আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা উপদেষ্টার, লেবাননের পর ইয়েমেনে হামলা ইসরায়েলের

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আটজনের মৃত্যু। কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আত্মসমর্পণের পর আমার দেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সরাসরি কভারেজ

  1. রোববার যা যা ঘটেছে:

    • লেবাননের পর এবার ইয়েমেনের রাস ইসা এবং হোদেইদাহ এলাকায় হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে হামলায় রোববার অন্তত ২৪ জন নিহত হয়েছে।
    • গত ২৪ ঘণ্টায় একদিনে ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২২১ জন। চলতি বছরে একদিনে আক্রান্তের এ সংখ্যাও সর্বোচ্চ।
    • ক্রিকেটার সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
    • বাংলাদেশে পুলিশের যেসব সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
    • মিয়ানমার থেকে দেশে ফিরেছে ৮৫জন বাংলাদেশি, ফেরত গেছে ১২৩ বিজিপি সদস্য।
    • ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। শনিবার মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং এর শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • আত্মসমর্পণের পর আমার দেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

    বিবিসি বাংলার মূলপাতার অন্যান্য খবর পড়তে এখানে ক্লিক করুন

  2. লেবাননের পর এবার ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল

    লেবাননের পর এবার ইয়েমেনের রাস ইসা এবং হোদেইদাহ এলাকায় হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

    ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্র বন্দরগুলোতে এ হামলা চালানো হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।

    এই হামলার বিষয়ে এক্স প্লাটফর্মে দেয়া এক পোস্টে আইডিএফ বলেছে, “ ইয়েমেনে হুথি সন্ত্রাসীদের অধ্যুষিত এলাকা রাস ইসা এবং হোদাইদাহে আজ একটি বড় আকারের বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। এয়ারফোর্সের ডজনখানেক এয়ারক্রাফ্টসহ ফাইটার জেট, রিফুয়েলিং এবং গোয়েন্দা বিমান এ অভিযানে অংশ নেয়”।

    “ আইডিএফ বিদ্যুত কেন্দ্রগুলো এবং একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে যেগুলো তেল আমদানিতে ব্যবহৃত হত”।

    ইয়েমেনে যেসব অবকাঠামো এবং বন্দরগুলোতে আক্রমণ করা হয়েছে সেগুলো ইরানিয়ান অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হত বলে দাবি করেছে আইডিএফ।

    ইয়েমেনের হোদেইদাহ বন্দরে বিমান হামলায় জ্বালানি ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    হুথিদের ‘সাম্প্রতিক হামলার’ প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। শুক্রবার মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কৃতিত্ব দাবি করেছিল হুথিরা।

    “হোদেইদাহে ইসরায়েলি আগ্রাসনের” জবাবে হুথি বার্তা সংস্থা একটি বিবৃতিতে বলেছে, “এতে ইয়েমেনের লড়াই থামবে না, ইহুদি শত্রুদের বিরুদ্ধে হামলাও বন্ধ হবে না।”

    এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সিডন শহরের কাছে ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হয়েছে। এছাড়া এ শহরের নিকটস্থ ‘আইন আল দেব’ এ হামলায় ২৯ জন আহত হয়েছেন।

    সিডন শহরটি ইসরায়েল – লেবানন সীমানা এবং লেবাননের রাজধানী বৈরুতের প্রায় মধ্যভাগে অবস্থিত।

    ২৩ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩৬ হাজারের বেশি সিরিয়ান এবং ৪১ হাজার তিনশ লেবানিজ সিরিয়ান সীমান্ত এলাকা অতিক্রম করে আশ্রয় নিয়েছে। লেবাননের আশ্রয়কেন্দ্রগুলোয় এক লাখ ১৬ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

  3. গাজীপুরে ব্যাংকের টাকা ছিনতাই, ব্যাংক কর্মকর্তা আনসার সদস্যসহ চারজন আহত

    গাজীপুর সিটি করপোরেশনের রথখোলা এলাকায় সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা এবং দুই আনসার সদস্যকে কুপিয়ে ও গুলি করে সাত লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

    রোববার বিকেলে টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহেদুল ইসলাম।

    আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু। আনসার সদস্য দুইজন হলেন আল আমিন ও রাজু মিয়া।

    আহতরা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    গাজীপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহিদুজ্জামান জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপ-শাখা রয়েছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেন করা হয়।

    মি. জামান বলেন, রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশা যোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করেন। পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে সাত লাখ আট হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

    গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহেদুল ইসলাম জানান ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  4. মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৪

    রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে যৌথ বাহিনী বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

    এতে বলা হয়েছে, অভিযানের সময় দুইটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি উদ্ধার করা হয়েছে।

    এছাড়াও ১৬টি রামদা, আটটি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার , ৫৩টি পেট্রোল বোমা এবং ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

    সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এ যৌথ অভিযান পরিচালনা করেছে।

    এছাড়া, শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩১ জন দুর্বৃত্ত ও তিন জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

  5. অচিরেই সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেয়া হবে: আসিফ নজরুল

    সাইবার নিরাপত্তা আইন অচিরেই সংশোধন বা সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশ করারও আইন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, “সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল করা উচিত হবে না। কারণ এটি মূলত দু'ধরনের অপরাধ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে 'কম্পিউটার অফেন্স' (কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটন) এবং অন্যটি 'স্পিচ অফেন্স'। 'স্পিচ অফেন্স' বাতিল করা সম্ভব হলেও 'কম্পিউটার অফেন্স' বাতিল করা সঠিক হবে না”।

    তথ্য অধিকার নিয়ে আমাদের সচেতনতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন মি. নজরুল।

    তিনি বলেন, “রাষ্ট্রের আইন, বিচার ও শাসন বিভাগ যদি ঠিক না থাকে তাহলে তথ্য কমিশন বা মানবাধিকার কমিশনের কিন্তু কোনো কার্যক্ষমতা থাকবে না। যারা তথ্য অধিকারের কথা বলেন, তাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধেও কথা বলতে হবে”।

    একটা সময় প্রধানমন্ত্রীর নাম আমরা উল্লেখ করতে পারতাম না জানিয়ে মি. নজরুল বলেন, “ আমাদেরকে বলা হতো যে, সব বলা যাবে প্রধানমন্ত্রীর নামটি উল্লেখ করা যাবে না। এভাবে উল্লেখ করতে হতো। উনি (শেখ হাসিনা) একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন। কিন্তু আমরা কি তার প্রতিবাদ করেছিলাম? করিনি”।

    দুঃশাসনের সময়ে প্রতিবাদ করাটাই সবচেয়ে বড় ব্যাপার ও প্রতিবাদটা সবসময়ই বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন মি. নজরুল।

    তিনি বলেন, “ এমনকি আমাদেরও যদি কোনো ভুল হয় তারও প্রতিবাদ জানাতে হবে”।

  6. ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আটজনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় একদিনে ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু।

    এছাড়া এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২২১ জন। চলতি বছরে একদিনে আক্রান্তের এ সংখ্যাও সর্বোচ্চ।

    শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।

    এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে একজনের।

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ২২৮ জন, উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন ভর্তি হয়েছে।

    এছাড়া চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    সিটি করপোরেশনের বাইরে খুলনা বিভাগে ১৩৪ জন, বরিশাল বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রাজশাহী ও রংপুর বিভাগে যথাক্রমে ৫৩ এবং ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৭৮৬ জন।

  7. পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু: সৈয়দা রিজওয়ানা হাসান

    পরিবেশের সুরক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগ বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার আহবান পুনর্ব্যক্ত করেছেন।

    তিনি বলেন, “আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে”।

    নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিজ হাসান এ কথা বলেন বলে জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    আগামী পহেলা অক্টোবর থেকে শপিং মলগুলোতে এবং পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপের উল্লেখ করে মিজ হাসান বলেন, “নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে। পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে”।

    তিনি বলেন, আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে।

  8. সমবায় ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে: স্থানীয় সরকার উপদেষ্টা

    বাংলাদেশ সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

    তিনি বলেন, “ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা কেউ কোন সময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে”।

    রোববার দুপুরে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।

    মি. আরিফ বলেন, “সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। আমি যেহেতু আইনজীবী আমি দেখছি এই কমিটিতে ঢুকার জন্য তারা হাইকোর্টে, আপিল বিভাগে যায় মামলা লড়ার জন্য”।

    ফলে সমবায় করার জন্য আগে মন-মানসিকতা পাল্টাতে হবে উল্লেখ করে মি. হাসান বলেন, “এটা একটা সার্ভিস, লাভজনক কিছু না। কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই”।

  9. এক বছরের জন্য শফিক রেহমানের সাজা স্থগিত

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

    গত ২২শে সেপ্টেম্বর উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা - ২ শাখা।

    মি. জয় শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবেও ছিলেন।

    আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে বলে প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া ওই দুইজনের সাজা স্থগিতের বিষয়ে করা আবেদন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ এর ১ ধারা অনুযায়ী এই সাজা স্থগিত করা হয়েছে।

    ২০১৫ সালে করা এ মামলায় গতবছরের ১৭ই অগাস্ট শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি বিচারিক আদালত।

  10. সাগর – রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ

    সাংবাদিক দম্পতি সাগর - রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে নিয়োগ দেয়া হয়েছে।

    মামলার বাদী নিহত রুনির ভাই নওশের রোমান দুপুরে বলেন, “এতো বছর আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল। ওই সরকার যেহেতু নেই তাই মনে করছি কিছু হতে পারে”।

    নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের জানান, এ মামলার নতুন করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে। এতোদিন এ মামলার তদন্তের ভার র‍্যাবের হাতে ন্যস্ত ছিল। এখন পর্যন্ত শতবারের বেশি সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি।

    মি. মনির বলেন, “ সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে। সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। এই দুজন ব্যক্তিকে সনাক্ত করা প্রয়োজন”।

    “যেহেতু সাগর – রুনির মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে সুতরাং সাইন্টিফিক এভিডেন্স এবং সাইন্টিফিকভাবে এটাকে ইনভেস্টিগেট করলে এ দুজন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব। এটার উপর আমরা জোর দেয়ার চেষ্টা করবো” বলেন মি. মনির।

    একইসাথে বিচারিক আদালতে আবেদন করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করা হবে বলেও জানান আইনজীবী।

    আগামী ১৩ই অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরবর্তি দিন রয়েছে।

    ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে নিজ বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার হয়। ছুরিকাঘাতে হত্যা করা হয় তাদের।

  11. খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

    ক্রিকেটার সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

    মি. ভুঁইয়া বলেন, “রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য। সেটা আমরা অবশ্যই করবো। সাকিব আল হাসানের পরিচয় দুইটা। একটা খেলোয়াড় হিসেবে একটা পরিচয়। আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে”।

    “খেলোয়াড় হিসেবে একজন খেলোয়ারকে আমাদের যতটুকু নিরাপত্তা দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা তিনি দেশে আসলে দিবো। তার নামে যে হত্যা মামলাটা হয়েছে সেটার বিষয়ে আইন মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে নামটা বাদ দেয়া হবে” বলেন মি. ভুঁইয়া।

    তবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের ক্ষোভের জায়গা দূর করা উচিত বলে মনে করেন মি. ভুঁইয়া।

    তিনি বলেন, “কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে যদি মানুষের ক্ষোভ থাকে, জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজনে রাজনৈতিক জায়গা থেকে”।

    “ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না” বলেন ক্রীড়া উপদেষ্টা।

    শেখ হাসিনার সরকার পতনের পর ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। একইসাথে দেশে ফিরলে নিরাপত্তাও চান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যক্তিগতভাবে তার নিরাপত্তা দিতে অপরাগতা প্রকাশ করে।

  12. কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া শুরু: ডিএমপি কমিশনার

    বাংলাদেশে পুলিশের যেসব সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

    মি. হাসান বলেন, “ এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয় নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে”।

    বাংলাদেশে সাংবাদিকদের একটি সংগঠন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

    শেখ হাসিনার সরকার পতনের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছে। এসব শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

    রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে জানিয়ে মি. হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেফতার হয়েছে ”।

  13. এস আলম গ্রুপ ও শেয়ার হোল্ডারদের স্থাবর সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট

    বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং এর শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

    হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।

    এস আলম গ্রুপ, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং এসব সম্পদ স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৭ই সেপ্টেম্বর রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান।

    বিবিসি বাংলাকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মি. রুকুনুজ্জামান।

    তিনি বলেন, “যে টাকা পাচার হয়েছে তা রিপ্যাট্রিয়েশন করতে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চেয়েছে আদালত। এছাড়া শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা কেন দেয়া হবে না এবং পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়েও রুল দেয়া হয়েছে”।

    চার সপ্তাহের মধ্যে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।

  14. মিয়ানমার থেকে দেশে ফিরল ৮৫জন বাংলাদেশি, ফেরত গেছে ১২৩ বিজিপি সদস্য

    মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া দেশটির বর্ডার গার্ড পুলিশ বা বিজিপিসহ দেশটির নিরাপত্তা বাহিনীর ১২৩ সদস্যকে রোববার ফেরত পাঠানো হয়েছে।

    তারা বিভিন্ন সময় টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।

    বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

    গত ফেব্রুয়ারির শুরু থেকে এ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ আশ্রয় নেয় মিয়ানমারের ৮৭৫ জন।

    যাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশের বিজিবি।

    একই সময়ে মিয়ানমার থেকে তাদের দেশের বিজিপি সদস্যদের নিতে যে জাহাজটি এসেছে, ওই জাহাজে করে দেশে ফিরেছেন ৮৫জন বাংলাদেশি।

    তাদের সবাই মিয়ানমারে অবৈধভাবে অবস্থান করে আটকের পর দেশটির কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছিলেন।

    দেশে ফিরিয়ে আনার পর এসব বাংলাদেশি নাগরিকদের কক্সবাজারের জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার সরকার।

    এর মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিন জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

    তারা কক্সবাজার এবং রাঙামাটিসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

  15. তিস্তার পানি বিদৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

    গত ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে তিস্তার।

    পানি উন্নয়ন বোর্ড বলছে, রংপুরের কাউনিয়া পয়েন্টে রোববার তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তবে তিনি বলেছেন, এখন বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার থেকে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টায় তা কমতে পারে।

    পানি উন্নয়ন বোর্ড বলছে, রংপুরের কাউনিয়ায় পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা ব্যারাজে সে অনুপাতে পানি বাড়েনি।

    কাউনিয়া পয়েন্টে নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

    তবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

  16. ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি।

    শনিবার মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।

    এর আগে, গত সাতই জুলাই সাবেক যুবদল নেতা সাইফুল আলম নিরবকে আহবায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সবশেষ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কমিটি বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

  17. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক ইউনূস

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের খবরে বলা হয়েছে, চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে রোববার ভোরে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা।

    প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এর আগে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভায় যোগ দিতে গিয়ে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

    এছাড়া তিনি সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন এ সময়ে।

  18. আত্মসমর্পণের পর আমার দেশের মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

    আত্মসমর্পণের পর আমার দেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

    এর আগে সকালে তিনি আত্মসমর্পণ করতে নিম্ন আদালতে যান দৈনিক 'আমার দেশ' পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাত বছর দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।

    এর আগে পলাতক দেখিয়ে মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয় বিচারিক আদালত।

    দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর শুক্রবার দেশে ফেরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত এই সম্পাদক।

    এদিকে মি. রহমানের আত্মসমর্পণকে ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    আদালতের প্রধান গেটের বাইরে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

    আদালত এলাকায় প্রবেশ করতে প্রত্যেকের পরিচয় নিশ্চিত হচ্ছেন তারা।

    এছাড়া আদালত ভবনের বাইরেও সর্তকতায় রয়েছেন সেনা ও পুলিশ সদস্যরা।

  19. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশে এবং বিশ্বে ঘটা দিনের উল্লেখযোগ্য সব খবর পেতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন।