বুধবার যা যা হলো:
- বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নিয়ম অনুযায়ী, এরপরে কবে ভোটগ্রহণ করা হবে, সেটা নির্ধারণ করতে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী তারা তফসিল ঘোষণা করবে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০-শতাংশে। মি. ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে।
- মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ১০০ র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি বলেছেন, এখন পর্যন্ত কমপক্ষে ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্নমত থাকলেও জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকীতে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে’ বিএনপির ‘বিজয় র্যালি’ পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
- কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে শোকজ বা কারণ দর্শাও নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের এই পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে।
- জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ২৯শে জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়।
- নোয়াখালীর বেগমগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। পুলিশ ও নোয়াখালীর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, ওই পরিবারটি তাদের ওমান প্রবাসী এক আত্মীয়কে আনতে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু ঢাকা থেকে তাদের বাড়ি লক্ষ্মীপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।
- স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও অফিসার-ইন-চার্জ (ওসি)-দের লটারির মাধ্যমে বদলি করা হবে।
- গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারিত হলে ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা। জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বুধবার নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা "ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও তা হয়েই থাকবে"।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।
নতুন খবর নিয়ে বৃহস্পতিবার আবার লাইভ পাতা চালু হবে।
বিবিসি বাংলার আরো খবর পড়তে ভিজিট করুন আমাদের মুলপাতা


















