আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় 'আস্থার সংকট' দেখছেন জাতিসংঘ মহাসচিব

ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব “দ্রুত গতিতে” সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। এদিকে, ইরান থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্র শনাক্ত হওয়ায় ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

সরাসরি কভারেজ

  1. ইরান-ইসরায়েল সংঘাত: শুক্রবার সারাদিন যা যা ঘটেছে

    • ইরানের সবশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ, ম্যাগেন ডেভিড অ্যাডম।
    • ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে যুক্তরাজ্য জানিয়েছে যে, তারা তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।
    • ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব “দ্রুত গতিতে” সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা।
    • ইসরায়েলে আবারো হামলা চালিয়েছে ইরান। ক্ষেপনাস্ত্র শনাক্ত হওয়ায় ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা।
    • গাজায় ত্রাণকেন্দ্রের কাছে জড়ো হওয়া ভীড়ের ওপর গুলি চালিয়ে ২৩ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
    • হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, "শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।"
    • ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলার পরিস্থিতি নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
    • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন,"যারা ইসরায়েলকে হুমকি দেয়, সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে।"
    • ট্রাম্প বলেছেন, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়াবে নাকি না।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।

  2. ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের হামলায় অনেকে আহত

    ইরানের সবশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ, ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

    এমডিএ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

    এছাড়া কারমিয়েল এলাকার একটি আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

  3. ইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

    ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে যুক্তরাজ্য জানিয়েছে যে, তারা তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।

    যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা ইরান থেকে আমাদের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।"

    "আমাদের দূতাবাস দূরবর্তীভাবে কাজ চালিয়ে যাচ্ছে"।

    এই সপ্তাহের শুরুতে নিরাপত্তা উদ্বেগের কারণে ইসরায়েল থেকেও দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছিল যুক্তরাজ্য।

  4. ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় 'আস্থার সংকট' দেখছেন জাতিসংঘ মহাসচিব

    ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব “দ্রুত গতিতে” সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে মি. গুতেরেস বলেছেন,"এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।“

    গুতেরেস আরও বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে "পরমাণু প্রশ্ন"।

    "ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে," বলেন গুতেরেস।

    তিনি আরও বলেন, "আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।"

  5. ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক

    ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

    এমন এক সময় তারা এই বৈঠকে বসলেন, যখন জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

  6. ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় মন্ত্রীদের আলোচনা শুরু

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

    এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা দেওয়ার পরই জেনেভায় অনুষ্ঠানস্থলে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

    ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধান খুঁজতেই যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইইউর শীর্ষ কূটনীতিকরা সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছেন।

  7. ইরানের হামলায় ইসরায়েলে দুজন আহত

    জেনেভায় রাজনীতিবিদদের কাছ থেকেও শোনা যাচ্ছে, ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

    এই হামলায় দেশটিতে দুজন আহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম।

    যার মধ্যে, ১৬ বছর বয়সী একজন ছেলে, যার শরীরের উপরের অংশে গুরুতর জখম হয়েছে এবং অন্যজন ৫৪ বছর বয়সী একজন পুরুষ।

  8. ইসরায়েলে আবারো হামলা চালিয়েছে ইরান

    ইরান থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্র শনাক্ত হওয়ায় ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

    "হুমকি দূর করার জন্য বিমান বাহিনী কাজ করছে,” বলেও জানিয়েছে আইডিএফ।

  9. ইরানের সাথে আলোচনার আগে জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের বৈঠক

    জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনা করেছেন যুক্তরাজ্য, ইইউ, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।

    সংঘাত কমাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ইউরোপীয়রা।

  10. ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স

    জেনেভায় ইরানের সাথে ইউরোপের কূটনৈতিক আলোচনার বিষয়ে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

    প্যারিসের ঠিক বাইরে লে বোর্গেটে সাংবাদিকদের মি. ম্যাক্রঁ বলেন, "ইরানকে দেখাতে হবে যে তারা আলোচনার টেবিলে যোগ দিতে ইচ্ছুক।"

    তিনি জানান, ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা।

    ম্যাক্রোঁর মতে, এই প্রস্তাবটি চারটি প্রধান ধাপে গঠিত-

    • জাতিসংঘের পারমাণবিক সংস্থা, আইএইএ এর মাধ্যমে ইউরেনিয়ামের "শূন্য সমৃদ্ধকরণ" এর দিকে এগিয়ে যাওয়ার কাজ আবারো শুরু করা।
    • ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের তদারকি।
    • এই অঞ্চলে প্রক্সি জঙ্গি গোষ্ঠীগুলোকে ইরানের অর্থায়ন বন্ধ করা।
    • ইরানের কারাগারে বন্দী বিদেশী নাগরিকদের মুক্তি।
  11. ত্রাণকেন্দ্রের কাছে ২৩ ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে

    গাজায় ত্রাণকেন্দ্রের কাছে জড়ো হওয়া ভীড়ের ওপর গুলি চালিয়ে ২৩ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

    প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণকেন্দ্রের কাছে হাজারো মানুষের ওপর ট্যাংক ও ড্রোন দিয়ে গুলি চালানো হয়েছে।

    নুসাইরাতের একটি হাসপাতালের মুখপাত্র বলেছেন, তারা ২৩ জনের মরদেহ এবং ১০০ জনেরও বেশি আহত ব্যক্তিকে পেয়েছেন।

    তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একজন চিকিৎসক জানিয়েছেন, দেইর আল-বালাহের পশ্চিমে আল-মা'সার এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

  12. 'এটা শূন্যের পথে যাত্রা': মার্কিন পরিকল্পনা নিয়েই জেনেভার আলোচনা

    আলোচনার সুযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, কেবল এটিই একমাত্র পথ।

    জেনেভায় সংলাপের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সূত্র বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লাইস ডুসেটকে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে বসতে যাওয়া ইউরোপের মন্ত্রীরা মার্কিন পরিকল্পনার ওপরই আজ আলোকপাত করবেন।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফের কাছ থেকে পাওয়া "স্পষ্ট বার্তা" পৌঁছে দেবেন তারা।

    একটি সূত্র লাইস ডুসেটকে বলেছে, "এটা সম্পূর্ণ শূন্যের পথে"।

    নিজের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির সব প্রক্রিয়া বন্ধ করাই ইরানের জন্য শেষ উপায়। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য দেশটির বাইরে একটি আঞ্চলিক কনসোর্টিয়াম তৈরির প্রস্তাবের বিষয়টিও একই।

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ গতকাল বিবিসির এই সংবাদদাতাকে বলেছিলেন, ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন সেই মুহূর্তে শুরু করেছিল যখন "চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে" ছিল ইরান।

    ইরান মনে করেন, কূটনৈতিক প্রক্রিয়াটি ধ্বংস করাই ছিল ইসরায়েলের মূল লক্ষ্য।

    খাতিবজাদেহ জোর দিয়ে বলেন, "যে মুহূর্তে এই আগ্রাসন বন্ধ হবে, অবশ্যই কূটনীতিই হবে প্রথম বিকল্প।“

    আজ এটিই তেহরানের প্রধান দাবি থাকবে কারণ উভয় পক্ষই সংঘর্ষ থামানোর পথ খুঁজে বের করার চেষ্টা করছে।

  13. ইরানে হাসপাতালে হামলার প্রমাণ আন্তর্জাতিক সংস্থায় পাঠাবে রেড ক্রিসেন্ট

    গত রাতে তেহরানে পাঁচটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলায় হাসপাতাল ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন হাসপাতালের রোগীরাও।

    ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

    মি. কোলিভান্দ বলেন,"বিস্ফোরণের ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করেছে।"

    হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।

  14. আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন "শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।“

    অন্যথায় “শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে,” বলেও উল্লেখ করেন মি. পেজেশকিয়ান।

    সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

  15. আগ্রাসন বন্ধ না হলে আলোচনা নয়- আবারো বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ আমেরিকার সাথে আলোচনায় বসবে না বলে আবারো জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে আরাঘচি জানান, "আমেরিকানরা আলোচনা চায় এবং বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে “আগ্রাসন বন্ধ না হওয়া” পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই।“

    "এই অপরাধের অংশীদার হওয়ায় আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা নেই।"

    গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসছেন আরাঘচি। আজ জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে তার দেখা হওয়ার কথা রয়েছে।

  16. ট্রাম্পের সংঘাত সামলানো নিয়ে 'চরম উদ্বিগ্ন' মার্কিন-ইরানি কংগ্রেস সদস্য

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য ইয়াসামিন আনসারি একজন ডেমোক্র্যাট ও ইরানি বংশোদ্ভূত।

    তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইসরায়েল-ইরান সংঘাত সামলাচ্ছেন, তা নিয়ে তিনি "চরমভাবে উদ্বিগ্ন"।

    তিনি বিবিসির নিউজডে প্রোগ্রামে বলেন, "আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন, যিনি প্রতিদিন তার মত পাল্টান। কেউই তার কথা বিশ্বাস করে না।"

    তিনি ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো ভালো বা "সফল" ইতিহাস নেই, তাই হস্তক্ষেপ করা উচিত হবে না।

    আনসারি বলেন, মনে রাখা জরুরি যে ইরানিরা মানেই সেই শাসকগোষ্ঠী নয়। বিপুলসংখ্যক মানুষ ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী, যারা ১৯৭৯ সাল থেকে এই শাসন ব্যবস্থার কাছে "বন্দি" হয়ে আছে।

    "তাদের দেশের এমন বোমাবর্ষণের শিকার হওয়ার কথা না।"

    তিনি ট্রাম্পকে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিতে আহ্বান জানান, যাতে করে "অপ্রয়োজনীয়ভাবে আমেরিকান সেনাদের প্রাণহানি" এড়ানো যায়।

  17. ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির চিত্র জানিয়েছে আইএইএ

    ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলার পরিস্থিতি নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

    বৃহস্পতিবার তিনি বলেন, মানবস্বাস্থ্য ও পরিবেশে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সংস্থাটি নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে।

    হামলা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যে, আরাক, ইসফাহান, নাতাঞ্জ ও তেহরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

    এসব ক্ষতির কারণে সম্ভাব্য বিকিরণের প্রভাবও মূল্যায়ন করা হচ্ছে। আইএইএ-এর নতুন প্রতিবেদনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিম্নরূপ:

    নাতাঞ্জ নাতাঞ্জের জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রটি ইসরায়েলি হামরার কবলে পড়ে গত ১৩ই জুন।

    ওই টার্গেট হামলায় “উপরভাগের পরীক্ষামূলক সমৃদ্ধকরণ কেন্দ্র” ধ্বংস হয়ে যায়, যেখানে ইরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত (ইউ-২৩৫) সমৃদ্ধ করতে পারতো। ওই হামলায় কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো, প্রধান পাওয়ার বিল্ডিং, জরুরি বিদ্যুৎ সেবা ও ব্যাকআপ জেনারেটর ধ্বংস হয়ে যায়।

    রাফায়েল গ্রোসি গত ১৬ই জুন আইএইএ বোর্ডে জানান, যখন ভূগর্ভস্থ ক্যাসকেড বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, তখন সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

    পরবর্তীতে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে জানা যায় ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ স্থল সরাসরি ক্ষতি হয়েছে।

    তিনি বলেন, কেন্দ্রের বাইরে এখন পর্যন্ত কোনো বিকিরণের প্রভাব দেখা যায়নি, তবে কেন্দ্রের ভিতরে কিছু “সীমিত রেডিওঅ্যাকটিভ ও রাসায়নিক দূষণ” ঘটেছে।

    “এই দূষণ কেবল কেন্দ্রের ভেতরে সীমাবদ্ধ, এর বাইরে কোনো ধরনের বিকিরণের প্রভাব পড়েনি।”

    ইসফাহান

    গত শুক্রবারের হামলায় ইসফাহান পরমাণবিক স্থাপনার চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় রাসায়নিক গবেষণাগার, ইউরেনিয়াম রূপান্তর কর্মশালা, তেহরান রিয়্যাক্টর জ্বালানি তৈরির কারখানা, এবং নির্মাণাধীন উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ সুবিধা।

    নাতাঞ্জের মতো, ইসফাহানের বাইরে বিকিরণের মাত্রা অপরিবর্তিত রয়েছে।

    অন্যান্য স্থান ১৮ই জুন আইএইএ জানিয়েছে ইসরায়েল কারাজ ওয়ার্কশপ (টিইিএসএ) এবং তেহরান গবেষণা কেন্দ্রের কুইন্টার-উৎপাদন কেন্দ্রগুলোকে টার্গেট করেছে।

    এই দুটো স্থাপনাই পরমাণু চুক্তির অধীনে আইএইএ-এর নজরে ছিল।

    তেহরান গবেষণা কেন্দ্রের একটি ভবনে সেন্ট্রিফিউজ রটার তৈরির কেন্দ ও পরীক্ষা কেন্দ্র লক্ষ্য করা হয়। কারাজ ওয়ার্কশপে বিভিন্ন সেন্ট্রিফিউজ উপাদান উৎপাদনের দুটি ভবন ধ্বংস হয়েছে।

    খানদাব রিঅ্যাক্টর

    ১৯শে জুন লক্ষ্যবস্তু হয় আরাক বা খানদাব ভারী পানি গবেষণা রিয়্যাক্টর, যা এখনও নির্মাণাধীন। এখনও চালু হয়নি।

    গ্রোসি বলেন, পারমাণবিক পদার্থ না থাকায় “ এই হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে না।”

    প্রথমে পার্শ্ববর্তী ভারী পানি উৎপাদন প্ল্যান্টে কোন ক্ষয়ক্ষতি দেখা যায়নি, বর্তমানে জানা গিয়েছে গুরুত্বপূর্ণ ভবন, যেমন পরিশোধন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সব মিলিয়ে, ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনায় এখনও কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।

    এ পর্যন্ত বড় কোনো বিকিরণ বিপর্যয় হয়নি, তবে আইএইএ মহাপরিচালক সতর্ক করে বলেছেন, “ইরানে বিভিন্ন জায়গায় প্রচুর পারমাণবিক পদার্থ রয়েছে, যার ফলে বিকিরণ দুর্ঘটনায় তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা রয়েছে।”

  18. আরাক পারমাণবিক স্থাপনার গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত: আইএইএ

    আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের আরাক শহরের কাছে নির্মাণাধীন একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় "গুরুত্বপূর্ণ ভবন" ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইসরায়েলি যুদ্ধবিমান বৃহস্পতিবার আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টরে বোমাবর্ষণ করে। তবে আইএইএ জানিয়েছে, ওই স্থাপনায় কোনো পারমাণবিক পদার্থ ছিল না।

    হেভি ওয়াটার রিয়্যাক্টরে কুলেন্ট বা ঠান্ডা রাখার জন্য এক ধরনের বিশেষ রাসায়নিক পানি ব্যবহার করা হতো।

    আরাক স্থাপনার মতো রিয়্যাক্টরগুলো বিজ্ঞান গবেষণার জন্য ব্যবহার করা যায়। এর অবস্থান তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

    তবে এই রিয়্যাক্টরে উপজাত হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয়, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।

    আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি হামলার ফলে এখনো পর্যন্ত "গুরুতর তেজস্ক্রিয়তা ছড়ানোর ঘটনা" ঘটেনি, তবে "তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি" এখনো রয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়: "এই কঠিন ও জটিল পরিস্থিতিতে, আইএইএ-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো নির্ধারিত সময়ে এবং নিয়মিতভাবে পারমাণবিক স্থাপনাসমূহ নিয়ে কারিগরি তথ্য পাওয়া।"

  19. ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে হেজবুল্লাহকে সতর্ক করেছে ইসরায়েল

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে সতর্ক করে বলেছেন,"যারা ইসরায়েলকে হুমকি দেয়, সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে।"

    হেজবুল্লাহ নেতা নাইম কাসেম বৃহস্পতিবার বলেছিলেন, "ইরানকে লক্ষ্য করে ইসরায়েল-আমেরিকার বর্বর আগ্রাসনের" জবাবে গোষ্ঠীটি তাদের পছন্দ অনুযায়ী যেকোনোভাবে প্রতিক্রিয়া জানাবে।

  20. ইরানের হামলার পর দক্ষিণ ইসরায়েলের বিরশেবায় ধ্বংসস্তূপের ছবি

    ইসরায়েল ও ইরান রাতভর আবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।

    বৃহস্পতিবারের হামলার পর দক্ষিণ ইসরায়েলের বিরশেবা শহর আবারও আক্রান্ত হয়েছে। আগের হামলায় কমপক্ষে ৭১ জন আহত হন বলে তথ্য দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    শুক্রবার ভোররাতে নতুন করে হামলায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

    এইমাত্র পাওয়া কিছু ছবিতে শহরের আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।