পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ পত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে।
    • নির্বাচনকে সামনে রেখে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
    • বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন এবং ‘রেসপন্স’ করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকেরা এখন যে চিকিৎসা দিচ্ছেন, তিনি সেটাই গ্রহণ করতে পারছেন বলেও জানিয়েছেন তিনি।
    • নির্বাচনের তফসিল ঘোষণার আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার কমিশনার ও নির্বাচন কমিশন সচিব।
    • জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। প্রাথমিকভাবে ১২৫ আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
    • বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে বাগেরহাটে এখন তিনটি নয়, আগের মতো চারটি সংসদীয় আসনেই ভোট হবে।
    • প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শেষমেশ সচিবালয়ের নিজের কার্যালয় থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২০ শতাংশ ঝুঁকি ভাতা চালু করার দাবি মেনে নেওয়ার আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে তার কার্যালয় থেকে সরে যান আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যেতে পারেন কূটনৈতিক চ্যানেলে এমন কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
    • ঢাকার মোহাম্মদপুরে শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    • দেশের অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় তিন মাস বাড়িয়েছে অন্তর্বতী সরকার। ফলে ১৬ই ডিসেম্বরের মধ্যে যারা নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তারা চাইলে আগামী বছরের ১৫ই মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
    • বাংলাদেশের রাজশাহী জেলার তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে গেছে দুই বছরের এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
    • অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
    • ন্যাশনাল ব্যাংকের ছয়শ' কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে, মামলায় ন্যাশনাল ব্যাংকের ১৩ জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে পুনরায় লাইভপাতা চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. খালেদা জিয়া ‘রেসপন্স’ করছেন: ডা. জাহিদ

    খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বুধবার সন্ধ্যায় ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বুধবার সন্ধ্যায় ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন এবং ‘রেসপন্স’ করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    চিকিৎসকেরা এখন যে চিকিৎসা দিচ্ছেন, তিনি সেটাই গ্রহণ করতে পারছেন বলেও জানিয়েছেন তিনি।

    বুধবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. হোসেন।

    "আমরা খুবই আশাবাদী। মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরাও আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তী সময়ে হয়তো উনাকে যেকোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই," বলেন ডা. হোসেন।

    খালেদা জিয়াকে বিদেশে নিতে না পারার কারণ ব্যাখ্যা করে তার এই চিকিৎসক বলেন, "একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা উনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি"।

    "আইসিইউতে উনি (খালেদা জিয়া) চিকিৎসাধীন আছেন। একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন," বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

    খালেদা জিয়া গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

  3. ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে ছাড়া পেলেন অর্থ উপদেষ্টা

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে বিক্ষোভ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে বিক্ষোভ

    প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শেষমেশ সচিবালয়ের নিজের কার্যালয় থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    ২০ শতাংশ ঝুঁকি ভাতা চালু করার দাবি মেনে নেওয়ার আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে তার কার্যালয় থেকে সরে যান আন্দোলনকারীরা।।

    এর আগে, আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা আলোচনা করেন মি. আহমেদ।

    "আমাদের দাবির প্রেক্ষিতে কালকে (বৃহস্পতিবার) জিও জারি করার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি," সাংবাদিকদের বলেন কর্মচারী ইউনিয়নের নেতা বদিউল কবির।

    ২০ শতাংশ ঝুঁকি ভাতা'র দাবিতে কর্মকর্তা-কর্মচারী বুধবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন।

    দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না বলে জানিয়েছিলেন।

  4. অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনে তিন মাস সময় বাড়াল সরকার

    মোবাইল ফোনের দোকান

    ছবির উৎস, Getty Images

    দেশের অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় তিন মাস বাড়িয়েছে অন্তর্বতী সরকার। ফলে ১৬ই ডিসেম্বরের মধ্যে যারা নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তারা চাইলে আগামী বছরের ১৫ই মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

    বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

    তবে আগামী ১৬ই ডিসেম্বর থেকেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) শুরু হবে।

    মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফ‌োন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরোনো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি ডিজিটাল অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা এবং একইসঙ্গে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে ঢোকা মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধ করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    শুরুতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির মুখে সেটি বাড়িয়ে ১৫ই মার্চ করা হয়।

    এই সময়ের মধ্যে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা না হলে সেটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

  5. রাজশাহীতে ৩০ ফুট গভীর পাইপে সাত ঘণ্টা ধরে আটকে আছে দুই বছরের এক শিশু

    শিশুটিকে বাঁচিয়ে রাখতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, শিশুটিকে বাঁচিয়ে রাখতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে

    বাংলাদেশের রাজশাহী জেলার তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার দুপুরের এই ঘটনার পর সাত ঘণ্টা পেরিয়ে গেলেও ওই শিশুকে উদ্ধার করা যায়নি।

    তবে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

    সেইসঙ্গে, শিশুটিকে বাঁচিয়ে রাখতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানিয়েছেন, বুধবার দুপুর একটার দিকে বাবা-মায়ের সঙ্গে ঘটনাস্থলে এসেছিল দুই বছর বয়সী ওই শিশুটি। সেখানে খেলতে গিয়ে একপর্যায়ে সে পরিত্যাক্ত ওই নলকূপের পাইপের ভেতরে পড়ে যায়।

    এসময় তার বাবা-মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হওয়ায় পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেয়।

    এরপর দুপুর থেকেই ফায়ার সার্ভিসকর্মীরা শিশুকে উদ্ধারে কাজ করছেন। তারা ধারণা করছেন যে, শিশুটি এখনো জীবিত রয়েছে।

    বর্তমানে এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়ে ও পাইপ কেটে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  6. কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

    রাস্তা অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, রাস্তা অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ

    অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

    বুধবার সন্ধ্যায় তারা একসঙ্গে রাস্তায় নেমে এসে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

    ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে ব্যবসায়ীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

    একইসঙ্গে তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছেন।

    বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী।

  7. সচিবালয়ে 'অবরুদ্ধ' অর্থ উপদেষ্টা

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

    ২০ শতাংশ ঝুঁকি ভাতা'র দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে প্রায় চার ঘণ্টা ধরে সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    বুধবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না বলে জানিয়েছেন।

    ফলে কার্যালয়ের ভেতর থেকে বের হতে পারছেন না মি. আহমেদ।

    এ বিষয়ে জানতে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

    তবে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে অর্থ উপদেষ্টা আলোচনায় বসেছেন বলে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন।

  8. আসিফ ও মাহফুজের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেটি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    এর আগে, বিকাল পাঁচটার দিকে দুই ছাত্র উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান মি. আলম।

    এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

    সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে এতদিন যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, ভবিষ্যতে সেটিকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  9. পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

    মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
    ছবির ক্যাপশান, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা পদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সেখানেই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

    আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্বে ছিলেন।

    এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন, ''এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।''

    তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান। তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন, তা পরিষ্কার করেননি।

    যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন। কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ই অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান।

    অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

  10. অর্থ আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও দুই ছেলের বিরুদ্ধে মামলা

    দুর্নীতি দমন কমিশন (দুদক)

    ন্যাশনাল ব্যাংকের ছয়শ' কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    একইসঙ্গে, মামলায় ন্যাশনাল ব্যাংকের ১৩ জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

    বুধবার ঢাকায় নিজেদের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

  11. আগামীকাল সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

    ইসি সচিব আখতার হোসেন
    ছবির ক্যাপশান, আগামীকাল সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।

  12. সকালে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

    সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

    ছবির উৎস, screen grab

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ সকালে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

    দুপুরে সচিবালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিষয়ে সরাসরি কিছু না জানানোয় সাংবাদিকরা তার সম্পদের হিসাব বিবরণী সম্পর্কে জানতে চান।

    মি. মাহমুদ বলেন, “ইতোমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে দুইটি পাসপোর্ট আছে সেটাও ক্যানসেল করেছি"।

    আরেক প্রশ্নে আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তাকে ডাকা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "উপদেষ্টা পরিষদে আমাকে ডাকা হয়েছে। বাকিটা আপনারা আমাদের প্রধান উপদেষ্টার যে দফতর আছে সেখান থেকেই জানবেন।"

  13. আমি নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    ছবির উৎস, screen grab

    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন করা প্রশ্নে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি নির্বাচন করবেন, কিন্তু পদত্যাগের বিষয়ে নিজে কিছু বলতে চান না, এই বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে।

    বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ই অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    প্রথমে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় তাকে।

    বুধবার একটি সংবাদ সম্মেলনে দায়িত্ব পালনকালে বিভিন্ন সাফল্যের বর্ণনা তুলে ধরেন আসিফ মাহমুদ।

    তিনি নির্বাচন করবেন কি না এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ''আমি নির্বাচন করবো, এটা স্পষ্টভাবে বলা যায়। কিন্তু কোথা থেকে করবো, কোন দল থেকে করবো, সেটা পরবর্তী ডিসকাশন''।

    পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ''এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।''

    দুই একদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে তিনি জানান।

    ''আমি আগেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করবো,'' বলেন আসিফ মাহমুদ।

    তিনি বলেন, ''আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি, আমাকে সেটা ফলো করতে হয়''।

    পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি হ্যাঁ অথবা না- এরকম সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, ''এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে''।

  14. বিকেল চারটায় সিইসির ভাষণ রেকর্ড, তফসিল কখন ঘোষণা পরে জানানো হবে

    নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, আজকে বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। তবে তফসিল কখন ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।

    আজকে বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। তবে তফসিল কখন ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।

    প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশনে ফেরার পর ইসি সচিব মি. হোসেন এ কথা জানান।

    “আজকে বিকেল চারটার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজেই যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবো আমি আবার আপনাদের সামনের এসে সেটা বলে যাবো " বলেন মি. হোসেন।

    সাংবাদিকদের অপেক্ষা করার কথা বলে তিনি জানান, "হয়তো ঘণ্টাখানেক পরে বা দু'ঘণ্টা পরে আবার আপনাদেরকে আপডেট দিতে পারবো।"

  15. শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে যাওয়ার তথ্য না থাকলেও এ বিষয়ে শুনেছেন পররাষ্ট্র উপদেষ্টা

    ছাত্র আন্দোলনের মুখে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যেতে পারেন কূটনৈতিক চ্যানেলে এমন কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যেতে পারেন কূটনৈতিক চ্যানেলে এমন কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

    শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নাই। আমরা চাই উনি ফেরত আসুক। শুনেছি আপনারা যে রকম বলছেন।”

    তাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, “ ভারতকে রাজী হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। আমরা রাজী করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।"

  16. বাগেরহাটে ভোট হবে চার আসনে: সুপ্রিম কোর্ট

    বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে আপিল বিভাগ।

    ফলে বাগেরহাটে এখন তিনটি নয়, আগের মতো চারটি সংসদীয় আসনেই ভোট হবে।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দিয়েছে।

    রায়ে বাগেরহাটের আসনগুলো আগের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের আদেশ দিয়েছিল হাইকোর্ট বিভাগ।

    গত ৩০শে জুলাই বাগেরহাটের চারটি আসন পরিবর্তন করে তিনটি করার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো আপত্তি করলেও চৌঠা সেপ্টেম্বর এ নিয়ে গেজেট জারি হয়।

    এর বিরুদ্ধে দুটি রিট মামলা হয়েছিল, যার প্রেক্ষিতে ১৬ই সেপ্টেম্বর রুল জারি হয়েছিল।

    সেই রুলের শুনানি শেষে গত ১০ই নভেম্বর নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট বিভাগ।

  17. মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

    রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে সকালে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে।

    মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিবিসি বাংলাকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    "মোহাম্মদপুর থানার একটি টিম আজ সকালে বরিশাল থেকে আসামিকে গ্রেফতার করেছে " বলেন মি. রানা।

    তাকে সহায়তা করার অভিযোগে তার স্বামীকেও আটক করেছে পুলিশ।

    ঢাকার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনার পর স্বামীর সাথে তারা ঝালকাঠিতে একজন আত্মীয়ের বাড়িতে গিয়ে লুকিয়েছিল।

    গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

    মামলার এজাহারে বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন।

    চার দিন আগে আয়েশা নামে নিজের পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নিয়েছেন প্রায় ২০ বছর বয়সী এই তরুণী। পুলিশ তাকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে।

  18. রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসি

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনের পথে রওনা হয়েছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার কমিশনার ও ইসি সচিব।

    সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন থেকে বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান এই তথ্য জানিয়েছেন।

    দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।

    বঙ্গভবনের পথে প্রধান নির্বাচন কমিশনার
    ছবির ক্যাপশান, বঙ্গভবনের পথে প্রধান নির্বাচন কমিশনার
  19. আলোচিত নেতারা যেখানে নির্বাচন করছেন

    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন। দলটির আহ্বায়ক আখতার হোসেন নির্বাচন করবেন রংপুর-৪ আসন থেকে।

    এছাড়া এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে পঞ্চগড় -১ আসনে সার্জিস আলম, ঢাকা-৯ আসনে তাসনীম জারা, ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ সারোয়ার তুষার, কুমিল্লা-৪ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।

  20. ব্রেকিং, প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি

    জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    বুধবার সকালে দলটি তাদের প্রাথমিক তালিকা ঘোষণা করে।

    দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে (বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকা) থেকে নির্বাচন করবেন।

    অন্যদিকে রংপুর-৪ আসনে নির্বাচন করবেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

    প্রাথমিকভাবে ১২৫ আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।