আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাবর্ষণ, পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ব্ল্যাকআউট

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাগুলি শুরু হয়েছে বলে শ্রীনগর থেকে জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা। পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফ্ফরাবাদেও ব্ল্যাক আউট করে দেওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, ভারতে ইউটিউব প্ল্যাটফর্মে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব। দিনের উল্লেখযোগ্য খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • ভারতের অভিযোগ, বৃহস্পতিবার ভারত-শাসিত কাশ্মীর, জম্মু ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এই দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ।
  • বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে।
  • শুক্রবার সকালেও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
  • পাকিস্তান এর আগে দাবি করেছিল তারা ২৫টি ভারতীয় ড্রোন ও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত এ বিষয়ে কোনো তথ্য দেয়নি, তবে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে।
  • যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্যরা উভয় পক্ষকে উত্তেজনা কমানোর জন্য অনুরোধ করছে।

সরাসরি কভারেজ

  1. পাকিস্তানের ঋণ সহায়তা পর্যালোচনা করবে আইএমএফ

    পাকিস্তানকে ৭০০ কোটি ডলার ঋণ সহায়তার পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি আজ শুক্রবার বিবেচনার করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

    এদিকে পাকিস্তানকে আরো ঋণ না দেওয়ার বিষয়ে ভারত চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

    ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমেই বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আইএমএফ-এর এই বৈঠক অনুষ্ঠিত হবে।

    এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার বলেছেন, ভারত আইএমএফ কাছে নিজেদের মতামত তুলে ধরবে।

    তিনি যোগ করেন, আইএমএফ বোর্ডের উচিত "গভীরভাবে চিন্তা করা" এবং গত তিন দশক ধরে পাকিস্তানকে দেওয়া এই ঋণ সহায়তা কতটা সফল হয়েছে তা বিবেচনা করা।

    আর্থিক সংকটে থাকা পাকিস্তানের জন্য এই তহবিল খুবই জরুরি, কারণ দেশটি দীর্ঘ সময় ধরে উচ্চ মুদ্রাস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির কষাঘাত সামলে কষ্ট করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

    এই দুই প্রতিবেশী দেশের চলমান উত্তেজনার মধ্যে, বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    বিশ্ব ব্যাংক জানিয়ে দিয়েছে যে তারা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে দুই দেশের মধ্যে হস্তক্ষেপ করবে না।

    সিন্ধু নদীর পানি কীভাবে ভাগ হবে তা এই চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।

    অজয় বাঙ্গা ভারতের সিএনবিসি টিভি১৮ চ্যানেলকে বলেন, "চুক্তি স্থগিত করার কোনো ধারা নেই। এটা হয় বাতিল করতে হবে, নয়তো নতুন চুক্তি করতে হবে।"

    তিনি বলেন, চুক্তিতে বিশ্ব ব্যাংকের ভূমিকা শুধুই একটি মধ্যস্থতাকারীর।

  2. ছয় জন নিহত ও ২৯ জন আহতের খবর জানিয়েছে পাকিস্তান-শাসিত কাশ্মীর

    পাকিস্তান-শাসিত কাশ্মীরের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় ভারতীয় গুলিবর্ষণের ফলে কমপক্ষে ছয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারীও রয়েছে।

    শুক্রবার সকালে পাকিস্তান-শাসিত কাশ্মীর সরকার ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রতিবেদনে প্রকাশ করে। এতে বলা হয়েছে যে গোলাবর্ষণের ফলে দুটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

    প্রতিবেদন অনুসারে, নিহত ছয়জনের মধ্যে দুইজন নারী রয়েছেন। আহত ২৯ জনের মধ্যে নয়জন নারী এবং তিনজন শিশু রয়েছে।

    এই প্রতিবেদন অনুসারে, বুধবার ভারত-পাকিস্তান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় পাকিস্তান-শাসিত কাশ্মীরে মোট ১৭ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

    এছাড়াও, ১৩৯টি আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

  3. ভারত 'সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ' করছে, দাবি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতের

    পাকিস্তানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ” বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

    তিনি পাকিস্তানকে “আসল উত্তেজনা বৃদ্ধিকারী” হিসেবে উল্লেখ করে ভারতের অবস্থান পূণর্ব্যাক্ত করেন। তিনি বলেন, দিল্লি কেবল ইসলামাবাদের পদক্ষেপের জবাব দিচ্ছে।

    গত ২২শে এপ্রিল পর্যটকদের ওপর হামলার জন্য “পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের” দায়ী করেছে ভারত, যেখানে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিল- যে ঘটনায় কোনো যোগসূত্র অস্বীকার করেছে ইসলামাবাদ।

    ভারত পাকিস্তানের সঙ্গে 'যুদ্ধে' লিপ্ত কিনা–– উপস্থাপকের এমন প্রশ্নে কোনো স্পষ্ট জবাব না দিলেও “ভারত সন্ত্রাসীদের সাথে যুদ্ধে লিপ্ত” বলে মন্তব্য করেন কোয়াত্রা।

    উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে, এমন প্রেক্ষাপটে বর্তমান উত্তেজনা পারমাণবিক যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে পারে কিনা–– এমন প্রশ্নের জবাবে মি. কোয়াত্রা জবাব দেন, “এটা আপনার পাকিস্তানের কাছে জানতে চাওয়া উচিত”।

    যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শিগগিরই সিএনএনের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হবেন বলেও জানানো হয়েছে।

  4. আজ যা যা হতে পারে

    • ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করবেন।
    • সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ভারত সফরের পর আজ ইসলামাবাদে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
    • গত রাতে এলাকায় বিস্ফোরণের শব্দ এবং সাইরেন শোনা যাওয়ার পর ভারত-শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দক্ষিণাঞ্চলীয় শহর জম্মু সফর করছেন।
  5. পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ

    বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার এড়ানোর পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে এই তথ্য জানিয়েছেন।

    খাজা আসিফ সতর্কতা উচ্চারণ করে বলেন, বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো "ক্ষেপণাস্ত্র বা আকাশে ছোড়া গুলি" দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর ফলে "বেসামরিক নাগরিকদের প্রাণহানি" হতে পারে।

    ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা কয়েক দিনের জন্য পাকিস্তানের আকাশসীমায় তাদের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

    এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে তারা ১০ মে পর্যন্ত পাকিস্তানে বিমান চলাচল স্থগিত করছে।

    এদিকে, লুফথানসা এয়ারলাইন্স এই সপ্তাহের শুরুতে বিবিসিকে জানিয়েছে যে তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত রাখছে।

  6. ভারত-পাকিস্তান উত্তেজনা: সারা রাত কেমন ছিল জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি, রিয়াজ মাসরুর, বিবিসি উর্দু

    ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, জম্মু ও কাশ্মীরের উধমপুর, কাশ্মীরের বেশ কয়েকটি এলাকা এবং পাঞ্জাবের পাঠানকোটে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান, যা পরে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ভারতের এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান ।

    বৃহস্পতিবার রাতে ভারতের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেছেন, পাকিস্তান রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ১৬টি ভারতীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে। যা ভারত তাদের আধুনিক সরঞ্জামের সাহায্যে নিষ্ক্রিয় করে।

    পুঞ্চের পুলিশ কর্মকর্তা নাভিদ আহমেদ বিবিসিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখার খুব কাছে পুঞ্চ এলাকায় গত রাতেও ভারী গোলাবর্ষণ অব্যাহত ছিল, যাতে একজন নিহত এবং এক নারী আহত হয়েছেন। আহতকে মান্ডি জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বারামুল্লা, কুপওয়ারা এবং ব্যান্ডিপোরার মতো এলাকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। কুপওয়ারার কিছু সেক্টরে গোলাগুলির কারণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    উরির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন, গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন।

    এমন পরিস্থিতিতে, ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে, যার কারণে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

    পুঞ্চে সারা রাত ধরে গোলাগুলি চালানোর পর, শুক্রবার সকালেও ভারী গোলাবর্ষণ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    জম্মু ও কাশ্মীরের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

  7. হজযাত্রীর ভিসা বাতিলের সুযোগ

    কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ কথা জানানো হয়।

    বাংলাদেশ সংবাদ সংস্থা ধর্ম মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, “সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সনের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।”

    তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ যে ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ নেয়া হয়েছে সেটা কেটে রাখা হবে।

    বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার কথা চিঠিতে উল্লেখ করা হয়।

  8. ভারত-পাকিস্তান উত্তেজনা: এখন পর্যন্ত যা হলো

    • ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, ৮ ও ৯ই মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে। ভারতের অভিযোগ, বৃহস্পতিবার ভারত-শাসিত কাশ্মীরের জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এই দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ। ভারত-শাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
    • বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে, যার ফলে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং মানুষ আতঙ্কিত ছিল।
    • শুক্রবার সকালেও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
    • জম্মু ও কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে।
    • পাকিস্তান এর আগে দাবি করেছিল যে, তারা ২৫টি ভারতীয় ড্রোন ও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত এ বিষয়ে কোনো তথ্য দেয়নি, তবে তারা দাবি করেছে- পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
    • গত ২২শে এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে ভারত। এর ঠিক ১৫ দিন পর বুধবার মাঝরাতের কিছু পরে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ভারত। তাদের এই ক্ষেপণাস্ত্র হামলার নাম দেয়া হয় ‘অপারেশন সিন্দুর’।
  9. পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫, নাসির চৌধুরী, বিবিসি সংবাদদাতা, মুজাফফরাবাদ

    পাকিস্তান-শাসিত কাশ্মীরে গোলাবর্ষণ ও গুলিবর্ষণে পাঁচজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ দিনের একটি শিশুকন্যা এবং নববিবাহিত এক যুবক রয়েছে।

    পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে।

    তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৪টা পর্যন্ত পাকিস্তান-শাসিত কাশ্মীরে, চাকোথি, লিপা, নিলুম জোরা, কেল, নাকিয়াল, ভিম্বার সামানি এবং হাভেলি হাজি পীরের সেক্টরে হামলা চলতে থাকে।

    পুলিশের মতে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোটলি জেলার খোই রাত্তা সেক্টরে, যেখানে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

    আহতদের তাৎক্ষণিকভাবে কোটলির জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে গোলার আঘাতে ভাই বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

  10. রাতভর নাটকীয়তা, ভোরে গ্রেফতার, সকালে আদালতে তোলা হলো আইভীকে

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর আদালতে তুলে কারাগারে পাঠানো হয়েছে।

    শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে তোলা হয় বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

    এর আগে ভোর সাড়ে ৫টার দিকে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মিস আইভীকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার দেওভোগের বাড়িতে যান। তবে তখন তাকে গ্রেফতার করা যায়নি।

    কেননা রাতে তার বাড়ি পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও তার কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আশপাশের মসজিদে মাইকিং করা হলে শত শত মানুষ তার বাসভবনের সামনে জড়ো হয়।

    এ সময় আইভীর কর্মী সমর্থকরা সড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

    এমন অবস্থায় রাতে পুলিশ বাড়তি ফোর্স মোতায়েন করলেও কর্মী-সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেননি। ।

    পরে ভোরে মিস আইভী নিজেই নিচে নেমে আসেন এবং পুলিশের গাড়িতে ওঠেন। এসময় তিনি সাংবাদিকদের সামনে বলেন, "পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি।"

    তবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, "সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে।এরমধ্যে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে"।

    ফৌজদারি মামলায় কোনো ওয়ারেন্ট দেখাতে হয় না বলেও তিনি জানান।

    নাসিকের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করা হলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।

  11. জুমার পর 'বড় জমায়েতের' ডাক হাসনাতের

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির চলমান অবস্থান কর্মসূচিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

    প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে ফোয়ারার সামনে এই জমায়েতের ডাক দেয়া হয়েছে। সেখানে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নেয়া হয়েছে।

    দল মত নির্বিশেষে সবাইকে সেখানে অংশ নেওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা।

    হাসনাত আবদুল্লাহ বলেন, "ড. মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।"

    আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে অবস্থান নিয়েছেন এনসিপির বেশকিছু নেতাকর্মী।

    রাতেই সেখানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতারা। সেই বিক্ষোভ সমাবেশ এখনো চলছে।

    এদিকে এ আন্দোলনকে ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

  12. পাকিস্তান সুপার লিগ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত পিসিবি'র

    পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে দেশটিতে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো এখন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

    এই ম্যাচগুলোর সময়সূচি, স্টেডিয়াম ও তারিখ পরে ঘোষণা করা হবে।

    এর আগে, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয়েছিল। পিসিবি জানিয়েছে যে সব অংশীজনের সঙ্গে পরামর্শ করার পর পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের মধ্যে আজকের ম্যাচটি পুনঃনির্ধারণ করা হয়েছে।

    উল্লেখ্য, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ার কারণে এর আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে।

    এর আগে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করে, ভারত থেকে আসা একটি ড্রোন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ফুড স্ট্রিটে বিধ্বস্ত হয়।

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একইসাথে পিসিবি’র চেয়ারম্যান মহসিন নাকভি, এক বিবৃতিতে বলেছেন যে পিসিবি সবসময় বলে এসেছে যে রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখা উচিত।

    তার মতে, “রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামকে লক্ষ্য করে ভারতের ড্রোন নিক্ষেপ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক পদক্ষেপ ছিল যা স্পষ্টভাবে চলমান পিএসএলকে ক্ষতিগ্রস্ত করার জন্য করা হয়েছে। দেশি-বিদেশি ক্রিকেটার, যারা আমাদের সম্মানিত অতিথি, তাদের ভারতের সম্ভাব্য অযৌক্তিক হামলা থেকে রক্ষা করার জন্য পিসিবি বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

    তিনি আরো বলেন, "একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, যারা বারবার সংকট মোকাবিলা করেছে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়েছে, আমরা পিএসএল-এ অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিয়েছি।"

    মোহসিন নাকভি আশা প্রকাশ করেন, আগের মতো এবারও সব অংশীজনরা টুর্নামেন্ট, খেলোয়াড় ও দর্শকদের সর্বোত্তম স্বার্থে একসঙ্গে কাজ করবেন এবং লিগ যাতে আরও সমৃদ্ধ হয় তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

    উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের ধর্মশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচ মাঝ পথেই বাতিল করা হয়।

    পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার খেলাটি মাত্র ১০ ওভার পরেই বাতিল ঘোষণা করা হয়।

    ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে "বড় ধরনের কারিগরি ত্রুটির" কারণে ম্যাচটি বাতিল করতে হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে যে "ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্টেডিয়ামের একটি লাইট টাওয়ার নষ্ট হয়ে যায়।

    এই খবরটি এমন এক সময়ে এসেছে যখন ভারত-শাসিত কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

  13. পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

    ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই।

    "আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে," আমেরিকান টিভি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ “ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে।"

    "ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। পাকিস্তান-ভারতযুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। যদি তা হয়, তাহলে অনেক ক্ষতি হবে," বলেন জেডি ভ্যান্স।

    “যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না। আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে বলতে পারি না।”

    তিনি বলেন, পাকিস্তান-ভারত সংঘাত শিগগিরই সমাধান করা উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত নিয়ে উদ্বিগ্ন।

    "কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান-ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না।"

    উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছেন।

    মি. শরীফের কার্যালয়ের তথ্যমতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কো রুবিও উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টিমি ব্রুস সাংবাদিকদের জানান, মি. জয়শঙ্করের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও এই অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করেছেন।

    সম্পর্ক ভালো করার জন্য অব্যাহত প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন তিনি।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে