শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, আইসিসিতে যাওয়ার কথাও 'ভাবা হচ্ছে'

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকার এবার গণভোট আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার; এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কি না সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
    • অন্তর্বর্তী সরকার এবার গণভোট আইন করতে যাচ্ছে এবং আগামী তিন বা চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে বলেও জানিয়েছেন আসিফ নজরুল।
    • ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে এ কথা লিখেছেন ট্রাম্প।
    • বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় একটি গানের আসরে ধর্ম নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে করা মামলায় একজন বাউল শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ।
    • ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আরো চারজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ।
    • ভারতের কাছে ৯২ দশমিক আট মিলিয়ন ডলার (৯ কোটি ডলারের বেশি) মূল্যের অস্ত্র বিক্রি সংক্রান্ত দুটি চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
    • সাইবার নিরাপত্তা, ভুল তথ্য এবং অপপ্রচার মোকাবিলায় কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
    • শেয়ার বাজার কারসাজি, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ আসামিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
    • ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন।
    • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে বলা হয়েছে ঠিক সেই প্রক্রিয়ায় প্রবর্তণ করতে হবে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    অন্যান্য খবর পড়ার জন্য বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।

  2. জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের দাবি এনসিপির

    সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারের আমলে দেওয়া 'কলঙ্কজনক' রায় থেকে দেশের বিচার বিভাগ ও জাতি মুক্তি লাভ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। এই রায়কে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

    এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

    মি. হোসেন বলেন, “এর মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে দেওয়া কলঙ্কজনক রায় থেকে দেশের বিচার বিভাগ ও জাতি মুক্তি লাভ করেছে। ঐকমত্য কমিশনে আমরা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল একমত হয়েছিলাম, দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। জুলাই সনদে এ ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে”।

    কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীর মতো হবে নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে গঠিত হবে সে প্রশ্নটি রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

    “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয় বরং জুলাই সনদে যেভাবে প্রবর্তনের কথা বলা হয়েছে ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে,” বলেন মি. হোসেন।

  3. মানিকগঞ্জে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বাউল শিল্পী গ্রেফতার

    বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় একটি গানের আসরে ধর্ম নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে করা মামলায় একজন বাউল শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঘিওর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কোহিনূর মিয়া বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, “আজ সকালে ১২টার দিকে আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ও অবমাননা করার জন্য একটি মামলা রুজু করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরেই কোর্টে চালান দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে”।

  4. ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

    কয়েকটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভারতের কাছে অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন

    ভারতের কাছে ৯২ দশমিক আট মিলিয়ন ডলার (৯ কোটি ডলারের বেশি) মূল্যের অস্ত্র বিক্রি সংক্রান্ত দুটি চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

    এসব অস্ত্রের মধ্যে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের নয় মাস পর এই সিদ্ধান্ত এলো। ওই বৈঠকে দুই নেতাই 'প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নেওয়ার' প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর ফলে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় অক্টোবরে।

    ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের তৈরি আরো অস্ত্র কেনার আহ্বান জানিয়েছেন।

    যদিও রাশিয়া ভারতের অস্ত্র সরবরাহের শীর্ষ উৎস, তবুও ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে এই হার ৬২ শতাংশ থেকে কমে ৩৪ শতাংশ হয়েছে।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য থেকে বেড়ে ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    যেটি কিনা রাশিয়া ও ফ্রান্সের পরে যুক্তরাষ্ট্রকে তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী করে তুলেছে।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি(ডিএসসিএ) জানিয়েছে, অস্ত্রগুলো “ভারতের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াবে”।

  5. দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আরো চারজন গ্রেফতার

    বিস্ফোরণস্থলে পড়ে আছে পোড়া কয়েকটি গাড়ি, পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

    ছবির উৎস, Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, দিল্লির লাল কেল্লার কাছে ১০ নভেম্বর বিস্ফোরণ হয়

    ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আরো চারজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া তথ্যে সংস্থাটি লিখেছে, “এর ফলে দিল্লি বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে”।

    এনআইএ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার চিকিৎসক মুজাম্মিল শাকিল গনাই, আনন্তনাগের ডা. আদিল আহমেদ রাথার, উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের ডা. শাহিন সাঈদ এবং জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের মুফতি ইরফান আহমেদ ওয়াগায়।

    সংস্থাটি জানিয়েছে, তাদের তদন্ত অনুযায়ী “এই ব্যক্তিরা সন্ত্রাসী হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন”।

    ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চারজন অভিযুক্তকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ আদালতে হাজির করা হয়, যেখানে তাদের ১০ দিনের হেফাজতে পাঠানো হয়েছে।

    এর আগে এনআইএ আরো দুই জনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে একজন রাশিদ আলি, যার নামে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি নিবন্ধিত ছিল এবং অন্যজন জাসির বিলাল ওয়ানি, যিনি প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগে অভিযুক্ত।

    এনআইএ জানিয়েছে, দিল্লি বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

  6. সাইবার নিরাপত্তা, ভুল তথ্য ও অপপ্রচার মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

    দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

    সাইবার নিরাপত্তা, ভুল তথ্য এবং অপপ্রচার মোকাবেলায় কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

    আজ বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে এ আহ্বান জানান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

    সাইবার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে, সাইবার অপরাধের হুমকি আমাদের সব দেশকে প্রভাবিত করছে। সাইবার নিরাপত্তা বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা। সম্প্রতি আমরা ভুল তথ্য এবং বিভ্রান্তির আক্রমণ মোকাবিলা করছি”।

    বাংলাদেশ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের নিন্দা করে আসছে উল্লেখ করে মি. রহমান বলেন, “যেকোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদের সকল রূপের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে”।

    ভারত মহাসাগরীয় অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

    এর আগে বুধবার খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন এবং মি. ডোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

  7. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি নিচে পড়ে একজন নিহত

    বাংলাদেশের চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে নিচের সড়কে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে নগরের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচের সড়কে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

    বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল।

    “এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান,” বলেন তিনি।

    গাড়িটি বেপরোয়া গতিতে চলছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

  8. সাকিব আল হাসানসহ ১৫ জনকে তলব করেছে দুদক

    সাকিব আল হাসান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, ফাইল ছবি

    শেয়ার বাজার কারসাজি, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ আসামিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

    আগামী ২৫ ও ২৬ শে নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    দুদক জানায়, মামলার তদন্ত অগ্রগতির অংশ হিসেবে ১৫ জন আসামিকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে।

    এ তালিকার দুই নম্বর আসামি সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আগামী ২৬শে নভেম্বর সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

    দুদকের এজাহার অনুযায়ী, আসামি আবুল খায়ের অবৈধ উদ্দেশ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৭ ধারা লঙ্ঘন করে নিজের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টসমূহে অসাধু উপায়ে ‘সিরিজ ট্রানজেকশন’, প্রতারণামূলক ‘অ্যাক্টিভ ট্রেডিং’ ও ‘গ্যাম্বলিং স্পেকুলেশন’-এর মাধ্যমে বাজার কারসাজি করে শেয়ার দর কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন।

    এতে বিনিয়োগকারীদের মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ দুদকের।

    উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

  9. তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

    ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

    ছবির উৎস, COLLECTED/ BSS

    ছবির ক্যাপশান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন

    ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা।

    আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে এ খবর প্রকাশ করা হয়েছে।

    পররাষ্ট্র সচিব জানান, ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তিনি সোমবার ঢাকা ত্যাগ করবেন।

    সফরকালে শেরিং তোবগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

    প্রধান উপদেষ্টা চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তোবগে তখনই তা আন্তরিকভাবে গ্রহণ করেন বলেও জানান মি. সিয়াম।

  10. শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

    শেখ হাসিনার ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনাকে ফেরাত পাঠাতে ভারততে চিঠি লিখছে অন্তর্বর্তী সরকার

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার; আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    মি. নজরুল বলেন, "মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি"।

    একইসাথে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

    "পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিকটেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি," বলেন মি. নজরুল।

    দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কি না সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান আইন উপদেষ্টা।

    "একইসাথে কনভিকটেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনোরকম অ্যাপ্রোচ করতে পারি না সেটা বিচার-বিবেচনা জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেব" বলেন মি. নজরুল।

  11. ‘বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গার বোঝা বহন করতে পারছে না’

    নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সভায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য বক্তব্য রাখেন

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সভায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য বক্তব্য রাখেন

    মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে।

    এই প্রস্তাবে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

    অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ১০৫টি দেশ এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

    খবরে বলা হয়, ২০১৭ সাল থেকে প্রতি বছরই প্রস্তাবটি গ্রহণ করা হচ্ছে। এতে রাখাইন রাজ্যে মানবাধিকারের লাগাতার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন, মানবিক সহায়তা প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ এবং বাংলাদেশে ও প্রতিবেশী দেশগুলোতে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    এই প্রস্তাবে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়েছে।

    প্রস্তাব গৃহীত হওয়ার পর, বাংলাদেশ প্রতিনিধিদল হতাশা প্রকাশ করে যে গত আট বছরে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর প্রত্যাবাসনের জন্য কোনো কার্যকর অগ্রগতি হয়নি।

    প্রতিনিধিদল জোর দিয়ে বলেছে যে বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা বহন করতে পারছে না। তাই তারা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

  12. ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের ক্ষমতা পেতে যাচ্ছেন প্রধান বিচারপতি

    হাইকোর্ট, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাইকোর্ট, ফাইল ছবি

    বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    তিনি জানান, "অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ গঠন হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটির বিষয়াদি সবকিছু উচ্চ আদালতের মাধ্যমে পরিচালিত হবে। সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না"।

    উচ্চ আদালত ও নিম্ন আদালতের আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষমতা দেওয়া হবে প্রধান বিচারপতিকে বলেন মি. নজরুল।

    তিনি জানান, "সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি ৫০ কোটি টাকা বা তার কম হয় সেক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন। এটা আর কারোর অনুমোদনের প্রয়োজন হবে না"।

    "৫০ কোটি টাকার বেশি হলে তখন প্রধান বিচারপতি পরিকল্পনা কমিশনের মাধ্যমে এটা একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে" বলেন মি. নজরুল।

    এটা প্রধান বিচারপতির আর্থিক স্বাধীনতার একটা দিক বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা।

  13. গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি: আসিফ নজরুল

    অন্তর্বর্তী সরকার এবার গণভোট আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    তিনি বলেন, "গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই উইকে (এ সপ্তাহে) করে ফেলবো। ধরেন আগামী তিন বা চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে"।

    ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

    প্রসঙ্গত, গত ১৩ই নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

    এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় বলেছেন, গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি; কীভাবে গণভোট হবে—সেই আইন হলে নির্বাচন কমিশরে একটা দায়বদ্ধতা আসবে।

  14. দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না: অ্যাটর্নি জেনারেল

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, তাতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছিল- বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    আজ সকালে রায় হওয়ার পরে এগারোটায় সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। এ রকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু বলে আমরা মনে করি।”

    এছাড়া দেশের বিচার ব্যবস্থা নিয়ে করা প্রশ্নের উত্তরে মি. আসাদুজ্জামান বলেন, "কোন রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, আর কোন রায় আইনি ব্যাখ্যায় দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে, তা জাতি বিবেচনা করবে"।

  15. জোহরান মামদানিকে দেখা করার জন্য সময় দিলেন ডোনাল্ড ট্রাম্প

    ডোনসাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ডোনসাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।

    নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে এ কথা লিখেছেন ট্রাম্প।

    তিনি লিখেছেন, “নিউইয়র্কের কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি দেখা করতে চেয়েছেন। এই বৈঠকটি ২১শে নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছি আমরা। বিস্তারিত পরে জানানো হবে!”

    নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগে জোহরান মামদানিকে ভোট না দিতে ভোটারদের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। একইসাথে জোহরান মেয়র নির্বাচিত হলে সেখানকার তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

    জয়লাভের পর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ক্যামেরায় তার ভিডিও বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

    তিনি বলেছিলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য যে কথাটি বলতে চাই আমি- ভলিউম বাড়িয়ে দিন।”

    মামদানির জয়ের পরদিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “মানুষ নিউইয়র্ক থেকে পালিয়ে যাবে”।

  16. গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৭ জন নিহত, ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘনের অভিযোগ হামাস-ইসরায়েল দুই পক্ষেরই

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত একজন ব্যক্তির স্বজনরা কাঁদছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজায় বুধবার ইসরায়েলি হামলায় নিহত একজন ব্যক্তির স্বজনরা কাঁদছেন

    ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছে।

    সংস্থার মুখপাত্র মাহমুদ বিসসাল বার্তাসংস্থা এএফপিকে জানান, গাজা শহরের পূর্বদিকে জাইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে তিন জন নারী ও ছয়টি শিশুসহ ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শুজাইয়া এলাকায় দুটি হামলায় আরও দুইজন নিহত হয়েছে।

    তিনি আরও জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বোমা হামলায় চারটি শিশু ও চারজন নারীসহ ১৩ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে।

    তবেইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, খান ইউনিসে তাদের বাহিনী যেখানে অবস্থান করছে সেই এলাকায় বন্দুকধারীরা গুলি চালানোর পর তারা গাজা উপত্যকায় ‘হামাসের লক্ষ্যবস্তুতে’ গোলাবর্ষণ শুরু করেছে।

    সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এটি ‘যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন’ এবং এর জবাবে তারা গাজা উপত্যকায় হামাসের ‘সন্ত্রাসী অবস্থানগুলোতে’ হামলা চালিয়েছে।

    হামাস ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং যুদ্ধ পুনরায় শুরু করার অভিযোগ তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে।

    হামাস যুক্তরাষ্ট্র প্রশাসনকে তাদের ঘোষিত প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে বলেছে, ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে এবং যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য অবিলম্বে ও কার্যকর চাপ প্রয়োগ করতে হবে।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে