‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদ শেষ হওয়ার আগেই ‘পদত্যাগের ইচ্ছা’- রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর তার মেয়াদের মাঝপথেই পদত্যাগের পরিকল্পনা করছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর তার মেয়াদের মাঝপথেই পদত্যাগের পরিকল্পনা করছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
    • রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। রাত সোয়া নয়টার দিকে গর্তে পড়ার প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধারের খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।
    • আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
    • “নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণ আমাদেরকে আশ্বস্ত করেছে” বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
    • জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।
    • আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা দফতরগুলো পুনর্বন্টন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আসিফ নজরুল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।
    • বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে 'মুরতাদ ও কাফির' আখ্যায়িত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের করা মন্তব্যের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. নির্বাচন ও গণভোট পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

    তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পরিচালনার জন্য দেশের ৩০০ সংসদীয় আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার ডিসিরা দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে। এছাড়া নির্বাচন কমিশনের তিনজন কর্মকর্তাও চারটি আসনে রিটার্নির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

    ঢাকা-১৩ এবং ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং খুলনা-৩ সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

  3. ব্রেকিং, রাজশাহীর সেই শিশুটিকে মৃত ঘোষণা

    রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওযার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

    তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

  4. তানোরের শিশুকে উদ্ধারের বিষয়ে ব্রিফিং করবে ফায়ার সার্ভিস

    রাজশাহীর তানোরে পাইপে পড়ে যাওয়া শিশুকে উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে ফায়ার সার্ভিস।

    রাতে গণমাধ্যমে পাঠানো ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের পাঠানো এক বার্তায় জানানো হয়, রাত ১০টায় ঘটনাস্থল থেকে প্রেস ব্রিফিং করবেন ফায়ার সার্ভিস-এর পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

    এর আগে রাত সোয়া নয়টার দিকে গর্তে পড়ার প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধারের খবর জানা যায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

  5. রাজশাহীর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

    রাজশাহীতে গর্তে পড়া শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

    ছবির উৎস, Sayeed Sazu

    ছবির ক্যাপশান, রাজশাহীতে গর্তে পড়া শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

    রাজশাহীর তানোরে গর্তে পড়া শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

    বৃহস্পতিবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

    প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

    এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মূল গর্তের পাশে ৪০ ফিট গভীরে গিয়ে মাটি কেটেও শিশুটিকে না পাওয়ার খবর জানিয়েছিলেন উদ্ধারকারীরা।

    শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছিল।

    বুধবার দুপুরে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে শিশু সাজিদ মায়ের সাথে হেঁটে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায় বলে জানা যায়।

    শিশুটির মা রুনা খাতুন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, দুই ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দিয়েছিলেন।

  6. ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদ শেষ হওয়ার আগেই ‘পদত্যাগের ইচ্ছা’- রয়টার্সের প্রতিবেদন

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর তার মেয়াদের মাঝপথেই পদত্যাগের পরিকল্পনা করছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    মি. সাহাবুদ্দিনের বরাত দিয়ে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জানিয়েছেন যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কারণে তিনি অপমানিত বোধ করছেন।

    রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও এই পদটি মূলত আনুষ্ঠানিক। নির্বাহী ক্ষমতা প্রধানত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে।

    তবে তার অবস্থান গুরুত্ব পায় যখন গণঅভ্যুত্থানের মুখে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের পাঁচই অগাস্ট ভারতে চলে যান এবং সংসদ বিলুপ্ত হওয়ার পর একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতিই থেকে যান।

    ৭৫ বছর বয়সী মি. সাহাবুদ্দিন ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থী হিসেবে। দলটি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ হয়েছে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে মি. সাহাবুদ্দিন বলেছেন, “আমি চলে যেতে আগ্রহী। আমি বেরিয়ে যেতে চাই”।

    “নির্বাচন না হওয়া পর্যন্ত আমি থাকব। আমি সাংবিধানিকভাবে নির্ধারিত রাষ্ট্রপতির পদ ধরে রেখেছি,”বলেন তিনি।

    এটি দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমে দেওয়া তার প্রথম সাক্ষাৎকার বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।

    মো. সাহাবুদ্দিনের বরাত দিয়ে রয়টার্স বলছে, মুহাম্মদ ইউনূস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি, রাষ্ট্রপতির প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

    “প্রেসিডেন্টের ছবি সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে ছিল, আর এক রাতে হঠাৎ তা সরিয়ে ফেলা হয়েছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যায় যে হয়তো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হবে। আমি খুবই অপমানিত বোধ করেছি,” রাষ্ট্রপতির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    মি. সাহাবুদ্দিন আরো জানান, তিনি প্রতিকৃতি নিয়ে মি. ইউনূসকে লিখেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, “আমার কণ্ঠরোধ করা হয়েছে”- তিনি যোগ করেন।

    প্রধান উপদেষ্টার প্রেস কর্মকর্তারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলেও রয়টার্স জানিয়েছে।

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও রয়টার্সকে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

    গত বছর আটই অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, গত বছর আটই অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  7. জোট হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, হাইকোর্টের রায়

    জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।

    নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর করা রিটের রুল খারিজ করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।

    আজকের এই রায়ের ফলে জোট হয়ে ভোট করলে রাজনৈতিক দলকে তার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানান এনসিপি'র আইনজীবীরা।

    আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আহসানুল করিম ও রাশনা ইমাম। রিটে পক্ষভুক্ত হয়ে রিটের বিরোধিতা করা এনসিপি'র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও আইনজীবী নাজমুস সাকিব।

    ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিকআন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। সে রিটের শুনানি শেষে রুল জারি করা হয়। এক পর্যায়ে এই রিটে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও বাংলাদেশ কংগ্রেস পক্ষভুক্ত হয়। আজ রিটের রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

    সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত তেসরা নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়।

    সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

  8. তফসিলকে স্বাগত জানালো জামায়াতে ইসলামী

    জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং গণভোট নিয়ে যে সংশয় রয়েছে সেটিও এই নির্বাচনের মাধ্যমে কেটে যাবে। এছাড়া গণভোটের মাধ্যমে যেন হ্যা জয়যুক্ত হয় সেটিও জামায়াত চায় বলে জানান তিনি।

    মি. জুবায়ের জানান, দলের পক্ষ থেকে তিনশ আসনে প্রার্থী আগেই দেওয়া হয়েছে। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার জোটে থাকা আট দলের কেন্দ্রীয় নেতারা শিগগিরই আলোচনায় বসে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।

    তিনি বলেন, সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জামায়াত। আট দলের সমঝোতার ভিত্তিতে যে প্রার্থী দেওয়া হবে তাকে জয়ী করে আনতেই কাজ করবে সবাই।

  9. আসিফ ও মাহফুজের দফতর পেলেন তিন উপদেষ্টা

    বাংলাদেশ সচিবালয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ সচিবালয়

    আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা দফতরগুলো পুনর্বন্টন করা হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান; তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

    যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আসিফ নজরুল; তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচারও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। তিনি একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

  10. তফসিল হওয়ায় 'আশ্বস্ত' বিএনপি

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    “নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণ আমাদেরকে আশ্বস্ত করেছে” বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো যে নির্বাচন করতে চায় সেটি প্রমাণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

    নির্বাচনে প্রার্থী নিয়ে জোট এবং আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে জটিলতা তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মি. আলমগীর বলেন, “চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা এখনো দেইনি। আমাদের সঙ্গে যারা যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদেরকেও যথাযথ মূল্যায়ন করা হবে।”

  11. খালেদা জিয়া ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন

    গত ২৩শে নভেম্বর হাসপাতালে নেওয়ার সময় তোলা ছবি

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, গত ২৩শে নভেম্বর হাসপাতালে নেওয়ার সময় তোলা ছবি

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানিয়ে একটি বার্তা দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

    বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়াসহ বেশ কিছু জটিলতা পাওয়া যায়।

    অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপার্সনের ডায়ালাইসিস শুরু হয় বলেও জানানো হয়।

    মেডিকেল বোর্ডের দেওয়া বার্তা অনুযায়ী, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

    বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে সবাইকে অনুরোধও জানানো হয়েছে ওই বার্তায়।

    গত ২৩শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওইদিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ২৭শে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

    এরপর থেকেই তার চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে।

  12. মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯শে ডিসেম্বর

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন

    আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

    সিইসি বলেন, নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯শে ডিসেম্বর, ৩০শে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই।

    প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। আগামী ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২শে জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

    ভাষণে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। এরই মধ্যে নির্ভূল ভোটার তালিকা তৈরি করা হয়েছে, প্রায় অকার্যকর পোস্টাল ভোটকে কার্যকর করা হয়েছে।

    সিইসি জানান, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। যেখানে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার।

  13. আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

    নির্বাচন কমিশন ভবন

    ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন ভবন

    আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট।

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    এবার একই দিন গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

    সিইসি তার ভাষণে জানিয়েছেন, ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপী।

  14. বেগম রোকেয়ার প্রতি বিদ্বেষমূলক মন্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা

    গত বছরের ১৯শে নভেম্বর বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।
    ছবির ক্যাপশান, গত বছরের ১৯শে নভেম্বর বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।

    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে 'মুরতাদ ও কাফির' আখ্যায়িত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের করা মন্তব্যের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র।

    বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে সংস্থাটি বলছে, বাংলা ও বাঙালি নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে নিয়ে এমন বিদ্বেষপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য কেবল নিন্দনীয়ই নয়, এটি নারীর মর্যাদার ওপর সরাসরি আক্রমণ।

    এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের এই মন্তব্য "দায়িত্বজ্ঞানহীন, ঘৃণাপ্রচারমূলক ও নারীবিদ্বেষী" বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    আইন ও সালিশ কেন্দ্র বলছেন, “এই ধরনের মন্তব্য ব্যক্তিগত দায়িত্বহীনতার সীমা ছাড়িয়ে সমাজে বিভাজন, নারীবিদ্বেষী ও ঘৃণামূলক বক্তব্যকে উসকে দেয়, যা মানবাধিকার মানদণ্ড, রাষ্ট্রীয় আইন এবং একাডেমিক নৈতিকতার সরাসরি লঙ্ঘন।”

    সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা 'রোকেয়া রচনাবলী' থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন রাজশাহী বিশবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

    যার শুরুতে শিরোনাম আকারে লেখেন "আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন"। এরপর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

  15. পাইপে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে গর্তের ভেতরে খননকাজ 'আপাতত বন্ধ'

    পাইপের মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা

    ছবির উৎস, Sayeed Sazu

    ছবির ক্যাপশান, পাইপের মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা

    রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে এখনাে উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে পার হয়েছে ২৪ ঘণ্টার বেশি সময়।

    তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা।

    বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় তানোর ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, শিশুটির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের (ভেন্টিলেশন) জন্য যে পাইপটি গর্তের ভেতরে ঢুকানো হয়েছিল সেটি এখন সরিয়ে ফেলা হয়েছে।

    গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির আওয়াজ পেয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।

    বিকেলের পরে সারারাত থেকে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো আওয়াজ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই উদ্ধারকর্মী।

    তবে গতকাল সারারাত এবং সকালেও ভেন্টিলেশন পাইপ চালু ছিল বলে জানান মি. হাসান।

    বৃহস্পতিবার সকালের পর সেটি বন্ধ করা হয় বলে জানান তিনি।

    একইসাথে গর্তের ভেতরে খননকাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান মি. হাসান।

    "গর্তের ভেতরে যাতে মাটি ঝরে না পড়ে সে কারণে আপাতত ভেতরে খোঁড়া বন্ধ আছে" বলেন তিনি।

    তিনি বলেন, ৪০ ফিট পর্যন্ত মূলত খোঁড়া হয়নি, সকাল পর্যন্ত ৩০ ফিট পর্যন্ত খোঁড়া হয়েছিল।

    "এখন ৩৫ ফিটের মতো খুঁড়ে নিচে কাজ করা যাচ্ছিলো না, মাটি ভেঙে ভেঙে পড়ছিলো। যার কারণে এখন উপরে যে জায়গাটা ভেঙে পড়ার মতো আশঙ্কা আছে, ওই অংশটা ১০ ফিটের মতো। ওপরে বাম সাইডের দিকে খুঁড়ছে," বলেন মি. হাসান।

    এখন মাটির নিচে খননকাজ আপাতত বন্ধ হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, "নিচে খোঁড়াটা বন্ধ রাখা হয়েছে। কারণ ওপরে যেগুলা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, ওই অংশগুলা আগে দেখে তারপরে আবার খুঁড়বে।"

    ৩০ থেকে প্রায় ৩৫ ফিট পর্যন্ত খোঁড়ার পরে তিনি ফায়ার সার্ভিসের কার্যালয়ে ফিরে গেছেন বলে জানান মি. হাসান।

    গতকাল শিশুটি গর্তে পড়ার পর তিনিসহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন।

    সেখানে যাওয়ার পর যখন গর্তের গভীরতা মাপেন, তখন তা ৩৩ ফিট পেয়েছিলেন বলে জানান মি. হাসান।

    "এখন প্রায় কাছাকাছি চলে গেছে খুঁড়ে। হয়তো বা আর দুই বা চার ফিট খুঁড়লে বাচ্চাটাকে পাওয়ার আশা করছি," বলেন ফায়ার ফাইটার মি. হাসান।

    উল্লেখ্য, মি. হাসান শিশুটিকে উদ্ধারের কাজে বুধবার বিকেলে তানোরের ফায়ার সার্ভিসের স্থানীয় যে টিম গিয়েছিল সেই টিমে তিনি ছিলেন।

    এদিকে সকালে পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল বুধবার দুপুর একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে আগেই খনন করা একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

    ঘটনাস্থলে মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

  16. আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় কাজ করবেন দুইজন ম্যাজিস্ট্রেট

    বাংলাদেশ নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ নির্বাচন কমিশন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত প্রতি উপজেলা বা থানায় কমপক্ষে দুই জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আসন্ন নির্বাচনে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রয়োজনীয় দপ্তরে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

  17. মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে বিদায় জানাতে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

    মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে নিয়ে উপদেষ্টা পরিষদেরে ফটোসেশন

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে নিয়ে উপদেষ্টা পরিষদেরে ফটোসেশন

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন গতকাল বুধবার।

    বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই দুইজনের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন এবং তাদের সাথে ছবি তোলেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

    জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে নিয়ে ছবি তোলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে নিয়ে ছবি তোলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
  18. দুই হাজার টাকা চুরি ধরে ফেলায় মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, বলছে পুলিশ

    ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, DMP

    ছবির ক্যাপশান, ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশের সংবাদ সম্মেলন

    রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি চরকানা গ্রাম থেকে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মা ও মেয়ে হত্যা ঘটনা এবং অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতারের বিস্তারিত তুলে ধরে পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।

    পুলিশ জানায়, মোহাম্মদপুরের ওই বাসায় কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনেই দুই হাজার টাকা চুরি করা নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে আয়েশার বাকবিতণ্ডা হয়। সেদিন আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান গৃহকর্ত্রী।

    “চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। এদিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে ওই চাকু দিয়ে গৃহকর্ত্রী লায়লা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আয়েশা। এসময় মা কে বাঁচাতে আসলে মেয়ে নাফিসাকেও ছুরিকাঘাত করা হয়,” বলেন মি. ইসলাম।

    অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতারের জন্য প্রথমে সাভারের হেমায়েতপুরে তার মায়ের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে না পেয়ে পরে বরিশালের পটুয়াখালি ও ঝালকাঠিতে অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় আয়েশার রুম থেকে চুরি করা একটি ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদপুরের ডাবল মার্ডার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে আয়েশা। এছাড়া গৃহকর্মী সেজে চুরি করার অভ্যাস তার অতীতেও ছিল বলে দাবি পুলিশের।

  19. জোট ও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় বিএনপি, সন্ধ্যায় বৈঠক

    বিএনপির একটি মিছিলের ছবি (ফাইল ছবি)

    ছবির উৎস, AFP via Getty Image

    ছবির ক্যাপশান, দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি (ফাইল ছবি)

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক ও জোটের দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

    এই জট কাটাতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি'র সাথে বৈঠকে বসছে যুগপৎ আন্দোলনের শরিক ও জোটে থাকা দলগুলো।

    যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবিসি বাংলাকে বলেন, বিএনপি আন্দোলনের সময় তার সঙ্গে থাকা দলগুলোকে অবমূল্যায়ন করছে কি না, তারা জোটবদ্ধ অবস্থায় থাকতে চায় নাকি একলা চলো নীতিতে অগ্রসর হচ্ছে এই বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন।

    আর এই কারণেই গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ এবং গণফোরামসহ অন্য দলগুলো বিএনপির সঙ্গে আলোচনায় বসছে বলে জানান মি. হক।

    তিনি বলেন, “জোটের শরিকদের জন্য তো খুব বেশি আসন দেখা যাচ্ছে না। এটি নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে। এগুলো সমাধান করার জন্যই মূল আজকের আলোচনা।”

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দুই দফায় ২৭২টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলো জোট ও শরিক দলের জন্যই রাখা হয়েছে কি না এ নিয়েও স্পষ্ট বক্তব্য দেয়নি বিএনপি।

    যদিও আন্দোলনের শরিক এবং জোট দলগুলোকে সাথে নিয়েই এগোনোর কথা অতীতে একাধিকবার বলেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে