আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘোষণা, 'হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত’ থাকবে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন। এদিকে, বাংলাদেশে ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রতিবাদে ওয়াক আউট করেছেন বিরোধী দলের এমপিরা।

সরাসরি কভারেজ

  1. ইরাক, বাহরাইন, ওমানে ইরানের হামলার খবর

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের অব্যাহত হামলার খবর আসছে।

    হামলার ফলে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা বন্দরের কাছে দুইটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। দেশটির তেল টার্মিনালগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ট্যাংকারগুলোর নাবিকদের অধিকাংশকেই উদ্ধার করা সম্ভব হলেও একজন নিহত হয়েছেন।

    বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তেল ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে ইরান হামলা চালানোর পর সেখানেও আগুন ধরে গেছে।

    ধোঁয়া ঘনীভূত হওয়ায় জনগণকে বাড়ি-ঘরের জানালা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

    গতকাল ওমানে সালালাহ বন্দরে হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে অগ্নিনির্বাপক বাহিনী।

    সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওমান তাদের তেল রপ্তানি করার টার্মিনাল থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

    এটা স্পষ্ট যে, ইরান একটা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে।

    একটি ইরানি ব্যাংকে হামলার পর বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করেছে যে, পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু।

    ইতোমধ্যেই আন্তর্জাতিক কয়েকটি ব্যাংক উপসাগরীয় অঞ্চলে তাদের কার্যালয় বন্ধ করতে শুরু করেছে।

    কাতারে এইচএসবিসি এবং দুবাইতে সিটি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের কার্যক্রম বন্ধ করে কর্মকর্তাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে।

  2. ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ শনাক্ত করেছে তারা।

    দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিরোধ করেছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

  3. খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আজ।

    প্রথম বৈঠকে গত ২৫শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগ্লিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদ শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

    এছাড়াও সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতেও শোক প্রস্তাবে তাদের নাম উল্লেখ করা হয়।

    সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো কয়েকটি নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আবেদন জানান যার মধ্যে ওসমান হাদি, আবরার ফাহাদ ও ফেলানি খাতুনের নাম রয়েছে।

  4. বিএনপি'র স্থায়ী পদ থেকে পদত্যাগ করেছি: নবনির্বাচিত স্পিকার

    নিরপেক্ষতার খাতিরে বিএনপি'র স্থায়ী পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    বিরতির পর স্পিকার হিসেবে তিনি তার প্রথম অধিবেশনের বক্তব্যে বলেন, "রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।"

    এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারকে বলেন, "আজ থেকে আপনারা আর কোনো দলের নয়। আপনারা এই সংসদের স্পিকার।"

    এরপর বিরোধী দলের প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, "আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিল ডামি সংসদ। এইখানে যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেনি। আপনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সকলের। আমরা মনে করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।"

  5. উপসাগরীয় অঞ্চলে কয়টি জাহাজে হামলা হয়েছে?

    গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ১১ই মার্চ, এই সময়ের মাঝে আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগর এলাকায় মোট ১৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

    এরপর রাতের মধ্যে ইরাকের বসরা শহরের কাছে উম্ম কাসর বন্দরের আশপাশে আরও দুটি জাহাজে হামলা হয়।

    ইরাকের বন্দর পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা'র প্রধান জানান, এতে একজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

    এদিকে, কিছুক্ষণ আগে ইউকেএমটিও আরেকটি ঘটনার কথা জানিয়েছে।

    সংস্থাটি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলির উত্তরে একটি কনটেইনার জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে জাহাজে ছোট একটি আগুন লাগে।

    সংস্থাটি আরও জানায়, অন্ধকারের কারণে জাহাজটির ক্ষয়ক্ষতির সম্পূর্ণভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

  6. মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

    নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

  7. ভারতশাসিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর উপর হামলার চেষ্টা

    ভারতশাসিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং অল্পের জন্য তিনি বেঁচে গেছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী তথা ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ।

    বুধবার ওই ঘটনার সময় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও মি আবদুল্লাহর সঙ্গে ছিলেন। ঘটনাটি জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়েল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটেছে।

    ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি পিস্তল হাতে ফারুক আবদুল্লাহ'র দিকে এগিয়ে আসছেন। তারপরেই ফারুক আবদুল্লাহ'র নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

    রাজ্য পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি জম্মুর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন তিনি গত ২০ বছর ধরে মি. আবদুল্লাহকে 'হত্যার চেষ্টা করছিলেন'। তবে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

    জেড-প্লাস এবং এনএসজির নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকা সত্ত্বেও একজন আগ্নেয়াস্ত্র নিয়ে কীভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছাকাছি পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকের পুত্র ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

  8. প্রতি ব্যারেল তেলের দাম আবার ১০০ ডলার ছুঁয়েছে

    ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেলে ১০০ ডলার ছুঁয়েছে। আজ বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে এর দাম প্রায় নয় শতাংশ বেড়েছে।

    যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বহু দেশ তাদের জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামে এখনো স্থিতিশীলতা আসেনি।

    হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে ইরান। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

    গত সোমবারি প্রথম তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়। এরপর থেকে দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

  9. মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১,১০০ শিশু হতাহত: ইউনিসেফ

    মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলজুড়ে এক হাজার ১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

    সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম হামলার পর থেকে ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরায়েলে চার শিশু এবং কুয়েতে একজন শিশুর নিহত হওয়ার খবর রয়েছে।

    বিবৃতিতে বলা হয়, শিশুদেরকে হত্যা বা আহত করা এবং তাদের জন্য প্রয়োজন, এমন জরুরি সেবা ধ্বংস করাকে কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।

  10. রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত কায়সার কামাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন।

    তারা শপথবাক্য পড়ার সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন।

  11. সংসদ অধিবেশনে ৩০ মিনিটের বিরতি

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষে ৩০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়েছে।

    বিরতি শেষে নতুন নির্বাচিত স্পিকারের নেতৃত্বে সংসদ বসবে।

  12. ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কায়সার কামাল

    বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা কায়সার কামাল।

    নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

    সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্বপালনকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার হিসেবে মনোনয়ন জমা পড়েছিলো এই একটিই।

    কণ্ঠভোটে কায়সার কামালকে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করেন তিনি।

  13. জাতীয় সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

    জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

    তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন।

    আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

    হাফিজ উদ্দিন আহমদ এবার ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

    এর আগে, তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ছিলেন তিনি।

  14. সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন

    সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

    সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ার পর্যন্ত তিনি আপাতত স্পিকারের দায়িত্ব পালন করছেন।

    তাকে প্রথম বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব প্রদান করায় তিনি সকল সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    চতুর্থ বারের মতো সরকার গঠন করা বিএনপিকে ও প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পালন করা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

  15. আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি: সংসদে তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দিয়েছেন।

    তিনি বলেছেন, এবারই প্রথমবারের মতো বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

    "দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি"।

    প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মধ্য দিয়ে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি সংসদে সব দলের সদস্যদের সহযোগিতা আশা করেন।

    তিনি আরও বলেন যে বিরোধী দলের সাথে তাদের মতামত ও কর্মসূচির ভিন্নতা থাকতে পারে, "কিন্তু তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মাঝে কোনো বিরোধ নেই"।

    তিনি বক্তব্যে বিএনপির প্রয়াত নেত্রী ও তার মা খালেদা জিয়ার কথাও স্মরণ করেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশের জনসাধারণ এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।

    এরপর তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে রেওয়াজ অনুযায়ী সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের উপস্থিত থাকার কথা ছিল।

    কিন্তু বিগত সরকারের "জনবিরোধী কর্মকাণ্ডের ফলে" বাংলাদেশে যে "জনরোষ" তৈরি হয়েছে, তারপর আর "তাদেরকে খুঁজে পাওয়া যায়নি"।

    সেকারণে তিনি বিএনপি নেতা ও নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

  16. সংসদ অধিবেশনের শুরুতেই তারেক রহমানের বক্তব্য

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।স্পিকারের আসন ফাঁকা রেখে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

    প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

    সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউ-ই উপস্থিত নেই।

    তাদের অনুপস্থিতিতেই সংসদ অধিবেশন শুরু হয়। তবে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তারেক রহমান খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বান জানান।

  17. আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। সংসদের প্রথম বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়, সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এবারও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং তার ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে। পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

    এরআগে, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

    সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

    অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে অধিবেশনের সময়কাল ও এজেন্ডা নির্ধারণ করা হবে।

    প্রথম বৈঠকে সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) প্রধান কাজ হবে সরকার যে সব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা।

    গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ই ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

    ১৩তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় প্রথম অধিবেশনে বিএনপির একজন সংসদ সদস্য সভাপতিত্ব করবেন।

    সংসদের প্রথম বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।

    তাদের নির্বাচনের পর শপথগ্রহণের জন্য অধিবেশন ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুলতবি করা হতে পারে।

    এরপর নবনির্বাচিত স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রথম বৈঠকেই নতুন সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন নতুন স্পিকার।

    এই কমিটিই উদ্বোধনী অধিবেশনের মেয়াদ এবং সংসদের অন্যান্য কার্যসূচি নির্ধারণ করবেন।

    এ অধিবেশনেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হতে পারে।

    প্রথম বৈঠকে সংসদে শোক প্রস্তাবও গৃহীত হবে।

    বর্তমান সংসদ গঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।

    অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।

  18. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ "শিগগিরই" শেষ হবে এবং ইরানে "আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই"।
    • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন, এমন খবরে তিনি ‘নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।
    • স্পেন তেল আভিভ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার পরিবর্তে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
    • ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমদ দোনইয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণের মতো অবস্থানে নেই দেশটির জাতীয় ফুটবল দল।
    • হরমুজ প্রণালী 'কার্যত বন্ধ' হয়ে যাওয়ায় তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেবে বলে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ'র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।
    • ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি “শেষ হয়েছে” বলে এক বিবৃতিতে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের একজন মুখপাত্র। তিনি বলেছেন, তেহরানের বর্তমান নীতি হবে “আঘাতের বদলে আঘাত”।
    • ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। “আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে”- বলেছে তারা।
    • ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩টি জাহাজে হামলার খবর পেয়েছে তারা।
    • ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড বা খাতাম আল–আনবিয়ার একজন মুখপাত্র হুমকি দিয়েছেন যে, ইরানে একটি ব্যাংক লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় দেশটি ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে।
    • শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা সেই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে