শনিবার থেকে দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা, সাকিবকে নিরাপত্তা দেয়ার কথা জানালেন উপদেষ্টা

সাকিব আল হাসানকে ফেয়ারওয়েল টেস্টে নিরাপত্তা দেয়ার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা। গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণে বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাহার করে নিয়েছে আদালত।

সার সংক্ষেপ

  • দেশের মাটিতে শেষ টেস্ট খেলার জন্য সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
  • সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার
  • ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছে আদালত
  • জামিনে কারামুক্ত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

সরাসরি কভারেজ

  1. জামিন পেলেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান

    আত্মসমর্পণের জন্য আদালতে যান মাহমুদুর রহমান

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।

    বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

    এর আগে গত ২৯শে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন।

    শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    একই মামলায় দণ্ডিত সাংবাদিক শফিক রেহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার দণ্ড এক বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    তাই তাদের কারাগারে যেতে হয়নি।

    তবে মাহমুদুর রহমান সাজা স্থগিতের কোনো আবেদন না করেই আদালতে আত্মসমর্পণ করায় তাকে কারাগারে যেতে হয়।

    মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ই এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার হন।

    এরপর ২০১৬ সালের নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি মালয়েশিয়ায় চলে যান।

    প্রায় সাড়ে পাঁচ বছর পর গত শুক্রবার তিনি তুরস্ক থেকে দেশে ফেরেন।

    মাহমুদুর রহমানের বিরুদ্ধে যত মামলা রয়েছে তা নিয়ে আরো জানতে ক্লিক করুন।

  2. ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত পাঁচজন

    ইসরায়েল লেবানন

    ছবির উৎস, Getty Images

    বৈরুতের কেন্দ্রে ইসরায়েলের চালানো এক বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের কর্মকর্তারা।

    বহুতল যে ভবনটিতে বিমান হামলা হয়েছে, সেটি একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল, যেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ’র আসা-যাওয়া ছিল বলে বলা হচ্ছে।

    আক্রমণের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা 'নির্ভুল' আঘাত হেনেছে।

    বৈরুতের কেন্দ্রে, বিশেষ করে লেবাননের পার্লামেন্টের কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলা এবারই প্রথম। যেখানে হামলা হয়েছে, সেই স্থানটি দেশটির পার্লামেন্ট থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত।

    এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছিলো, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য নিহত হয়েছে। ওই ঘোষণা দেওয়ার পরপরই লেবাননে এই হামলা হল।

    হেজবুল্লাহ’র বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর এটিই ছিল ইসরায়েলের প্রথম ক্ষতি।

    এই প্রথম বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালালো ইসরায়েল। তারা এর আগে মূলত দক্ষিণ বৈরুতে আক্রমণ করছিল।

    এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সায় দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

  3. ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাহার

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    ছবির উৎস, Getty Images

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছে আদালত।

    বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নেন।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে গত চৌঠা অগাস্ট ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর-এর পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেল হাইকোর্ট।

    এর ফলে ড. ইউনূসের সরকারকে ওই পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল।

    রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায়টি পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে দেখেন বেঞ্চের একজন বিচারপতি এর আগে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটির শুনানি করেছিলেন।

    কাজেই এ রায় তিনি দিতে পারেন না। ফলে আগের রায়টি প্রত্যাহার করে নেয়া হয়।

    বর্তমানে বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে।

    নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি।