কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর স্থগিত

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ঢাকায় আসছেন না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, আকাশসীমা বন্ধ এবং দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। এদিকে, ভারত পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)

    ছবির উৎস, KUET

    ছবির ক্যাপশান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য (প্রো-ভিসি) এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

    বুধবার মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    সার্চ কমিটির মাধ্যমে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    শিক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃতি করে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হবে।

    কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।

    মূলত গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ ও বহু শিক্ষার্থী হতাহতের জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

    এরপর ২৫শে ফেব্রুয়ারি জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ সেইসাথে সব শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। ১৩ই এপ্রিল থেকে হল খোলার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

    পরদিন ১৪ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তারপর থেকেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

  2. পোপের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

    পোপ ফ্রান্সিস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিস

    ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সবসরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

    প্রয়াত পোপের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে।

    পোপ ফ্রান্সিস গত সোমবার (২১শে এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা যান।

    ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার ধর্মযাজক জর্জ মারিও বার্গোগ্লিও। পোপ হিসেবে নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখেন ‘ফ্রান্সিস’।

    পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার অনুষ্ঠিত হবে বলে ভ্যাটিকান সিটির এক ঘোষণায় বলা হয়েছে।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে