পেলে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে যাবে কি না সে বিষয়ে ভাববে দলটি।
- বাংলাদেশে আগামীতে কারা সরকার গঠন করবে, সেটার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। বুধবার নতুন খবর নিয়ে ফের লাইভ পাতা শুরু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।













