আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে- পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি ক্ষমতায় গেলে আ. লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইন করে কুইক রেন্টালকে দেয়া দায়মুক্তি অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। দিনের ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • আইন করে কুইক রেন্টালকে দেয়া দায়মুক্তি অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট
  • বিএনপি ভোটে জিতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না, বলেছেন তারেক রহমান
  • হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে- পররাষ্ট্র মন্ত্রণালয়
  • আংশিক কমিটি ঘোষণার আট মাসের মাথায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা ঘটেছে

    • গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
    • বিএনপি ভোটে জিতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি'র ৩১ দফা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান।
    • গণঅভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার। সচিবালয়ে জুলাই অগাস্টে আহতদের একটি প্রতিনিধি দলের সাথে ছয় উপদেষ্টার বৈঠকে এ সিদ্ধান্ত আসে।
    • ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে দেশটির কাছে একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
    • আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।
    • কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর নয় ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. গণঅভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার, আহতদের সাথে উপদেষ্টাদের বৈঠকে সিদ্ধান্ত

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা দেশের সরকারি হাসপাতাল থেকে আজীবন বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন।

    আজ বৃহস্পতিবার সচিবালয়ে গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে সরকারের ছয়জন উপদেষ্টার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছে বাসস।

    আহতদের তালিকা করে প্রত্যেককে একটি ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখিয়ে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন তারা।

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, ‘আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত রূপরেখা দেওয়া হবে। রূপরেখায় দেওয়া টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে।’

    তিনি বলেন, যারা আহত হয়েছেন তাদের জন্য একটি সাপোর্ট সেন্টার তৈরি করা হবে। আহতদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকে তার নিষ্পত্তি করা হবে।

    এর আগে বুধবার ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা দুপুর একটা থেকে রাত প্রায় আড়াইটা পর্যন্ত, প্রায় সাড়ে ১৩ ঘণ্টা হাসপাতাল থেকে বিছানাপত্র এনে সড়কে অবস্থান করেছিলেন।

    বিক্ষোভকারীদের কেউ কেউ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে স্লোগানও দেন।

    তাদের অভিযোগ, সরকার থেকে আন্দোলনে আহত সবাইকে সুচিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হলেও, চিকিৎসা হচ্ছে না। ফলে তাদের মাঝে ক্ষোভ তৈরি হয়।

    আহতদের অভিযোগ নিয়ে কথা বলতে তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন সরকারের ছয় উপদেষ্টা।

  3. নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর কার্যালয়

    গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

    বৃহস্পতিবার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

    এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে নুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং উসকানিমূলক কিছু অভিযোগ করেন।

    "তার এসব মিথ্যা অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নুরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটরের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে," উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

  4. কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয়- আসিফ নজরুল

    বাংলাদেশে কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এ দেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়।

    ভবিষ্যতে কেউ যেন আর এমন সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন মি. নজরুল।

    বৃহস্পতিবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই।

    আর কোনো দেশ যাতে ভবিষ্যতে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, বলেন তিনি।

  5. ডেঙ্গুতে আরো পাঁচ মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।

    আজ বৃহস্পতিবার রাতে ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ৭৭ হাজার ১২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্য থেকে সাড়ে ৭২ হাজার রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আর বছর জুড়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

    বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৬৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে।

  6. ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    আংশিক কমিটি ঘোষণার আট মাসের মাথায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

    ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সদস্য সংখ্যা ২৪২।

    বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত তালিকা সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

    গত পহেলা মার্চ গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

  7. শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, গণনা চলছে

    শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয় ভোট গ্রহণ।

    এরপর পোস্টাল ভোট গণনার মধ্য দিয়ে গণনা কার্যক্রম শুরু হয়।

    রয়টার্স জানিয়েছে, আসন সংখ্যা বাড়িয়ে সংসদে নিজের দলের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে আগাম নির্বাচন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আনুড়া কুমারা দিশানায়েকে।

    পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি সিনহালা জানাচ্ছে, সাধারণ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬০ থেকে ৬৫ শতাংশ।

    বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ আনুষ্ঠানিক ফলাফল আসতে শুরু করবে।

    নির্বাচনে দায়িত্ব পালনকালে তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।

    এর বাইরে সারাদিন পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

  8. বিএনপি ক্ষমতায় গেলে আ. লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না- তারেক রহমান

    বিএনপি ভোটে জিতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার বিএনপি'র ৩১ দফা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান।

    মি. রহমান বলেন, "সংস্কার বলতে বুঝি সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।"

    বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই বিএনপি'র ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

    ৩১ দফা সংক্রান্ত আলোচনার পাশাপাশি দলটি ক্ষমতায় গেলে কী কী করবে সেসব বিষয়ে কথা বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

  9. গণঅভ্যুত্থানে আহতদের সাথে উপদেষ্টাদের বৈঠক

    সচিবালয়ে জুলাই অগাস্টে আহতদের একটি প্রতিনিধি দলের সাথে ছয় উপদেষ্টা বৈঠকে করেছেন।

    স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান বৈঠকে উপস্থিত আছেন।

    বুধবার ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা দুপুর একটা থেকে রাত প্রায় আড়াইটা পর্যন্ত, প্রায় সাড়ে ১৩ ঘণ্টা হাসপাতাল থেকে বিছানাপত্র এনে সড়কে অবস্থান করেছিলেন।

    বিক্ষোভকারীদের কেউ কেউ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে স্লোগানও দিয়েছেন।

    সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো যে আন্দোলনে আহত সবাইকে সুচিকিৎসা দেওয়া হবে। কিন্তু অভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীনদের বড় অভিযোগই হলো— চিকিৎসা হচ্ছে না।

    কেন এমন অভিযোগ উঠছে? আহতের মাঝে ক্ষোভের জায়গাগুলো আসলে কী কী?

  10. হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

    ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে দেশটির কাছে একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

    তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার ও দেশটির সরকারকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না বাংলাদেশ।

    দুই দেশের 'ঐতিহাসিক সম্পর্কের জন্য' তাকে এ ধরনের বক্তব্য থেকে বিরত রাখা জরুরি বলেও প্রতিবেশীদের জানানো হয়েছে, বলেন মি. হাসান।

    আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভিসা ইস্যুতে ভারতীয় কর্তৃপক্ষকে জানানোর পর, তারা জানিয়েছেন জনবল সংকটের কারণে ভিসা প্রাপ্তির জটিলতা দূর করা এখনই সম্ভব হচ্ছে না।

    পাঁচই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর ১০০ দিন পেরিয়ে গেছে।

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান বিষয়ে পড়তে পারেন বিবিসি বাংলার প্রতিবেদন - ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন, সামনেই বা কী?

  11. হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

    কারাগারে পাঠানো হয়েছে হাজী মোহাম্মদ সেলিমের ছেলে এবং ঢাকা-সাত আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে।

    তার রিমান্ড শুনানির জন্য আগামি ২৭শে নভেম্বর দিন ধার্য করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত।

    পাঁচই অগাস্ট চকবাজারে গুলিতে রাকিব হাওলাদার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মি. সেলিমকে আদালতে হাজির করা হয়। ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

    তবে মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আদালত রিমান্ড শুনানির তারিখ ধার্য করে।

    বুধবার রাতে ঢাকার গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

  12. বান্দরবানে 'কেএনএফ-এর আস্তানায়' সেনাবাহিনীর অভিযান

    বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর 'আস্তানায়' অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

    রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে।

    আইএসপিআর জানায়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাসদস্যরা।

    ২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ

    সেসময় সামাজিক মাধ্যম ফেসবুকে দুই পার্বত্য জেলা রাঙামাটি এবং বান্দরবানের মোট নয়টি উপজেলার সমন্বয়ে ‘স্বশাসিত বা স্বায়ত্তশাসন ক্ষমতা-সহ’ পৃথক রাজ্যের দাবি তোলে তারা।

    তবে, এক পর্যায়ে তাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠলে র‍্যাব তা বন্ধে বড় ধরনের অভিযান চালায়।

    গত নভেম্বর থেকে সরাসরি শান্তি আলোচনায় অংশ নিচ্ছিলো কেএনএফ।

    এরপর চলতি বছর ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংক ম্যানেজার অপহরণ ও অস্ত্র লুটের ঘটনায় নতুন করে আলোচনায় আসে সংগঠনটি।

  13. নিজেই বাজার করি, চাপে আছি: খাদ্য উপদেষ্টা

    উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

    বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেছেন, "আমি নিজেই বাজার করি, চাপে আছি।"

    তবে, নতুন ধান ও সবজির সরবরাহ বাড়তে শুরু করলে বাজারে স্বস্তি ফিরে আসবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন মি. মজুমদার।

    আগামী রোববার থেকে সরকার এবারের আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

    উপদেষ্টা জানান, ধানের দাম কেজি প্রতি তিন টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা করা হয়েছে।

    আর, সংগ্রহের জন্য চালের দর ধরা হয়েছে ৪৭ টাকা ।

  14. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’

    আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার অভিযোগে জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

    তাকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফিরতে বলা হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ৭ই নভেম্বর জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার জন্য জেনেভা বিমানবন্দরে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    সেসময় তিনি দূতাবাসের প্রোটোকলে ছিলেন। বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে নানা ধরণের প্রশ্ন করতে থাকেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

    সেখানে দেখা যায় আসিফ নজরুল একাই তাদের শান্ত করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন। তার সঙ্গে জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান থাকলেও দুজনই চুপ ছিলেন।

    তাদের এমন নির্লিপ্ত ভূমিকার কারণে মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজের পাশাপাশি মিজানকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। ঘটনার দিন আসিফ নজরুল তাদের এমন নির্লিপ্ততার কারণ জানতে চাইলে কামরুল ইসলাম বলেছিলেন, আপনি কথা বলছিলেন, তাই আমি চুপ ছিলাম।

    পরে বুধবার মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি একটি পরিপত্র পাঠানো হয়েছে। সেখানে মিশনগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরের সময় দুটি বিষয়ে সচেষ্ট থাকতে বলা হয়েছে।

    প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ প্রটোকল দেয়া বাংলাদেশের মিশনগুলোর বিশেষ দায়িত্ব। এ দায়িত্ব পালনে শৈথিল্যের কোনো সুযোগ নেই।

    দ্বিতীয়ত, বিদেশি মিশনগুলোকে এ ধরনের সফর শুরুর আগেই সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সফরের সময় যেকোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে আরও সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয়েছে।

  15. আরিচায় ড্রেজার পাইপের ফ্লোটারে আগুন

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেইজ অফিসের সামনে রাখা ড্রেজিং মেশিনের পাইপ ভাসিয়ে রাখার ফ্লোটারগুলোতে আগুন লেগেছে।

    বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের পাশে যমুনা নদীর তীরে রাখা ড্রেজার পাইপের বয়ায় আগুন লাগার ঘটনা ঘটে। বাতাসে আগুন ছড়াতে থাকায় ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    পরে সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, আগুনে ২৫ থেকে ৩০টি ড্রেজিংয়ের ফ্লোটার পুড়ে গিয়েছে। বলে জানা গেছে। তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি।

    নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত বয়া ব্যবহার করা হয়। যেগুলোর একেকটি ছয় থেকে সাত ফুট উঁচু এবং চার থেকে পাঁচ ফুট চওড়া।

    এই পাইপগুলোর মাঝের ছিদ্র দিয়ে ড্রেজিং পাইপ বসানো হয়।

    চলতি জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বেশকিছু পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকার জেগে ওঠা চরে রাখা হয়।

    তবে পাইপ পাহারা দেওয়ার জন্য সংস্থার কোনো লোক নিযুক্ত ছিল না বলে অভিযোগ রয়েছে।

  16. হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

    হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে কতোয়ালী খানা পুলিশ। বুধবার রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়।

    পরে চকবাজার থানায় হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বুধবার রাতেই কতোয়ালী খানা পুলিশ তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেখান থেকে তাকে আদালতের হাজতে পাঠানো হয়।

    চকবাজার থানার ওসি রেজাউল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

    চকবাজার থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

    সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

    একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তার বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন।

  17. তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যে মন্তব্য করলেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প বুধবার রিপাবলিকান হাউস সদস্যদের সাথে দেখা করে প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে একটি মন্তব্য করেছেন।

    তিনি বলেছেন, "আমার ধারণা আমি আরেক মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না- যদি না আপনারা আমাকে নিয়ে বলেন যে, “তিনি ভাল, আমাদের অন্য কিছু ভাবতে হবে,”।

    তার এই মন্তব্য উপস্থিত সবার মধ্যে হাস্যরস তৈরি করে।

    মার্কিন সংবিধানে একজন প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোন বিধান নেই।

    হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারম্যান টম কোল বলেছেন, "আমার মনে হয় তিনি একটু মজা করছেন"।

    "এটিই তার শেষ মেয়াদ, যদি না এ সংক্রান্ত সাংবিধানে কোন পরিবর্তন আসে। এবং সংবিধান পরিবর্তনে তিন-চতুর্থাংশ রাজ্য এবং কংগ্রেস দুই-তৃতীয়াংশের সম্মতি প্রয়োজন।, "তাই এমনটা ঘটার কোন সম্ভাবনা নেই।"

    নিউইয়র্কের ডেমোক্র্যাট ড্যানিয়েল গোল্ডম্যান ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, তৃতীয় মেয়াদের জন্য চেষ্টা করাও হবে "স্পষ্টভাবে অসাংবিধানিক"।

  18. আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, পাঁচ লাখ টাকা অনুদান

    জুলাই অগাস্টে কোটা এবং সরকার বিরোধী আন্দোলনে আহতদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপি নেতারা।

    বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন।

    এ সময় চিকিৎসকরা আহতদের ব্যাপারে বিএনপি নেতাদের অবহিত করেন।

    বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

    পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতরা চিকিৎসা পেলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি।

    "বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।"

    তিনি বলেন, "আহতদের পরিস্থিতি এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আজকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদেরকে সহযোগিতা করা হয়েছে।"

    এদিকে বৃহস্পতিবার দুপুরে আহত আন্দোলনকারীদের সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে।

  19. কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ: হাইকোর্টের রায়

    কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর নয় ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।

    রায়ে আদালত বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। এটি সংবিধান পরিপন্থী।

    বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।

    গত দোসরা সেপ্টেম্বর আইনটির নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সেই রুলের ওপর বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় দেয়।

    এর আগে, কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ছয় এর দুই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। রিটে বলা হয়, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অস্বাভাবিক খরচ আর অনিয়মের কারণেই বারবার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। অথচ সেই অনিয়মকে বৈধতা দেয়ার জন্য আইন করা হয়েছে। ভবিষ্যতে এসব অনিয়মের কোনো বিচারও চাওয়া যাবে না—এটা জনস্বার্থবিরোধী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

    আইনটির ছয়-এর ধারায় বলা আছে, জ্বালানিমন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আলাপ-আলোচনা করে তার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি সই করতে পারবেন। এখানে মন্ত্রীর একক বিবেচনায় যাকে ইচ্ছা, যত টাকায় ইচ্ছা চুক্তি করার ক্ষমতা দেয়া হয়েছে।

    অন্নযদিকে নয় ম্বর ধারায় বলা আছে, কাকে চুক্তি দেয়া হয়েছে, কত টাকার চুক্তি করা হচ্ছে, এসব ব্যাপারে প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হওয়া যাবে না।

    দুটি ধারাই সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করে এই আইনজীবী অভিযোগ করেন, ধারা দুটির অপব্যবহারের ফলে বিগত সরকারের আমলে কুইক রেন্টালের পাওয়ার প্ল্যান্টের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে।

  20. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। বাংলাদেশ এবং বিশ্বে ঘটা আজকের সব ঘটনার সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসির এই লাইভ পাতায়। রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় অন্যান্য খবর জানতে ক্লিক করুন এখানে