ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা বাতিল

পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। রবিবার দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে, ইরানের একাধিক শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে, ইসরায়েলকে সাহায্য না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান।

সরাসরি কভারেজ

  1. ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি বাহিনীর

    শুক্রবার রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শুক্রবার রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

    টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী।

    তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সবরকম হুমকি নির্মূল করা।

    এর আগে গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায়।

    ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

  2. আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্তকারী দল ভারতে

    আহমেদাবাদে বিধ্বস্ত বিমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আহমেদাবাদে বিধ্বস্ত বিমান

    লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ তদন্তকারী দল। যদিও ভারত ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছিল।

    বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু শুক্রবারই জানিয়েছিলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দিয়েছে।

    পাশাপাশি বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে সরকার।

    এই কমিটি বিমান নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে রোধ করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখবে।

    অন্যদিকে, বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তার জন্য ব্রিটিশ তদন্তকারী দলও আহমেদাবাদে পৌঁছেছে।

    এছাড়া যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একটি দলও ভারতে পৌঁছেছে।

    বিমান দুর্ঘটনার তদন্তে ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করার কথাও জানিয়েছে তারা।

  3. ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত দুই: এমডিএ

    ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত দুইজন নিহত হয়েছে।

    খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

    এই সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের সমুদ্র উপকূলবর্তী সমতল এলাকায় অন্তত ২১ জন আহত হয়েছেন।

    আহতদের মাঝে একজন ছিলেন ৬০ বছর বয়সী একজন নারী, যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

    তবে, তখন তার শরীরে কোনও প্রাণচিহ্ন পাওয়া যায়নি।

    এছাড়া ৪৫ বছর বয়সী এক পুরুষকেও উদ্ধার করা হয়, পরে যাকে মৃত ঘোষণা করা হয়, জানিয়েছে এমডিএ।

  4. তেল আবিবে ইরানের পাল্টা হামলার পর সকালের কিছু ছবি

    ইসরায়েলের তেল আবিবে ইরান গত রাতে পাল্টা হামলা চালানোর পর সকাল হয়েছে ইসরায়েলে।

    সূর্য ওঠার পর রাতভর চলা ধ্বংসযজ্ঞের বিভিন্ন ছবি বিবিসির হাতে আসছে।

    এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে, এগুলো তেল আবিবের দক্ষিণের রিশন লে জিয়ন শহরের।

    ইসরায়েলের উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ ঘুরে দেখছেন।

    ছবির উৎস, ABIR SULTAN/EPA-EFE/Shutterstock

    ছবির ক্যাপশান, এই স্থানের কিছু আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিলো। ভোরের আলো ফোটার পর ইসরায়েলের উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ ঘুরে দেখছেন।
    দুমড়ে-মুচড়ে যাওয়া একটি গাড়ি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দুমড়ে-মুচড়ে যাওয়া একটি গাড়ি
    ধ্বংসস্তূপে ইসরায়েলের উদ্ধার কর্মীরা

    ছবির উৎস, REUTERS/Ronen Zvulun

    ছবির ক্যাপশান, ধ্বংসস্তূপে ইসরায়েলের উদ্ধার কর্মীরা
    ছবিতে দেখা যাচ্ছে, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

    ছবির উৎস, ABIR SULTAN/EPA-EFE/Shutterstock

    ছবির ক্যাপশান, ছবিতে দেখা যাচ্ছে, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
  5. ইসরায়েলের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র'র ছবি

    শুক্রবার ইরানের পারমানবিক এবং সামরিক স্থাপনার ওপর ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

    যদিও, ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করছে।

    পাশাপাশি তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে।

    ইরান ইসরায়েলে হামলা চালানোর পর জেরুজালেমের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। তারই কিছু ছবি এখানে সংযুক্ত করা হলো:

    জেরুজালেমের আকাশে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জেরুজালেমের আকাশে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র
    জেরুজালেমের আকাশে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জেরুজালেমের আকাশে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র
    ইরানের ছোঁড়া কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম 'আয়রন ডোম'

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের ছোঁড়া কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম 'আয়রন ডোম'
  6. ইসরায়েলে হামলার পর তেহরানে আনন্দ উল্লাস

    নারী-পুরুষ নির্বিশেষে সকলে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে এসেছে।

    ছবির উৎস, Abedin Taherkenareh/EPA

    ইসরায়েলের বিরুদ্ধে ইরান ক্ষেপণাস্ত্র হামল চালানোর পর তেহরানজুড়ে ইরানের জনতা উল্লাস করেছে।

    হামলার পর দেখা গেছে যে নারী-পুরুষ নির্বিশেষে বিপুল মানুষ দেশটির জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে আসেন।

    এ মিছিলে অনেক নারীকেও দেখা গেছে পতাকা হাতে সড়কে আনন্দ মিছিলে যোগ দিতে।

    নারী-পুরুষ নির্বিশেষে সকলে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে এসেছে।

    ছবির উৎস, Abedin Taherkenareh/EPA

    কেউ কেউ বাইকে করে শোডাউন দিয়েছে

    ছবির উৎস, Abedin Taherkenareh/EPA

  7. ইরানের ছোঁড়া মিসাইল শ্রাপনেলে পাঁচ ফিলিস্তিনি আহত

    তেল আবিবের আকাশের দৃশ্য

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের শহর তেল আবিবের আকাশের দৃশ্য

    ইসরায়েলের দিকে ইরানের ছোঁড়া মিসাইল শ্রাপনেলে পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মাঝে তিনজনই শিশু, এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা।

    শ্রাপনেল মানে হলো, মিসাইল বা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর তার বিভিন্ন খণ্ড-বিখণ্ড ধাতব টুকরা।

    ওয়াফা জানিয়েছে, দক্ষিণ পশ্চিম তীরের হেবরনের কাছে সাইর শহরের কাছে তারা আহত হয়েছে।

    আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    তাদের বয়স যথাক্রমে ছয়, সাত ও ১২ বছর।

  8. ইসরায়েলের অনেক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

    ছবির উৎস, @Mdais via X

    ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানিয়েছে।

    এক্সে দেওয়া পোস্টে তারা লিখেছে, "ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর-ই বিভিন্ন অঞ্চলের ওয়ার্নিং সিস্টেম চালু করা হয়েছে।"

    সেখানে আরও বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী হামলার উৎস শনাক্ত করছে এবং প্রয়োজন অনুযায়ী উৎসকে লক্ষ্য করে প্রতিরোধমূলক অভিযানে নামছে।

    তবে, ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম তথা প্রতিরক্ষা ব্যবস্থা 'শতভাগ দুর্ভেদ্য না' উল্লেখ করে দেশটির সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, তারা যেন সমস্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলে।

    ইসরায়েলের ইংরেজি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্ট করছেন মরিয়ম সুলতানা।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে