নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না কেন, তা মেনে নিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিকে, ২০২৫ সালের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তৈরি করা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
    • বিতর্কিত বক্তব্যের জেরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সিকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
    • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ গত এক বছরে এক কোটি ৬১ লক্ষ চার হাজার ৩৯২ টাকা বেড়েছে। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতা গ্রহণের সময় তার মোট সম্পদ ছিল ১৪ কোটির চেয়ে সামান্য বেশি। আর এখন তা বেড়ে হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি।
    • ২০২৫ সালের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ ছিল ১৪তম অবস্থানে। জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে তালিকা করেছে, সেখানে এই তথ্য উঠে এসেছে।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে ‘একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে’ বলে অভিযোগ করেছে তার দল।
    • একটি দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
    • বাংলাদেশে এবার ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বা আইজিপি বাহারুল আলম বলেছেন, প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।
    • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষকরা মাঠে আছেন এবং নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. কুমিল্লার মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করলো বিএনপি

    বিএনপির দলীয় পতাকা

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, কুমিল্লা-৪ সংসদীয় আসনে ট্রাক মার্কার পক্ষে ভোট চাইছিলেন বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সি

    বিতর্কিত বক্তব্যের জেরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সিকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

    মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

    জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যের কারণেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ছড়িয়ে পড়া ওই ভিডিওর একটি অংশে মি. মুন্সিকে স্থানীয় ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না।”

    “ঘরবাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব, আমি কিন্তু খুব পরিষ্কার ভাবে বলতেছি। মনে করেন না ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলতেছি, কথাগুলো রেকর্ড করে বলে দিতে পারেন গিয়া,” বলেও উল্লেখ করেন তিনি।

    ভাইরাল হওয়া এই ভিডিও এবং বক্তব্যের বিষয়ে কথা বলতে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

    কুমিল্লা-৪ সংসদীয় আসনে ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাতিল হয় বিএনপির এই সাবেক সংসদ সদস্যের। ওই আসনেই জামায়াতে ইসলামী নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

  3. নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ

    নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

    ফলাফল ঘোষণা ও রিটার্নিং অফিসারদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ''ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে। এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে। কমিশনের ঘোষণা মঞ্চ থেকে তখন চূড়ান্ত ফলাফল জানানো হবে।''

    তিনি আরও বলেন, ''প্রতিটি কেন্দ্রের আনঅফিসিয়াল ফলাফল আগে ঘোষণা করা হলেও, রিটার্নিং অফিসাররা প্রার্থী বা তাদের এজেন্টের উপস্থিতিতে তা ‘ফর্ম ১৮’-তে লিপিবদ্ধ করবেন। এর ওপর ভিত্তি করেই পরবর্তীতে গেজেট প্রকাশিত হবে।''

    মি. সানাউল্লাহ বলেন, ''সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল আমরা একইসঙ্গে দিতে থাকবো। কেন্দ্রেও দুটো ব্যালট একই সাথে গণনা করা হবে। সাদা ব্যালট সংসদ নির্বাচনের এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য। জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেন এজেন্টরা চলে না যান বা বাইরে অস্থিরতা তৈরি না হয়, সেজন্য দুটোই একসঙ্গে করা হবে।''

    তিনি আরো বলেন, ''মোবাইল ফোনের বিষয়ে নির্দেশনা হলো, গোপন কক্ষে (মার্কিং প্লেস) ভোটারসহ কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না। তবে সাংবাদিকরা নীতিমালা মেনে পেশাগত দায়িত্ব পালনে মোবাইল ব্যবহার করতে পারবেন, কিন্তু গোপন কক্ষে প্রবেশ বা লাইভ করতে পারবেন না।''

  4. রমজানে ব্যাংকিং সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

    রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

    মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

    এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

    রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

  5. নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

    জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    ''আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই-নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন,'' বলেন তিনি।

    আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।

    মুহাম্মদ ইউনূস বলেছেন, ''এই নির্বাচনের মাধ্যমে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না— একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারব, নাকি আবারও পুরোনো ক্ষমতাকেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব—এই প্রশ্নের উত্তর দেবে গণভোট।''

    তিনি সবাইকে নির্বাচনের দিন ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা।

    প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে, যাতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। অনেক কেন্দ্রে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।

    জুলাই সনদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ নয় মাস ৩০টির বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে।

    ''এই সনদের মাধ্যমে আমরা সংস্কারসমূহ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। তবে, রাজনৈতিক স্থিতিশীলতা, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন, শাসনব্যবস্থায় জবাবদিহিতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সমঅধিকার নিশ্চিতকরণ-এসবের সফল বাস্তবায়ন এককভাবে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত,'' ভাষণে বলেন প্রধান উপদেষ্টা।

    প্রধান উপদেষ্টা বলেন, ''এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।''

  6. আমিরের বিরুদ্ধে ‘পরিকল্পিত মিথ্যাচার’ করা হচ্ছে, অভিযোগ জামায়াতের

    জামায়াতের আমির শফিকুর রহমান, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জামায়াতের আমির শফিকুর রহমান, ফাইল ছবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে ‘একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে’ বলে অভিযোগ করেছে তার দল।

    দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ এক বিবৃতিতে বলেন, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে “প্রকাশ্যে টাকা প্রদানের যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়”।

    জনগণের সমর্থন বাড়তে থাকায় “ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা” করছে বলে উল্লেখ করেন তিনি।

    প্রসঙ্গত, সম্প্রতি জামায়াতপন্থি আইনজীবী শাহরিয়ার কবির ঢাকা-১৫ আসনে প্রচারপত্র বিলি করার সময় একজন পান বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দিচ্ছেন- এমন একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা চলছে।

    এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি দল “দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে”।

    এরপরই জামায়াতের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হলো।

  7. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ

    উপদেষ্টা পরিষদ

    ছবির উৎস, PID

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ গত এক বছরে এক কোটি ৬১ লক্ষ চার হাজার ৩৯২ টাকা বেড়েছে। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতা গ্রহণের সময় তার মোট সম্পদ ছিল ১৪ কোটির চেয়ে সামান্য বেশি। আর এখন তা বেড়ে হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি। এর মধ্যে তার মোট আর্থিক সম্পদ অর্থাৎ নগদ অর্থ আছে ১৪ কোটি ৭৬ লক্ষ ৬৪ হাজার ৪০১ টাকা।

    আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর এ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

    সেই বিবরণী অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পদের মালিক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, এরপরেই সম্পদের দিক থেকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

    ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে, সরকার দ্রুততম সময়ের মধ্যে সবার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। সেই ঘোষণার প্রায় দেড় বছর পরে, জাতীয় নির্বাচনের মাত্র দুইদিন আগে এই বিবরণী প্রকাশ করা হলো।

    এর আগে এ নিয়ে প্রতিবেদন করেছিলো বিবিসি বাংলা, উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?

  8. দীপু দাসের পরিবারকে টাকা ও বাড়ি নির্মাণ সহায়তা দেওয়ার ঘোষণা সরকারের

    ছবিটি প্রতীকী। এটি গণপিটুনিকে ইঙ্গিত করছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে দলবদ্ধ হয়ে পিটিয়ে-গাছে ঝুলিয়ে-পুড়িয়ে হত্যা করা হয়, প্রতীকী ছবি

    বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে টাকা ও বাড়ি নির্মাণ সহায়তার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

    আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতা থেকে এ তথ্য জানানো হয়।

    গত ১৮ই ডিসেম্বর গাছে ঝুলিয়ে দীপু চন্দ্র দাসকে হত্যার পাঁচদিন পর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। তখন সরকারের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

    সরকার জানিয়েছে, বাড়ি নির্মাণের জন্য দীপু দাসের পরিবারকে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে, যা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে।

    পাশাপাশি, সরকারের পক্ষ থেকে দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পাঁচ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

    এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতারের তথ্যও জানিয়েছে সরকার।

  9. ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

    শরিফ ওসমান হাদি

    ছবির উৎস, Osman Hadi/facebook

    ছবির ক্যাপশান, প্রয়াত শরিফ ওসমান হাদি

    শরিফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক ঢাকার লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

    গত ১২ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  10. আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

    আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি।

    ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

  11. দায়িত্ব ছাড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

    দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

    মঙ্গলবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিয়মিত শিক্ষকতায় ফিরতে চান বলেও জানান তিনি।

    তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য সরকার কিছু সময় নিতে চাইলে তিনি সেটি বিবেচনা করতে রাজি আছেন বলেও জানান মি. খান।

    তিনি বলেন, “এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব”।

    সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলছেন, আপদকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে।

    মি. খান বলেন, “বিশেষ ধরনের পরিস্থিতিতে এই দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপদকালিন পরিস্থিতি ছিল”।

    এখনো সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যচ্ছে, বলেন তিনি।

  12. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

    সংবাদ সম্মেলনে কথা বলছেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    ছবির উৎস, Transparency International Bangladesh (TIB)

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে কথা বলছেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    ২০২৫ সালের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ ছিল ১৪তম অবস্থানে।

    জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) যে তালিকা করেছে, সেখানে এই তথ্য বেরিয়ে এসেছে।

    মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

    সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫' প্রকাশ করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

    সূচকটি তৈরি করা হয়েছে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে।

    টিআইবি জানিয়েছে, বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ১০০-তে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।

    টিআইবি মনে করছে, এ বছর বাংলাদেশের এক পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় আদতে বাংলাদেশের স্কোর ও অবস্থানের খুব একটা পরিবর্তন হয় নি।

    প্রতিবেদন প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আগের রাজনৈতিক সরকারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকারেরও ব্যর্থতা আছে, তবে এর পেছনে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও আমলাতন্ত্রের দলীয়করণ লক্ষ্য করা যাচ্ছে।

    "এতটুকু সময়ে রাষ্ট্র সংস্কার করে ফেলবে, সরকারের কাছে এমন প্রত্যাশা ছিল না। কিন্তু ফাউন্ডেশন স্থাপন করবে, এই প্রত্যাশা ছিল। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বযর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দল ও পুরনো নিয়মে আমলাতন্ত্রের দলীয়করণ।"

    উল্লেখ্য, এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক।

    আর ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে সাউথ সুদান ও সোমালিয়া।

    বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের স্কোর ৩৯। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মাঝে আফগানিস্তানের স্কোর ১৬, পাকিস্তানের স্কোর ২৮, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪। এ অঞ্চলের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। ১০০-এর মধ্যে ৭১ স্কোর নিয়ে তাদের অবস্থান ১৮তম।

  13. ভোটের ছুটিতে ঢাকা ছাড়ার তাড়া

    ঢাকার বাস কাউন্টারগুলোয় ভিড় দেখা গেছে
    ছবির ক্যাপশান, ঢাকার বাস কাউন্টারগুলোয় ভিড় দেখা গেছে

    আগামী বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে কল-কারখানায়, অর্থাৎ শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ছুটি আজ থেকেই শুরু হয়েছে।

    ভোটের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও আছে। ফলে টানা কয়েকদিনের এই ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে যেতে দেখা যাচ্ছে অনেক মানুষকে।

    বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কেউ কেউ যেমন ভোট দিতে নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন, কেউ আবার নিজের এলাকার বাইরে অন্য কোনো এলাকায় যাচ্ছেন ঘুরতে। যদিও কোনো নির্বাচনী এলাকায় সেখানকার ভোটার বা বাসিন্দা ছাড়া অন্য কারো অবস্থানের বিষয়ে নিষেধাজ্ঞা আছে, তারপরও তারা ঘুরতে যাওয়ার কথা জানিয়েছেন।

    এদিকে, বাস কাউন্টারগুলোয় ও রাস্তায় যেমন মানুষের চাপ দেখা গেছে, তেমনি যানবাহন সংকটের অভিযোগও করছেন কেউ কেউ।

    পরিবহন শ্রমিকদের কয়েকজন বলছেন, সরকারের উদ্যোগে বাস রিকুইজিশন করায় রাস্তায় বাসের সংখ্যা কম, ফলে যাত্রীদের কিছুটা সংকটে পড়তে হচ্ছে।

    আবার ভোটগ্রহণ উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল এবং বুধবার রাত ১২টা থেকে সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একারণেও আগেভাগেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকে।

    মোটরসাইকেল চলাচল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এবং অন্য যানবাহনগুলোর চলাচল ভোট গ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

    বাস কাউন্টারে ভিড়
    ছবির ক্যাপশান, যাত্রীর তুলনায় বাস কম বলে অভিযোগ রয়েছে
    একটি বাসে উঠছেন কয়েকজন যাত্রী
    ছবির ক্যাপশান, অনেকেই ভোট দিতে নিজ নির্বাচনী এলাকায় রওনা হলেও কেউ কেউ ঘুরতে যাওয়ার কথাও জানিয়েছেন
  14. দেশের ২৪ হাজারের মতো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম
    ছবির ক্যাপশান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম

    বাংলাদেশে এবার ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।

    "তবে এগুলো খুবই আরবিট্রেরি, ডেফিনিটলি বলা যায় না। তারপরও সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে ২৪ হাজারের মতো হয়। এগুলোই আমরা বডিক্যাম দিয়ে কাভার করতে চেষ্টা করবো।"

    আজ মঙ্গলবার নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা জানান।

    তিনি জানান, নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স – এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    "যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি নাই কারো। কোথাও একটা ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু ইলেকশন বাধাগ্রস্ত করতে পারবে না," বলেন তিনি।

  15. কুমিল্লায় পুকুরে র‍্যাবের অভিযান, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

    র‍্যাবের উদ্ধার করা অস্ত্র

    ছবির উৎস, Imtiaz Jitu

    ছবির ক্যাপশান, র‍্যাবের উদ্ধার করা অস্ত্র

    কুমিল্লার সদর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কটকবাজার এলাকার একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে অস্ত্র উদ্ধার অভিযান শেষ হয়েছে।

    র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিবিসিকে জানিয়েছেন, তাদের কাছে গোপন খবর ছিল যে কুমিল্লার ওই পুকুরে দেশি ও বিদেশি অস্ত্র রয়েছে। রাত থেকেই পুকুরটি তাদের 'সুপারভিশনে' ছিল।

    পরে আজ ভোর থেকে শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়।

    তিনি জানান, পুকুর থেকে তিনটি বিদেশি পিস্তল ও দুইটি সাদা বস্তায় মোড়ানো দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

    কারা অস্ত্র লুকিয়েছে, তা এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এটা এখনো তদন্তাধীন ব্যাপার।

    কুমিল্লায় র‍্যাবের অভিযান

    ছবির উৎস, Imtiaz Jitu

    ছবির ক্যাপশান, কুমিল্লায় র‍্যাবের অভিযান
    র‍্যাবের উদ্ধার করা অস্ত্র

    ছবির উৎস, Imtiaz Jitu

    ছবির ক্যাপশান, র‍্যাবের উদ্ধার করা অস্ত্র
  16. নেত্রকোনায় একটি ভোটকেন্দ্রের বুথে আগুন

    নেত্রকোনার সদর উপজেলার ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

    নেত্রকোনা সদর থানার এসআই মাসুম বিল্লাহ খবরটি বিবিসি বাংলাকে নিশ্চিত করেন।

    তিনি বলেন, গতকাল মধ্যরাতে নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথে এ ঘটনা ঘটে।

    "তবে সামান্য আগুন লাগে, শুধু একটি বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুনেছি," বলেন তিনি।

    তবে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

    কারা আগুন লাগিয়েছে, তা জানা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না। আমার ঊর্ধ্বতনদের সাথে কথা বলে দেখতে পারেন"।

    যদিও নেত্রকোনা সদর থানার ওসিকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

  17. অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি দুই ধাপে

    অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি এখন থেকে দুই ধাপে কাটাতে হবে। জুনের প্রথমার্ধে ১৫ দিন ও ডিসেম্বরের শেষার্ধে ১৫ দিন ছুটি থাকবে নিম্ন আদালতে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    গতকাল সোমবার বিকালে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত ওই সভার সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।

    প্রধান বিচারপতি সভায় জানান, ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান আছে। এছাড়া, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।

    উল্লেখ্য, নির্মাণ কাজ শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।

  18. পরাজয়ের মুখে দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে একটি দল, বিএনপির অভিযোগ

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন, ফাইল ছবি

    ছবির উৎস, Mahdi Amin/facebook

    ছবির ক্যাপশান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন, ফাইল ছবি

    একটি দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

    আজ একটি বিবৃতিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, “আপনারা সবাই জানেন, কীভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি, বিকাশ, নগদ ও রকেট নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে”।

    জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "খোদ দলীয় প্রধানের আসন ঢাকা-১৫ তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতোমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে"।

    নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে প্রচারণার সময় মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, "যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি ভোটের মাঠে, দুর্নীতির মাধ্যমে, টাকা ছড়িয়ে, দলীয় প্রধানের আসনসহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায়, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কী হতে পারে?"

    এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

    এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীদের ওপর হামলারও অভিযোগ করেছে দলটি।

    মাহ্দী আমিনের বিবৃতিতে বলা হয়, "কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে ওই দলের সন্ত্রাসীরা রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এছাড়া বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝ গ্রামে গতকাল রাতে উক্ত দলের সাজাপ্রাপ্ত ও চিহ্নিত সন্ত্রাসী কর্মীদের দ্বারা স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা চালানো হয়, অনেকেই গুরুতর আহত হন এবং তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়, যা জনমনে চরম ভীতি সৃষ্টি করেছে"।

    প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বিএনপি।

  19. ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস
    ছবির ক্যাপশান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষকরা মাঠে আছেন এবং নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

    আজ মঙ্গলবার সকালে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    জানুয়ারির শুরু থেকে প্রায় ৬০ জন দীর্ঘমেয়াদি ইইউ পর্যবেক্ষক বাংলাদেশে আছেন উল্লেখ করে তিনি বলেন, স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন এবং তারা সকলে সকলেই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ।

    তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র থেকেই পর্যবেক্ষক এসেছেন। ইইউ'র অংশীদার দেশ নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার পর্যবেক্ষকরাও এই মিশনে যুক্ত হয়েছেন।

    এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক। তবে কিছু কিছু বিষয় আছে, যা নিয়ে আলোচনা করা দরকার। মোটা দাগে একটি আশাবাদী পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

    তারা প্রার্থী এবং দেশের বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের বেশিরভাগই বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

  20. থাইল্যান্ডের নির্বাচনে যে ফল অনেকে কল্পনাও করেননি

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই বড় ব্যবধানে জয় পেয়েছে

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই। যদিও নির্বাচনের আগে প্রকাশিত বেশিরভাগ জরিপে বলা হচ্ছিলো, নির্বাচনে সংস্কারপন্থি পিপলস পার্টি এগিয়ে থাকবে।

    কিন্তু ভোট গণনা শেষে দেখা যায়, আনুতিনের দল প্রায় ১৯০টির বেশি আসন পেতে পারে এবং জোট সরকার গঠনের দিকে এগোচ্ছে।

    ভূমজাইথাই'র এই ভূমিধ্স বিজয় তরুণ সংস্কারপন্থিদের বড়-সড় এক ধাক্কা দিয়েছে।

    থাইল্যান্ডের নির্বাচনের ফলাফলের পেছনে বড় ভূমিকা রেখেছে থাইল্যান্ডের মিশ্র ভোটব্যবস্থা।

    দেশটির ভোটাররা দুটি ব্যালটে ভোট দেন এবার। একটি নিজের এলাকার প্রার্থীর জন্য, আরেকটি পছন্দের দলের জন্য।

    জাতীয় পর্যায়ে দলীয় তালিকার ভোটে পিপলস পার্টি প্রায় এক কোটি ভোট পেয়ে ভূমজাইথাইয়ের চেয়ে এগিয়ে ছিল, এখানে ভূমজাইথাই পেয়েছে প্রায় ৬০ লাখ ভোট। যদিও ২০২৩ সালের তুলনায় এবার ৪০ লাখ ভোট কম পেয়েছে পিপলস পার্টি। সেসময় এই দলের নাম ছিল মুভ ফরোয়ার্ড।

    এখন এবার দলীয় তালিকার ভোটে ভূমজাইথাইয়ের চেয়ে এগিয়ে থাকলেও সমস্যা হলো, দেশটির সংসদের মোট ৫০০টি আসনের মাত্র ২০ শতাংশ আসে দলীয় তালিকা থেকে, আর বাকি ৮০ শতাংশ আসন নির্ধারিত হয় স্থানীয় পর্যায়ে সরাসরি ভোটের মাধ্যমে। যে এলাকায় যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান, তিনিই জয়ী হন।

    এই জায়গাতেই পিপলস পার্টি পিছিয়ে পড়ে। কারণ দলটি তুলনামূলক নতুন এবং শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামাঞ্চলে তাদের শক্ত সংগঠন নেই। অন্যদিকে, ভূমজাইথাই দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী নেতা ও নিজ নিজ এলাকায় ভোটারদের ওপর বড় প্রভাব রাখে, এমন ক্ষমতাশীলদের ধরে রাখতে দক্ষ।

    আনুতিন অন্য দল থেকে অভিজ্ঞ রাজনীতিকদের দলে ভিড়িয়ে ২০১৯ সালে মাত্র ৫১ আসন পাওয়া একটি দলকে আজ জাতীয় পর্যায়ের শক্তিশালী বিজয়ী দলে পরিণত করেছেন। এছাড়া, এবার সংস্কারপন্থিদের জন্য একক কোনো বড় ইস্যুতে আলাদা করে নজর কাড়াও কঠিন ছিল।

    ২০২৩ সালে পরিস্থিতি ছিল ভিন্ন। তখন দীর্ঘ সামরিক শাসনের পর পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। তখন সে সময় মুভ ফরওয়ার্ড পার্টি কারও সাথে আপস না করার ঘোষণা দিয়েছিল। তাদের এই অবস্থানের কারণে তখন তাদের পক্ষে বড় ধরনের জনসমর্থনের ঢেউ ওঠে।

    কিন্তু এবারের নির্বাচনে তেমন কোনো ইস্যু ছিল না। বরং, উল্টো রাজপরিবার অবমাননা আইন পরিবর্তনের যে দাবি তারা তুলেছিল, সেটিই পরে আদালতে তাদের বিরুদ্ধে ব্যবহার হয়। এই আইনকে ভিত্তি করে মুভ ফরওয়ার্ড পার্টি ভেঙে দেওয়া হয় এবং দলের শীর্ষ নেতাদের রাজনীতি করার ওপর নিষেধাজ্ঞা আসে। ফলে বাধ্য হয়ে সংস্কারপন্থিদের সেই সংস্কারমূলক প্রচারণা বন্ধ করতে হয়, যা আগের নির্বাচনে তাদের বড় শক্তি ছিল।

    এর পাশাপাশি আনুতিন রক্ষণশীল ভোটারদের বড় অংশকে নিজের দলে একত্র করতে পেরেছেন। সীমান্ত ইস্যুতে কড়া জাতীয়তাবাদী অবস্থান, সেনাবাহিনীর প্রতি দৃঢ় সমর্থন এবং রাজার প্রতি প্রকাশ্য আনুগত্য তাকে থাইল্যান্ডের রক্ষণশীল রাজনীতির প্রধান মুখ হিসেবে তুলে ধরেছে।

    সব মিলিয়ে, থাইল্যান্ডের রাজনীতিতে এবারের নির্বাচন একটি অপ্রত্যাশিত মোড় তৈরি করেছে।