আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিকে, ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত র‍্যাব, ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দ্বারা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে কমিশন অব ইনকোয়ারিতে আজ থেকে অভিযোগ গ্রহণ শুরু হয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে।

সরাসরি কভারেজ

  1. সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

    সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

    গ্রেফতারের পর তাকে গোয়েন্দা পুলিশ বা ডিবি হেফাজতে রাখা হয়েছে।

    রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

    গত পাঁচই অগাস্ট গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে ‘আত্মগোপনে’ থাকা মি. হোসেনকে শনিবার রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।

    পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

    গত ২২শে অগাস্ট ঢাকার আদাবর থানায় মামলাটি করা হয়েছিল। সে কারণে শনিবার রাতেই মি. হোসনকে আদাবর থানায় হস্তান্তর করে র‍্যাব।

    যে মামলায় মি. হোসেনকে গ্রেফতার করা হয়েছে, ওই একই মামলায় আসামি তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং ক্রিকেটার সাকিব আল হাসান।

    শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

    এ নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এখানে...

  2. যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায়, আজ থেকে বৈঠক শুরু

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আজ ঢাকায় বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    প্রতিনিধিদলের সদস্যরা শনিবার ঢাকায় পৌঁছেছেন। ভারত সফর শেষে মি. লু বাংলাদেশে এসেছেন।

    প্রতিনিধি দলে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি, ইউএসএআইডি, এবং অফিস অব দ্য ট্রেড রিপ্রেজেন্টেটিভ সদস্যরা রয়েছেন।

    সফরের প্রথমদিনে ঢাকায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দল।

    রোববার অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগে সকালে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

    আলোচনায় দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, অর্থনীতি ও অংশীদারিত্বের বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পর দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এটাই প্রথম আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।

    এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডোনাল্ড লু সেপ্টেম্বরের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত ভারত এবং বাংলাদেশে সফর করবেন।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে, সফরে সে নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে।

  3. গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ আজ থেকে শুরু

    বাংলাদেশে ২০১০ সালের পহেলা জানুয়ারি হতে চলতি বছরের পাঁচই অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনা তদন্তে সরকার গঠিত কমিশন অফ ইনকোয়ারি রোববার থেকে গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু করেছে।

    আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ দাখিল করা যাবে।

    এই ১৫ দিনে প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযোগ দায়ের করা যাবে বলে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    নির্ধারিত সময়ের মধ্যে ভিকটিম পরিবারের সদস্যরা সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে, কিংবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে লিখিতভাবে গুমের অভিযোগের তথ্য জানাতে পারবেন।

    এ সময়ে অভিযোগ দাখিলের জন্য হটলাইনের মাধ্যমে আগেই অ্যাপয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ জানিয়েছে কমিশন।

    কমিশনের কার্যালয়ের ঠিকানা - ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা। এছাড়া ই-মেইল যোগাযোগ করা যাবে এই ঠিকানায় - edcommission.bd@gmail.com।

    একইসাথে হটলাইনেও যোগাযোগের নম্বর দেয়া হয়েছে - ০১৭০১৬৬২১২০ এবং ০২–৫৮৮১২১২১।

    এর আগে বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে তদন্ত কমিশন।