আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, জবাব দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের তথ্য পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান, তারা 'সর্বশক্তি দিয়ে জবাব' দেওয়ার কথা বলেছে।

সরাসরি কভারেজ

  1. ইরানে মেয়েদের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৫৩: প্রতিবেদন

    ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আইআরএনএ’র খবর অনুসারে, মেয়েদের একটি স্কুলে হামলার পর মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। তারা দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করেছে।

    আলী ফরহাদি সংস্থাটিকে বলেছেন যে আজ স্কুলটি "তিনটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু" ছিল। তিনি আরও বলেছেন যে হামলায় আরও ৬৩ জন আহত হয়েছেন।

    মুখপাত্র আরও বলেছেন যে অন্যান্য সম্ভাব্য হতাহতদের সন্ধানের জন্য স্কুলটি ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।

    ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে মেয়েদের এই প্রাথমিক বিদ্যালয়টি হামলার শিকার হয়।

  2. ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় দুঃখ প্রকাশ করেছে ওমান

    ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি, যিনি যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় মধ্যস্থতা করেছেন, শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ওয়াশিংটনকে এমন এক যুদ্ধে “আর জড়িত না হওয়ার” আহ্বান জানিয়েছেন।

    এক্স-এ পোস্ট করা বার্তায় তিনি বলেছেন, “আমি হতাশ। সক্রিয় ও গুরুতর আলোচনাগুলো আবারও দুর্বল হয়ে গেছে”।

    তিনি আরও বলেন, “আমি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছি আর বেশি জড়িত না হতে। এটি আপনাদের যুদ্ধ নয়”।

    বৃহস্পতিবার জেনেভায় ইরান–মার্কিন আলোচনার তৃতীয় দফা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “আমরা ভালো অগ্রগতি পেয়েছি” এবং “এটি ছিল মার্কিন পক্ষের সঙ্গে আমাদের অন্যতম সেরা ও সবচেয়ে গুরুতর আলোচনা”।

  3. কুয়েতে আলী সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটি

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, শনিবার সকালে আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

    সেগুলোকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। হামলার পরে ঘাঁটির পাশে কিছু ধ্বংসাবশেষ পড়ে থাকতেও দেখা গেছে।

    দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, সশস্ত্র বাহিনী কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

    সেনাবাহিনী কুয়েতের বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনো ধরনের হামলার হুমকি আছে এমন বস্তু দূরে থাকা এমন এমন কিছু নজরে আসলে সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানিয়েছে।

    কুয়েতের ওই এলাকায় বসবাসরত একজন প্রবাসী বাংলাদেশি বিবিসি বাংলাকে সেখানকার পরিস্থিতির একটি ভিডিও পাঠিয়েছেন-

  4. দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

    ইসরায়েলের সীমান্তবর্তী দেশ জর্ডান জানিয়েছে যে তাদের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

    একজন কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি, কেবল বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

    ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হওয়ার সাথে সাথে ইসরায়েল জুড়ে সাইরেন এবং ফোন সতর্কতা জারি করা হয়েছে।

  5. ইরানে মেয়েদের স্কুলে হামলায় ৪০ জন নিহতের খবর

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ–কে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন যে শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ৪০ জন নিহত হয়েছে।

    গভর্নর মোহাম্মদ রাদমেহর বলেছেন, আরও ৪৮ জন আহত হয়েছে এবং শাজারে তাইয়্যেবা মেয়েদের স্কুলে হামলার পর নিহতের সংখ্যা বাড়ছে।

    বিবিসি স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি—কারণ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে ইরান সাধারণত ভিসা দেয় না, যা দেশটির অভ্যন্তরে কী ঘটছে সে সম্পর্কে তথ্য সংগ্রহকে কঠোরভাবে সীমিত করে।

    এদিকে, ইরানে “প্রায় সম্পূর্ণ” ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, এর আগে একটি সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

  6. মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে এই সংঘাতের পর এ নিয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের।

    ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মনে করিয়ে দেন যে ইউরোপীয়নরা ইতোমধ্যে ইরানের ‘হত্যাকারী’ শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    তিনি বলেন, “আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাই। বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানান।”

    প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি ইরানের বেসামরিক জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

    তিনি উত্তেজনা কমাতে মিত্র ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন, তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পদক্ষেপকে ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেছে এবং বলেছে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দেশটি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে।

  7. ইরানে হামলার পরের পরিস্থিতি

    সোশাল মিডিয়া থেকে সংগৃহীত এবং রয়টার্স সংবাদ সংস্থার যাচাইকৃত এই ছবিগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার পর তেহরানের দৃশ্য দেখানো হয়েছে।

  8. 'আত্মরক্ষার অধিকার বৈধ'- উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বিবৃতি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটি আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে।

    এক বিবৃতিতে বলা হয়েছে, আরাঘচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

    তিনি তাদের জানিয়েছেন যে ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও “বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা” ব্যবহার করবে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, আরাঘচি এসব দেশকে “তাদের স্থাপনাগুলো ও ভূখণ্ডকে” যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ না দেওয়ার “দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন”।

  9. “তাদের তীব্র আঘাত’- ভিডিওতে দেখা গেলো তেহরানে হামলা পরবর্তী দৃশ্য, মেরলিন থমাস ও পল ব্রাউন

    তেহরান থেকে আসা কিছু ভিডিও যাচাই করে ইরানের রাজধানীর আকাশে বড় বড় ধোয়ার কুন্ডলী দেখা যাচ্ছে।

    একটি ব্যস্ত মোড়ে ধারণ করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে গাড়ি চলাচল ধীর হয়ে যাচ্ছে, আর চালক ও পথচারীরা আকাশের দিকে তাকাচ্ছে।

    ভিডিও ফুটেজটিতে একজনকে বলতে শোনা গেছে, “তারা তীব্র আঘাত করেছে। কোথায় আঘাত করলো? তারা বলছে এটি খামেনির বাড়ি”।

    এ ভিডিওটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় লিডারশিপ হাউজ থেকে এক কিলোমিটার দূর থেকে করা হয়েছে বলে আমরা শনাক্ত করেছি।

    ভিডিওর কোণ থেকে এটি স্পষ্ট নয় যে ভবনটিকে সরাসরি আঘাত করা হয়েছে কি না।

    যাচাই করা আরেকটি ছবিতে একই এলাকায় ঘন, কালো ধোঁয়ার কুন্ডলী আবাসিক ভবন ও ছোট দোকানের ওপর দেখা যাচ্ছে।

    এছাড়া দেশজুড়ে আরও কিছু জায়গায় হামলার খবরও পাওয়া গেছে।

  10. বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা বিমানের

    বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রওনা হবেন, এমন যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    আজ শনিবার যে সব ফ্লাইট জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, শারজাহ, আবুধাবি, কুয়েত, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাত্রা করার কথা ছিল সেগুলোর যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ ছাড়া বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

  11. জেরুজালেম থেকে হামলার ভয়াবহতার কথা বিবিসিকে জানিয়েছেন এক শিক্ষার্থী

    ইসরায়েলের জেরুজালেম থেকে এক শিক্ষার্থী হামলার সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা বিবিসির কাছে তুলে ধরেছেন।

    নাম প্রকাশ না করার শর্তে জেরুজালেমের আশ্রয় কেন্দ্র থেকে এক শিক্ষার্থী বিবিসিকে জানিয়েছেন, “আমি বলে বোঝাতে পারবো না এই এটা কত ভয়াবহ একটা অনুভূতি। ভেবেছিলাম আমি বুঝি এই ভয়ের অনুভূতি কেমন, কিন্তু এবার অবাক হয়েছি কতটা ভীতিকর এটি”।

    তিনি জানান, ইসরায়েল ইরানে হামলা চালানোর খবর ঘোষণার সময় সরকার যখন প্রথম সতর্কতা জারি করে, তখন থেকেই তিনি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

    এই সময় তিনি সাইরেনের শব্দ, একাধিক বিস্ফেরণ এবং মুহূমুর্হ বিমান চলাচলের শব্দ শুনতে পেয়েছেন।

    তিনি বলেন, “এর আগেও এমন পরিস্থিতি হয়েছিল, তবে এবারের পরিস্থিতি আরো ভয়াবহ। সেটি যে কতটা ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। একেকটি ক্ষেপণাস্ত্র আমাকে বা আমার প্রিয়জনকে হত্যা করতে পারে, বলে বোঝানো যাবে না আসলে এই পরিস্থিতির কথা”।

    তিনি আরও বলেন, “আমি এখানে একটু আশ্রয় পেয়েছি, যা অনেক ইসরায়েলির নেই। তবে আমি জানি এই আশ্রয়কেন্দ্র সরাসরি আঘাতের ক্ষেত্রে আমাকে রক্ষা করতে পারবে না। তাই আমি ভাবছি, আমাকে কি অন্য পাবকিল আশ্রয় কেন্দ্রে যেতে হবে-কী না। যেটি এখন যেখানে আছি সেটির চেয়ে আরেকটু বেশি নিরাপদ”।

    ইসরায়েলের ইরান আক্রমণের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমরা আর এই সরকারকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় তারা নাগরিকদের স্বার্থ উপেক্ষা করে অন্য কারও স্বার্থে কাজ করছে। তারা নিজেদের ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত।”

    তিনি আরও বলেন, আমি খুব ক্ষুব্ধ ও ভীত সন্তস্ত্র। আমাদের আবারও এমন পরিস্থিতির মুখোমুখি করা হচ্ছে। কেন যেন মনে হচ্ছে এই ক্ষমতার বলি হচ্ছি আমরা”।

  12. ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিস্ফোরণের শব্দ

    বার্তাসংস্থা এএফপি তাদের সংবাদদাতাদের বরাতে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    কনস্যুলেটের নিকটবর্তী এলাকার এক বাসিন্দা বলেছেন, “আমি কমপক্ষে তিনটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি। আমার বাড়ি কেঁপে উঠেছিল”।

  13. মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার তথ্য জানাল ইরান

    শনিবার এক বিবৃতিতে ইরান রেভ্যুলেশনারি গার্ড বা আইআরজিসি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

    এর পাশাপাশি ইসরায়েলে সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ইরান।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে।

  14. আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, বারবারা প্লেট উশার, দোহা থেকে

    দোহায় আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি, এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।

    দেশটিরস্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে হামলায় কোনো ক্ষতি হয়নি।

    আমরা আমাদের ফোনে জরুরি সতর্কতা পাচ্ছি যাতে লোকজনকে ঘরের ভেতরে থাকার জন্য সতর্ক করা হচ্ছে। রাস্তায় এখনও যানজট রয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় কম।

    সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে আমিরাত ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একজন নিহত হয়েছে।

    বাহরাইনে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ঘোষণা করেছে যে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, মার্কিন নৌ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

    তবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।

    ইরান আগেই ঘোষণা করেছিল, তাদের উপর আক্রমণ করা হলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে তারা।

  15. আবুধাবিতে রকেটের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত

    সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজ জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন।

    কর্তৃপক্ষ এখনো ঘটনা বা আহতদের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি, যদিও ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এলাকাটি সুরক্ষিত করার কাজ অব্যাহত রয়েছে।

  16. রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে: এএফপি

    বাহরাইন, কাতারের দোহার পর এ এবার সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিষ্ফোরণের শব্দ শোনা গেছে।

    সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

    এর আগে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সেখানে বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে।

  17. আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, কর্মকর্তার দাবি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে।

    ওদিকে বিবিসি আরবি বিভাগ জানিয়েছে, তেহরানে খামেনির সদরদপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির সদরদপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদ যেখানে তার আশেপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।

    ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্থ রয়েছেন এবং কোনো সমস্যা নেই’। একই তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ও ইসনা নিউজ এজেন্সি।

    এএফপি জানিয়েছে, ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে এবং সাধারণত জনবহুল এমন এলাকায় সড়কগুলো বন্ধ রাখা হয়েছে।

    সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে সেটি কি বিমান হামলার কারণে নাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা হয়েছে তা নিশ্চিত নয়।

    তেহরানের বিভিন্ন অংশ, বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

  18. দোহায় বিস্ফোরণের শব্দ, কাতারের দাবি একাধিক হামলা প্রতিহত করা হয়েছে, ডেভিড গ্রিটেন, বিবিসি নিউজ, মধ্যপ্রাচ্য

    কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণ এবং বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে।

    কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে।

    একজন কাতারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

    উল্লেখ্য, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।

  19. ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি- সশস্ত্র বাহিনী ‘সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেবে’

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আজকের হামলার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে।

    বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলা এমন সময়ে চালানো হয়েছে যখন “আমরা আবারও আন্তর্জাতিক ব্যবস্থা ও বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনায় বসেছি—ইরানি জাতির বৈধতা প্রমাণের জন্য”।

    বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী “আগ্রাসীদের কর্তৃত্বের সঙ্গে জবাব দেবে”।

  20. ইরানে হামলার পর এয়ার ফ্রান্স তেল আবিব এবং বৈরুতের ফ্লাইট বাতিল করেছে

    শনিবার এয়ার ফ্রান্স জানিয়েছে যে তারা তেল আবিব এবং বৈরুতের ফ্লাইটগুলো বাতিল করছে।

    এর পাশাপাশি আগামী কয়েক দিনের ফ্লাইট সূচী পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে এয়ার ফ্রান্সের বিবৃতিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথভাবে হামলার পরই এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে।

    এয়ার ফ্রান্স বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে কোম্পানি ২৮ ফেব্রুয়ারির নির্ধারিত তেল আভিভ ও বৈরুতগামী এবং সেখান থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।”