ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে দল পাঠাবে জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক একাধিক মন্ত্রীর বিরুদ্ধে বুধবারও কয়েকটি মামলা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবারের লাইভ পেজ- https://bbc.com.im/bengali/live/czxln5x1q2lt%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/div%3E%3Cdiv class="css-tgg0xr">

সার সংক্ষেপ

  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ
  • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের বিরুদ্ধে আরো মামলা
  • এনবিআর চেয়ারম্যান সহ ১০ সচিবের নিয়োগ বাতিল
  • বিচার বিভাগের সকলকে ১০ কর্ম দিবসের মাঝে সম্পদের হিসাব দিতে হবে
  • জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা

সরাসরি কভারেজ

  1. শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা জাহাঙ্গীর কবির আটক

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ।

    বুধবার ভোর পৌনে ৬টার দিকে বরগুনার আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান এদিন সকাল ১০টার দিকে বিবিসি বাংলাকে জানান, “ ঢাকা থেকে পিবিআই এর টিম এসে তাকে আটক করেছে।”

    মি. কবিরকে আটক করার ক্ষেত্রে বরগুনা “থানা-পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে” উল্লেখ করে তিনি আরও বলেন, “ওনাকে (জাহাঙ্গীর কবির) ঢাকায় নিয়ে গেছে হয়তো।”

    কী কারণে ওই আ’লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর সাথে ওনার কথোপকথনের একটা ভিডিও ভাইরাল হয়েছে কাল। হয়তো সে কারণে, এটা আমার ধারণা।”

    গত ১২ই অগাস্ট ওই নিজ বাড়িতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মি. রহমানের মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত মানুষজন শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে “মনে সাহস” রাখতে বলেন।

    শেখ হাসিনার সাথে কথা বলার বিষয়টি মঙ্গলবার বিবিসি বাংলাকে নিশ্চিত করেন মি. কবির।

  2. ১৫ অগাস্ট ঘিরে উদ্বেগ

    বাংলাদেশে পনেরোই অগাস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে।

    এতদিন জাতীয় শোক দিবস ১৫ই অগাস্টের যে সরকারি ছুটি ছিল মঙ্গলবার সেটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে ঢাকার ধানমণ্ডিতে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ।

    অন্যদিকে, দলটি যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

    দু’পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে দেশে আবারও সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।

    এমন একটি সময় এসব ঘটনা ঘটছে, যখন নিজেদের বিতর্কিত ভূমিকার কারণে হামলার শিকার হয়ে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পুলিশ বাহিনী।

    ফলে সহিংস পরিস্থিতি তৈরি হলে সেটি মোকাবেলা করা বর্তমান সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা

    ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

    শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে এ দিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। পরে ২০০২ সালে বিএনপি -জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এ সিদ্ধান্ত বাতিল করা হয়।

    পরে ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হাইকোর্টের এক আদেশে দিবসটিকে আবার পুনর্বহাল করা হয়।

  3. চাঁদাবাজির অভিযোগের বিষয়ে যা বললেন সমন্বয়করা

    অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে।

    যারা এসব কাজ করছেন, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

    “আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচার নিশ্চিত করবো,” মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া একটি ভিডিওবার্তায় বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    তিনি আরও বলেন, “সমন্বয়ক বা সহ-সমন্বয়ক এগুলো স্বেচ্ছাসেবক। তারা কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারেন না, এই জায়গাটা খুবই স্পষ্ট।”

    বাংলাদেশে কোথাও নতুন করে সমন্বয়ক বা সহ-সমন্বয়ক ঘোষণা করা হচ্ছে না বলেও জানিয়েছেন মি. আবদুল্লাহ।

    “বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ-সমন্বয়ক কোনো কমিটি দিচ্ছি না। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই,” বলেন তিনি।

    অন্যদিকে, সমন্বয়ক পরিচয়ে কেউ একদলীয় শাসন কায়েম করতে চাইলে তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

    “ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সমন্বয়কদের নাম ভাঙিয়ে কেউ যদি বাকশাল কায়েম করতে চায়, তাদের চিনে রাখুন, বয়কট করুন। তারা আমাদের কেউ নয়,” নিজের এক ফেসবুক পোস্টে লিখেছেন মি. আলম।

  4. প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন সাংবাদিক শফিকুল আলম

    বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শফিকুল আলম।

    তিনি প্যারিসভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা ‘এজেন্সি ফ্রান্স-প্রেসে’র (এএফপি) বাংলাদেশ ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    সচিব পদমর্যাদার নতুন দায়িত্বে মি. আলমের নিয়োগটি চুক্তিভিত্তিক বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রধান উপদেষ্টার মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত তিনি প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    প্রধান উপদেষ্টা চাইলে আরও আগেও চুক্তিভিত্তিক এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে জানানো হয়েছে।

    এদিকে, প্রেস সচিব হওয়ার পর এএফপি থেকে অবসর নিয়েছেন মি. আলম।

    এর মাধ্যমে বার্তাসংস্থাটির সঙ্গে প্রায় ২০ বছরের যাত্রার ইতি ঘটলো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।