আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ করাসহ বেশকিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এছাড়াও কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

সরাসরি কভারেজ

  1. বিক্ষোভের মাঝে কাশ্মীরের দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

    গতকাল মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার প্রতিবাদে কাশ্মীর জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

    এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও।

    পহেলগামের ওই হামলায় এখন পর্যন্ত মোট ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এদিকে, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি দল ইতোমধ্যেই শ্রীনগরে পৌঁছেছে এবং আরও কয়েকটি টিমের সেখানে যাওয়ার কথা রয়েছে।

    পাশাপাশি, দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও পহেলগাম পরিদর্শনে যাবেন।

  2. কাশ্মীরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

    কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

    স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।

  3. কাশ্মীরে হামলার কারণে সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরলেন মোদী

    পহেলগাম, জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীরা পর্যটকদের ওপর হামলা চালানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্বনির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার সকালে দেশে ফিরে এসেছেন।

    তিনি গতকাল মঙ্গলবার দুই দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন।

    ভারতশাসিত পহেলগামের ওপর করা ওই হামলাকে তিনি 'সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, "এই হামলার জন্য যারা দায়ী, তাদেরকে ছাড়া হবে না।"

    দিল্লিতে ফিরেই নরেন্দ্র মোদী একটি জরুরি বৈঠকে বসেন এবং পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য নেন।

    ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে।

    এছাড়া, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই কাশ্মীরে পৌঁছেছেন।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে