বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর তার মেয়াদের মাঝপথেই পদত্যাগের পরিকল্পনা করছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
- রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। রাত সোয়া নয়টার দিকে গর্তে পড়ার প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধারের খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।
- আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
- “নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণ আমাদেরকে আশ্বস্ত করেছে” বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
- জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।
- আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা দফতরগুলো পুনর্বন্টন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আসিফ নজরুল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে 'মুরতাদ ও কাফির' আখ্যায়িত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের করা মন্তব্যের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।