রোববার সারাদিন যা যা ঘটেছে:
- জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দল-ই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- বাংলাদেশে এবছর দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনার মাধ্যমে "ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা" দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির "পাঁয়তারা" করেছিল বলে মন্তব্য করেছেন মি. চৌধুরী।
- ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কমপক্ষে ১০৪২ জন, চলতি বছর যা একদিনে সর্বোচ্চ বলে জানা যাচ্ছে।
- জ্বর হলেই হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লে দেরি না করে জরুরিভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করা হয়েছে।
- প্রবল বর্ষণে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুখিয়া সাতজন, বিজনবাড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- বাংলাদেশ ও ভারতের বেশকিছু জেলায় ভারি বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
- আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। নির্বাচনটিতে দেশটির "সব দল" অংশ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
- আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেয়নি আদালত। ফলে সোমবার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।
- এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার।
- কোরান অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামে থাকা ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে, তার মালিকানাধীন আরও আটটি কোম্পানির যন্ত্রাপাতি জব্দের আদেশও দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো।
সোমবার দিনের নতুন খবর নিয়ে পুনরায় লাইভপাতা চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।