ইফতার অনুষ্ঠানকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষাপটে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গাজায় নতুন করে ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে

    • ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত ও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ১৪৪ ধারা জারি।
    • প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
    • এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিচ্ছে সরকার।
    • গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
    • আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় নয় মাস কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
    • বহুল আলোচিত ২১শে অগাস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
    • ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • পুলিশের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চার বছর আগে এ ধর্ষণের ঘটনা ঘটে।
    • সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সব খবর পেতে চোখ রাখুন লাইভ পেইজে

  2. নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

    ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষাপটে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত ও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

    নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীনা সাত্তার বিবিসি বাংলাকে বলেন, "বিকেলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়ার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে রাত দশটা নাগাদ ১৪৪ ধারা তুলে দেওয়া হতে পারে।"

    বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

    বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা জানান, বিকাল পাঁচটা থেকেই বিএনপির দুই পক্ষের মধ্যে শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠের একই স্থানে ইফতার আয়োজনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

    ‌উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সাত্তার জানান, ওই স্থানে গতকালই ইফতার অনুষ্ঠান আয়োজন করতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমতি নিয়েছিল। কিন্তু পরে রাতে পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই স্থানে ইফতার মাহফিল আয়োজনের অনুমতি চাইলে তারা পায়নি।

    এ ঘটনাকে কেন্দ্র করে বিকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একপর্যায়ে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    সংঘর্ষ

    ছবির উৎস, BBC/ COLLECTED

    ছবির ক্যাপশান, নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে ঘিরে বিএনপির দুই পক্ষে ধাওয়া- পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি
  3. বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ

    বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

    এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

    প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে।

    দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আগামী ২৩শে মার্চ দুপুর বারটায় সংস্কৃতি উপদেষ্টার কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে ফেসবুকের ওই পোস্টে।

  4. ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিবাদী শক্তি পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে: তারেক

    ইফতার

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিবাদী শক্তি পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে

    ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে মি. রহমান বলেছেন, এতে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ।

    রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

    মি. রহমান আরো বলেন, "দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী অপশক্তি প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোন মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত"।

    একটি সুষ্ঠু নির্বাচন না করার জন্যই মাফিয়া সরকারের পতন হয়েছে উল্লেখ করে মি. রহমান বলেন, সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করার অবকাশ নেই।"

    মি. রহমান বলেন, "প্রতিটি জাতীয় নির্বাচনে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পায়। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠিত হওয়ার সুযোগ তৈরি হয়"।

  5. গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় উদ্বেগ ও নিন্দা বাংলাদেশের

    গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল

    গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

    এতে বলা হয়েছে, গাজায় এই হামলায় শিশু ও নারীসহ ব্যাপক সংখ্যক নিরীহ মানুষ নিহত হয়েছে। এই অঞ্চলে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

    সহিংসতার এই নতুন মাত্রা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির অবহেলা।

    ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহতভাবে নির্বিচারে বিমান হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিমান হামলা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অরক্ষিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ধ্বংসাত্মক পরিণতি ডেকে এনেছে।

    ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সরকার।

    শত্রুতা বন্ধ করা, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং অবরুদ্ধ গাজার জনগণকে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

    ফিলিস্তিনের জনগণের স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থণ রয়েছে বলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় সংলাপ শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সরকার।

    ফিলিস্তিনি জনগণের ওপর চলমান সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটাতে কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।

    ফিলিস্তিন প্রশ্নে একটি টেকসই সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

  6. ভারতে হিন্দু-মুসলমান ‘দাঙ্গার’ জন্য বিজেপি সরকারই দায়ী: জামায়াত

    মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে হিন্দু-মুসলমান সহিংসতার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৯ মার্চ এ বিষয়ে এক বিবৃতি দেন।

    এতেবলা হয়, “ভারতের মুঘল সম্রাটগণের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আওরঙ্গজেব। তার কবর সরানোর দাবিকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ও তার পার্শ্ববর্তী এলাকায় হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পরার কারণে সেখানে কারফিউ জারির মতো ঘটনা অত্যন্ত অন্যায়, অমানবিক ও দুঃখজনক।”

    জামায়াতঅভিযোগ করে, “বিজেপির মদদপুষ্ট বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলসহ সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর উসকানির কারণেই ভারতের বিভিন্ন এলাকায় বার বার সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এ জন্য বিজেপি সরকারই দায়ী।”

    “বিজেপি সরকার ভারতে বসবাসকারী ২০ কোটির অধিক মুসলমানকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত” উল্লেখ করে জামায়াত বলেছে, ভারত সরকারের মুসলমান নিধনের ষড়যন্ত্র বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য হয়ে পড়েছে।

    আরও পড়তে পারেন:

  7. যুক্তরাষ্ট্রে নয়টি ফ্ল্যাট ও বাড়ি কেনার অভিযোগে আবদুস সোবহান মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

    আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুস সোবহান মিয়ার (গোলাপ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নয়টি ফ্ল্যাট ও বাড়ি কেনাসহ ৬৮ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তিনি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

    আজ বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

    রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

    আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

    গতশে ২৫শে অগাস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ।

  8. পুলিশের ঝুঁকি ভাতা ও যানবাহন সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার নির্দেশ

    প্রধান উপদেষ্টার বৈঠক

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, পুলিশের কল্যাণে বেশ কিছু নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস

    পুলিশের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে বলেছেন তিনি।

    আজ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন।

    এর আগে গত ১৭ই মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি সভা হয়। সেদিন কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান।

    এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে সেটি আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা।

    তৃণমূল পর্যায়ের পুলিশ সদস্যদের কল্যাণে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং (সীমারেখা) তুলে দেয়ার বিষয়টি দ্রুত বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

    এছাড়া নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে শেষ হয়েছে সেগুলোতে অর্থ ছাড় করা ও ভাড়া ভবনে থাকা ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য দ্রুত অর্থ ছাড় করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

    একইসাথে পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করতে বলেছেন তিনি।

    কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফর্ম্যানস অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে ও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  9. সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের মৃত্যুদণ্ড

    রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চার বছর আগে এ ধর্ষণের ঘটনা ঘটে।

    আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল - ৩ এ রায় দিয়েছে।

    রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

    মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২১শে মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে তারা বাসায় ফিরলে তাদের দেখে কাঁদতে শুরু করে শিশুটি।

    সে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল তখন তার শিক্ষক সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে।

    পরে ওই শিশুর বাবা বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন।

    এ মামলায় ২০২২ সালের ২০শে জানুয়ারি আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আজ মামলার রায় ঘোষণা করা হলো।

  10. প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

    সৌজন্য সাক্ষাৎ

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বুধবার সকালে তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন।

    এ সময় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি।

    পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা।

    দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

  11. ১৫ই এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

    মাছ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ১৫ই এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকবে

    আগামী ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতি বছর এই ৫৮ দিন মাছ ধরা বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার।

    বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    মাছের বংশবিস্তার ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোয় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হতো।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপ-বিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হইতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌ-যান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করিল।’

  12. খিলক্ষেতে 'গণপিটুনির' ঘটনায় দুই মামলা, তিনজন গ্রেফতার

    গণপিটুনি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গণপিটুনি, প্রতীকী ছবি

    ঢাকার খিলক্ষেতে গতকাল মধ্যরাতে ধর্ষণের অভিযোগে যে গণপিটুনির ঘটনা ঘটেছে, তাতে এখন পর্যন্ত দুইটি মামলা হয়েছে এবং পৃথক এই দুই মামলায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজ বুধবার দুপুরে বিবিসি বাংলাকে এই তথ্য জানান।

    এর আগে, দুপুরে খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা হয়। তিনি গতকাল রাতের ঘটনা সম্পর্কে জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক কিশোরকে মারপিট করছিলেন স্থানীয় ব্যক্তিরা।

    খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে আসছিলো পুলিশ। কিন্তু থানায় নেওয়ার পথে স্থানীয় অনেক মানুষ একত্রিত হয়ে ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে ফের মারধর করে। সেইসাথে, তারা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙে। এই ঘটনায় অভিযুক্তের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও আহত হন।

    এই পুরো ঘটনায় অভিযুক্ত কিশোর গুরুতর আহত হলে তাকে রাতেই, আনুমানিক একটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ার আজ বুধবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    তার বিরুদ্ধে অভিযোগ, সে ছয় বছরের একটি মেয়ে শিশুকে ধর্ষণ করেছে। শিশুটিকেও প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    খিলক্ষেত ওসি কামাল হোসেন জানান, গতকালকের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে বাদী হয়ে একটি মামলা করেছে মেয়ে শিশুটির বাবা। আর অভিযুক্তকে থানায় নিয়ে আসার সময় পুলিশের গায়ে হাত তোলার কারণে পুলিশও বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে।

    "অভিযুক্ত আমাদের সাথে ছিল, সে ধর্ষণ মামলার আসামি। বাকি দুইজন পুলিশের গায়ে আঘাতের আসামি" জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় সাত জন পুলিশ সদস্য আহত হয়েছে।

    আরও পড়তে পারেন...

  13. অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

    লুৎফুজ্জামান বাবর, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লুৎফুজ্জামান বাবর, ফাইল ছবি

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন।

    আদালতে মি. বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। এই মামলায় ২০০৭ সালের ২৭শে মে আটক হন তিনি।

    সাত দিন পর গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয় এবং তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

    ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল লাইসেন্সবিহীন রিভলবার পাওয়ার অভিযোগে বাবরকে ১৭ বছরের সাজা দেয়। বিচারিক আদালতের এই সাজা অবৈধ ছিলো বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে।

    আদালতে মি. বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথবাহিনী উনাকে গ্রেফতারের সাত দিন পর উদ্দেশ্যমূলভাবে এই মামলা দায়ের করে।

    আরও পড়তে পারেন...

  14. নয় মাস মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী

    নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস

    ছবির উৎস, NASA

    ছবির ক্যাপশান, নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় নয় মাস কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।

    গত জুনে আট দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন তারা। তবে যে মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সেটায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় তাদের সেখানে এতদিন থাকতে হলো।

    প্রায় ১৭ ঘণ্টার সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তাদের নিয়ে ভূপৃষ্টে অবতরণ করে স্পেস এক্সের ক্যাপসুল। ফ্লোরিডার উপকূলে নেমে আসে এটি।

    নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ জানিয়েছেন, ক্যাপসুলের আরোহীরা সবাই ভালো আছেন।

  15. ২১শে অগাস্ট গ্রেনেড হামলার সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

    হাইকোর্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাইকোর্ট

    বহুল আলোচিত ২১শে অগাস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

    আজ বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

    এর আগে, গত পহেলা ডিসেম্বর বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই মামলায় সাজাপ্রাপ্ত সকল আসামিকে খালাসের রায় দেয়।

    ২০০৪ সালের ২১শে অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলাটি হয়। এতে দলটির নেতাকর্মীসহ ২৪ জন নিহত হন।

    আহত হন শেখ হাসিনাসহ কয়েকশো নেতাকর্মী। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত মামলা দু'টির রায় দেয়।

    রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেয় আদালত।

    মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ২০১৮ সালে এটি হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।

    অন্যদিকে, কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই মামলায় আলাদা জেল আপিল ও নিয়মিত আপিল করেন।

    একুশে অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে বিবিসিতে আরো পড়তে পারেন:

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছিল এ মামলায়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছিল এ মামলায়, ফাইল ছবি
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে