ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ।
সোমবার সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুস, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুস খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুস খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব। ঘুস না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন। কেননা, ঘুস খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়।
এ সময় কারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে তাকে জানানো হয়।

ছবির উৎস, Bangladesh Home ministry





