আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় 'আস্থার সংকট' দেখছেন জাতিসংঘ মহাসচিব

ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব “দ্রুত গতিতে” সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। এদিকে, ইরান থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্র শনাক্ত হওয়ায় ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

সরাসরি কভারেজ

  1. ট্রাম্পের দুই সপ্তাহের সুযোগের মাঝেই হামলা চলছে, ড্যান জনসন, জেরুজালেম থেকে

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আলোচনার জন্য দুই সপ্তাহের একটি সময়সীমা ঘোষণা করলেও, এ সময়ের মধ্যেই দুই পক্ষের হামলা অব্যাহত রয়েছে।

    ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, প্রায় ৬০টি ইসরায়েলি জেট ইরানের আকাশে ছিল। সেগুলো তেহরান ও ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

    আইডিএফ-এর মতে, ইরানের পারমাণবিক গবেষণা সংস্থার প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েল আরও বলেছে, তারা ইরানের আরো কিছু ক্ষেপণাস্ত্র স্থাপনাও ধ্বংস করেছে।

    এর পাল্টা জবাবে ইরান আবারও দক্ষিণ ইসরায়েলের বিরশেবা শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই শহর বৃহস্পতিবারও হামলার শিকার হয়েছিল।

    এবারও একই জায়গায় আঘাত হেনেছে ইরান। তবে টার্গেট করা হয়েছে একটি হাই-টেক পার্ক, যেটি হাসপাতালে খুব কাছাকাছি।

    এ থেকে বোঝা যায়, ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে ইরান এখনো কতটা কার্যকরভাবে হামলা করতে পারে।

    আগের রাতগুলোর তুলনায় ইসরায়েলের অন্যান্য অংশ তুলনামূলক শান্ত ছিল গত রাত। এ সময় জেরুজালেম বা তেল আভিভে কোনো বিমান হামলার সাইরেন বাজেনি।

  2. ইরান-ইসরায়েল সংঘাতে কূটনৈতিক সমাধানে জোর দেবে যুক্তরাজ্য, স্টুয়ার্ট হিউজেস, সিনিয়র ওয়ার্ল্ড এফেয়ার প্রডিউসার

    যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডেভিড ল্যামি আজ জেনেভায় তার বৈঠকে “ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী উদ্বেগ” পুনর্ব্যক্ত করবেন এবং একটি কূটনৈতিক সমাধানের জন্য চাপ দেবেন।

    যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এই বৈঠক করবেন, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।

    ল্যামি ওয়াশিংটন থেকে রাতের ফ্লাইটে সুইজারল্যান্ড পৌঁছেছেন, সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    এক বিবৃতিতে ল্যামি বলেন, “মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনো খুবই বিপজ্জনক। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধান পৌঁছানোর সুযোগ এখন তৈরি হয়েছে।"

  3. ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে কী করবেন ট্রাম্প?

    ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ এখন অষ্টম দিনে পড়েছে, আর গোটা বিশ্ব নজর রাখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী সিদ্ধান্ত নেন সেটি দেখার জন্য।

    ট্রাম্প বলেছেন, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়াবে নাকি না।

    বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প মনে করছেন ইরানের সঙ্গে আলোচনার ‘উল্লেখযোগ্য সুযোগ’ রয়েছে।

    বিবিসির মার্কিন সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন, তবে হামলা করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

    সিবিএস আরও জানায়, ট্রাম্প ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি ভূগর্ভে অবস্থিত, তাতে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।

    কেবল যুক্তরাষ্ট্রেরই এমন বোমা রয়েছে যা ওই ভূগর্ভস্থ স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম হতে পারে।

  4. ট্রাম্পের দুই সপ্তাহের ‘বিরতি’ নিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা গেছে

    ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আজ সকালে যুক্তরাজ্যের কিছু সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে প্রকাশিত হয়েছে।

    ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প "তার অবস্থান কিছুটা নরম করছেন বলে মনে হচ্ছে"। কারণ তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরও দুই সপ্তাহ সময় নেবেন"।

    "আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন না"।

    ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, এই দুই সপ্তাহের সময়সীমা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার দ্বার খুলে দিতে পারে।

    অন্যদিকে, সংবাদমাধ্যম 'টাইমস' ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই সপ্তাহ “স্থগিত” করাকে "ধ্বংসের কিনারা থেকে এক ধাপ পিছিয়ে আসা" বলে বর্ণনা করেছে।

    পত্রিকাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট এখন একটি “বেরিয়ে যাওয়ার পথ” খুঁজছেন। কারণ তার উপদেষ্টারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার টার্গেট হতে পারে।

  5. ইসরায়েল ও ইরান কেন চিরশত্রু?, রাফি বার্গ, মধ্যপ্রাচ্য ডিজিটাল সম্পাদক

    ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বহু দশক ধরে চলা বৈরিতার ফল। কিন্তু ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে পর্যন্ত ইরান ও ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র ছিল, যাদের মধ্যে ব্যাপক অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল।

    বিপ্লবের মাধ্যমে ইরানে ক্ষমতায় আসে একটি কট্টরপন্থি শিয়া মুসলিম সরকার, তীব্রভাবে পশ্চিমা দেশ ও ইসরায়েলবিরোধিতাই যাদের আদর্শ।

    সদ্য নিয়োগ পাওয়া সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির অধীনে থাকা ইরান, সে সময় ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে অস্বীকৃতি জানায় এবং একে নিপীড়ন ও পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

    ইরানের নতুন শাসনব্যবস্থা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় এবং হেজবুল্লাহ (লেবানন), হামাস (গাজা) ও হুথি (ইয়েমেন)-এর মতো ইসরায়েলবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষকে পরিণত হয়।

    ইসরায়েল তাদের দিক থেকে ইরানকে বিশ্বের প্রধান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করে আসছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক তৎপরতা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে মিলে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে।

    তারা বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে গোপন অভিযান চালিয়েছে, যা ছিল দুই দেশের মধ্যকার দীর্ঘ এক "ছায়াযুদ্ধ" যা পরে প্রকাশ্যে আসে।

  6. তেহরানে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করেছে স্লোভাকিয়া

    স্লোভাকিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় তারা তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে।

    সব কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

  7. ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাতে পারে ইউরোপ, লিস ডুসেট, প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা

    ইরান ও ইসরায়েলের মধ্যে সংকট প্রশমনের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

    পরিকল্পনা অনুযায়ী সবাই যদি বৈঠকে যোগ দেয়, তবে এটি হবে ইসরায়েলের ইরানে হামলার এক সপ্তাহ পর তেহরান ও পশ্চিমা সরকারগুলোর মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি আলোচনা।

    এই বৈঠকটি হলে সেটি হবে চলমান সংকটের মধ্যে ইউরোপীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের একটি।

    প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে তার সামরিক হস্তক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছেন, যা এই জেনেভার আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

    তিনি বলেছেন, তিনি এখনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজাকে সুযোগ দিতে চান।

    এই সংঘাত শুরুর আগে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন একটি পারমাণবিক চুক্তির জন্য নিজস্ব দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছিলো।

    এক্ষেত্রে তিনি ইউরোপকে পাশে সরিয়ে রেখেছিলেন, যে ইউরোপ ২০১৫ সালের পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যে চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে বেরিয়ে এসেছিলেন।

    ইউরোপীয় মন্ত্রীরা ইরানকে আলোচনায় ফিরতে অনুরোধ করবেন বলে আশা করা হচ্ছে। ইরান জানিয়েছে যে, তারাও আলোচনায় ফিরতে চায়, কিন্তু হামলার মধ্যে দিয়ে নয়।

    আপাতত ইসরায়েল বা ইরান, কেউ-ই পিছিয়ে আসছে না।

  8. ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তান কঠিন পরিস্থিতিতে পড়েছে, আজাদেহ মোশিরি, বিবিসি পাকিস্তান

    পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবারের বৈঠকটিকে এক ধরনের কূটনৈতিক সফলতা হিসেবে উপস্থাপন করার কথা ছিল।

    সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনার পর, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে।

    বাইডেন সরকারের সময় ইসলামাবাদের প্রেসিডেন্ট যেখানে একটি ফোন কলও পাননি, সেখানে এখন হোয়াইট হাউজে সরাসরি বৈঠক হচ্ছে, এটা স্পষ্টভাবেই একটা অগ্রগতি।

    কিন্তু এই বৈঠক এমন এক সময় হলো, যখন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা ভাবছেন এবং যা পাকিস্তান শুরু থেকেই সমর্থন করেনি।

    ট্রাম্প সমর্থন করছেন ইসরায়েলকে, যার কর্মকাণ্ডকে পাকিস্তান “বর্বরোচিত” বলেছে। একই সময়ে, পাকিস্তান ইরান থেকে প্রায় তিন হাজার নাগরিককে ফিরিয়ে আনতে একটি বড় উদ্ধার অভিযান পরিচালনায় ব্যস্ত।

    মনে রাখতে হবে, পাকিস্তান ও ইরান সীমান্তবর্তী দেশ। বৈঠকটি দুই ঘণ্টা হলেও তার কোনো অংশ ক্যামেরাবন্দি করা হয়নি।

    পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ইরান নিয়ে আলোচনা হয়েছে, তবে কী আলোচনা হয়েছে, তা পরিষ্কার নয়। তাই আজকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কিছু অস্বস্তিকর প্রশ্ন উঠেছে।

    এর মধ্যে সবচেয়ে স্পষ্ট প্রশ্ন ছিল “ওই কক্ষে কি কোনো বেসামরিক রাজনীতিক ছিলেন?” এরপর প্রশ্ন ছিল, “তাহলে আমরা কি গণতান্ত্রিক দেশ?”

    হালকা হাস্যরসের মধ্যে মুখপাত্র জবাব দেন, “পাকিস্তান নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক রাষ্ট্র”।

    এরপর ফিল্ড মার্শালের বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত জানতে বিদেশি সাংবাদিকদের সেনাবাহিনীর কাছে যেতে বলেন তিনি।

  9. রাতে আরও হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যেখানে ৬০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নেয়।

    এই হামলায় প্রায় ১২০টি বোমা বা অস্ত্র ব্যবহার করা হয়, যেগুলো ইরানের সামরিক মিসাইল উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিক্ষেপ করা হয়।

    ইসরায়েলের দাবি, ওই গবেষণা কেন্দ্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত।

    রাতের মধ্যেই আইডিএফ আরও জানায়, ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে, মূলত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তারা হামলা চালায়।

    যদিও ইরান এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

  10. দক্ষিণ ইসরায়েলে মাইক্রোসফট ভবনের কাছে আগুন জ্বলছে, ড্যান জনসন, জেরুজালেম থেকে

    ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় আগুন জ্বলছে এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরান আবারও গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ককে লক্ষ্য করেছিল, যেটি তারা বৃহস্পতিকার সকালে টার্গেট করার কথা বলেছিলো। তখনই পাশে থাকা সোরোকা হাসপাতাল আক্রান্ত হয়।

    গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরায়েলের বিরশেবায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়।

  11. ইসরায়েলের কিছু এলাকায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

    ইসরায়েলের কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, কারণ ধারণা করা হচ্ছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে।

    কিছু প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বিরশেবা মাইক্রোসফট ভবনের কাছে আঘাত হেনেছে।

  12. ইরান ও ইসরায়েল থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে

    ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বেশ কয়েকটি দেশ তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে আছে চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

    কিন্তু ইরানের আকাশসীমা বন্ধ এবং ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী পরিবহনের জন্য বন্ধ থাকায়, অনেক দেশই এই দুই দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে জটিল অভিযান পরিচালনা করছে।

    অস্ট্রেলিয়াইরান থেকে প্রায় ১,৫০০ জন এবং ইসরায়েল থেকে প্রায় ১,২০০ জনকে সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। কিছু অস্ট্রেলিয়ান ইতোমধ্যেই একটি জাহাজে করে সাইপ্রাসের উদ্দেশে ইসরায়েল ছেড়েছেন। অন্যদের স্থলপথে সরিয়ে নেয়া হচ্ছে।

    চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটি ইরান থেকে ১,৬০০ জনের বেশি এবং ইসরায়েল থেকে আরও কয়েকশ নাগরিককে সরিয়ে নিয়েছে।

    বেইজিং তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যেন তারা স্থলপথে আজারবাইজান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আর্মেনিয়া বা ইরাক হয়ে দেশ ত্যাগ করে।

    ভারত প্রায় ১১০ জন ছাত্র যারা ইরান থেকে স্থলপথে আর্মেনিয়ায় গিয়েছিলেন, তারা দিল্লিতে ফিরে এসেছেন।

    ভারত বলেছে, ইসরায়েলে অবস্থানরত যে কোনো ভারতীয় যদি দেশ ছাড়তে চান, তাহলে তাদেরও সরিয়ে নেওয়া হবে। ইসরায়েলে প্রায় ৩০ হাজার ভারতীয় রয়েছে।

    জাপান জাপান তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল থেকে সরিয়ে আনার প্রস্তুতি হিসেবে দুটি সামরিক বিমান জিবুতিতে পাঠাচ্ছে।

    ইসরায়েলে প্রায় এক হাজার জন এবং ইরানে প্রায় ২৮০ জন জাপানি নাগরিক রয়েছেন।

    পাকিস্তান সংঘাত শুরুর পর থেকে প্রায় তিন হাজার পাকিস্তানি ইরান ছেড়েছেন।

  13. দুটি হাসপাতাল বোমা হামলা, কেন শুধু একটি শিরোনাম হলো?, পরিজাদ নোবাখত, বিবিসি পার্সিয়ান

    সম্প্রতি ঘটে যাওয়া একই ধরনের পৃথক দুটি ট্র্যাজেডির বিষয়ে বৈশ্বিক গণমাধ্যমের কাভারেজে ‌আকাশ-পাতাল পার্থক্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ইরানি।

    ইসরায়েলের বিরশেবা শহরের একটি হাসপাতালে বোমা হামলার খবর দ্রুত ও ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায়।

    এর তিন দিন আগে ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছিলো, কিন্তু সেটা প্রায় কারও নজরেই আসেনি।

    এর একটি বড় কারণ হলো, ইসরায়েল সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়। বিদেশি সাংবাদিকদের দ্রুত ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কর্মকর্তারা ব্রিফ করেন এবং মুক্তভাবে রিপোর্ট করতে দেওয়া হয়।

    বিপরীতে, ইরান সাংবাদিকদের আটকে রাখা হয়, দেশের ভেতরের গণমাধ্যমের ওপর সেন্সর আরোপ করা হয়, ইন্টারনেটের ব্যবহার সীমিত করা হয়। ফলে কেবল অস্পষ্ট এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্থাৎ বেসরকারি সূত্র থেকে যে ভিডিও পাওয়া যায়, সেগুলোই খবরের উৎস।

    ইসরায়েলে দ্রুত হতাহতের সংখ্যা ও নিয়মিত আপডেট দেওয়া হয়। ইরানে, ইসরায়েলি হামলার দুদিন পর সারাদেশে ২২৪ জন নিহতের তথ্য দেওয়া হয়, কিন্তু স্থান অনুযায়ী কোনো বিশ্লেষণ ছিল না।

    পরদিন কেরমানশাহর হাসপাতালটি আক্রান্ত হয়, কিন্তু এরপর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।

    গণমাধ্যমেরে প্রবেশাধিকার ও স্বচ্ছতার অভাবে ইরানের অনেক গল্প হারিয়ে গিয়েছে। শোকাহত পরিবারগুলো চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর শূন্যতা পূরণের, কিন্তু ব্যক্তিগত পোস্ট কখনো পরিকল্পিত সংবাদ কাভারেজের বিকল্প হতে পারে না।

    যুদ্ধের সময়ে যখন দৃষ্টিভঙ্গিই প্রতিক্রিয়া নির্ধারণ করে, তখন কেরমানশাহর চারপাশে এই নীরবতা ইঙ্গিত দেয় যে সেন্সরশিপ ও একঘরে হয়ে যাওয়ার ফলে কত ভয়াবহ ঘটনাও বিশ্বের দৃষ্টির আড়ালে থেকে যেতে পারে।

  14. তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে অস্ট্রেলিয়া

    ইরানে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করছে অস্ট্রেলিয়া।

    "বর্তমান পরিস্থিতির কারণে আমাদের কনস্যুলার সেবা দেওয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত। আকাশসীমাও এখন বন্ধ," বলেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং।

    অস্ট্রেলিয়া তাদের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ইরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    কনস্যুলার কর্মীদের কাছের দেশ আজারবাইজানে স্থানান্তর করা হচ্ছে।

    অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ওই অঞ্চলে থেকেই সরকারের সংকট-সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তা করবেন, বলে জানান ওয়ং।

    ইরানে অবস্থানরত কমপক্ষে ১,৫০০ জন অস্ট্রেলিয়ান ও তাদের পরিবার ইরান ছাড়ার জন্য সহায়তা চেয়েছেন।

  15. ইইউ ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সুইটজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন, সেখানে তিনি ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

    ইইউে এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসেরও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

    যদি এই বৈঠক হয়, তবে এটি হবে ইসরায়েল-ইরানের এক সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর ইরান ও পশ্চিমা নেতাদের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক।

    বৈঠকের মূল লক্ষ্য থাকবে ইরানকে আবারো আলোচনার টেবিলে আনা।

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারো বলেন, এই আলোচনার লক্ষ্য হচ্ছে "ইরানকে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে সীমিত করার বিষয়ে রাজি করানো।"।

    এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে ল্যামি বলেন, “এখনই সময় মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বন্ধ করা এবং এই আঞ্চলিক সংঘাত ঠেকানো, যা কারো জন্যই উপকার বয়ে আনবে না।”

    ল্যামি ও রুবিওর পূর্ববর্তী বৈঠকে তারা একমত হন যে, “ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।”

  16. ইসরায়েল–ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এক নজরে

    সাত দিন আগে গত ১২ই জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে ইসরায়েলের সামরিক হামলার খবর প্রকাশিত হওয়া মাত্রই একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন।

    তিনি সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে, তার ভাষায়, তার দেশের ঘনিষ্ঠ মিত্রের “একতরফা কর্মকাণ্ড” থেকে দূরে রাখার চেষ্টা করেন।

    রুবিও বলেন, “আমরা ইরানের ওপর হামলার সাথে জড়িত নই এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা করা।”

    এর পরদিন ১৩ই জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেন, তিনি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় আসার জন্য “বারবার সুযোগ” দিয়েছেন, কিন্তু “তারা যতই চেষ্টা করুক, যতই এর কাছাকাছি পৌঁছাক, শেষ পর্যন্ত সেটা করতে পারেনি।”

    এখন, ১৯শে জুন হোয়াইট হাউজে বক্তব্য দিতে গিয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট প্রেসিডেন্টের এই বার্তাটি জানান, “ইরানের সঙ্গে নিকট ভবিষ্যতে আলোচনা হতে পারে অথবা নাও হতে পারে, এই বাস্তবতার ওপর ভিত্তি করে, আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে তারা এতে যাবেন কি না।”

  17. ইরান কখনোই পারমাণবিক অস্ত্র ‘অর্জন করতে পারবে না' বলে একমত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

    ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী।

    যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

    ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে "বিপজ্জনক" বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে "দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের" উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।

    "আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে," তিনি আরও যোগ করেন।

    রুবিওর মুখপাত্রের মতে, "ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না" এই বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।

    এর আগে হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

  18. ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু খবর

    আপনি যদি এই মাত্রই আমাদের সঙ্গে যোগ দিয়ে থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক গত কয়েক ঘণ্টা ধরে কী ঘটেছে:

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি "আগামী দুই সপ্তাহের মধ্যে" ইরানের ওপর সামরিক হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইরানের সাথে "আলোচনার যথেষ্ট সম্ভাবনা" থাকার কারণে দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন ট্রাম্প যা উত্তেজনার তাপমাত্রা কমিয়ে দিয়েছে, লিখেছেন বিবিসির প্রধান উত্তর আমেরিকা সংবাদদাতা।
    • ইসরায়েলি হাসপাতালে ইরানের হামলায় কমপক্ষে ৭১ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়ল। এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে "আর থাকতে দেওয়া যাবে না"।
    • ইরান দেশব্যাপী ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যাকে দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ হিসেবে বর্ণনা করা হয়েছে।
    • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠকের পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একমত যে ইরান কখনোই "পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না"। আজ শুক্রবার জেনেভায় ল্যামির সঙ্গে ফ্রান্স, জার্মানি, ইইউ ও ইরানের প্রতিপক্ষের দেখা করার কথা রয়েছে।
    • ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার গাজায় এই হামলা চালানো হয়েছে।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকাল বৃহস্পতিবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে